জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রকাশের পর তা নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা স্পষ্টভাবে ধরা পড়েছে। দীর্ঘ প্রায় ১৪ মাসের অক্লান্ত পরিশ্রমের পর গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা তাদের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে হস্তান্তরের পর দেশের রাজনৈতিক পক্ষগুলোর প্রধান অংশীদার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাহউদ্দিন আহমদ হতাশা ও বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁদের স্বাক্ষরিত জুলাই সনদের সাথে চূড়ান্ত সুপারিশের মধ্যে গড়মিলের অভিযোগ তুলে তিনি জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের পক্ষপাতিত্বেরও অভিযোগ তুলেছেন।

বিশেষত জুলাই সনদের যেসব ধারায় বিএনপির পক্ষ থেকে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছিল সেসব বিষয় চূড়ান্ত সুপারিশে উল্লেখ না থাকা এবং জোটবদ্ধ দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা সংক্রান্ত নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের সিদ্ধান্তকে একটি বিশেষ দলের এজেন্ডা বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ। সালাহউদ্দিন আহমদের এমন অভিযোগের পর সরকার বা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এতে বোঝা যাচ্ছে, তার অভিযোগ অমূলক নয়। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য বা সর্বসম্মত অবস্থান নিয়ে শুরুতেই বিতর্ক সৃষ্টির পেছনে ড. আলী রীয়াজের পক্ষপাতিত্ব ও অস্বচ্ছতা পুরো জুলাই সনদকেই চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন।

পত্রিকান্তরে প্রকাশিত এক মতামত কলামে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রস্তাবিত গণভোট দেশে সংকট সৃষ্টি করতে পারে। তাঁর মতে, ঐকমত্য কমিশনের সুপারিশমতো সরকার গণভোটের আয়োজন করতে গেলে অনিবার্যভাবেই দেশে রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। এসব আশঙ্কাকে অগ্রাহ্য করে শেষ মুহূর্তে এসে জুলাই সনদে গণভোটের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার কারণে উদ্ভূত পরিস্থিতি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনকেই অনিশ্চিত করে তুলতে পারে। এ বিশ্লেষণে খুব সাংঘাতিক বাস্তবতা ও আশঙ্কার ইঙ্গিত রয়েছে। এ ধরনের বাস্তবতা শুধু জুলাই সনদই নয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের অর্জন ও স্পিরিটকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনিতেই অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক-অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় অনেকটাই ব্যর্থ হয়েছে। দেশের মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিয়ে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য মুখিয়ে আছে। অন্যদিকে পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সেখানে ঐকমত্য কমিশনের রাজনৈতিক পক্ষপাতমূলক এজেন্ডা বাস্তবায়নের সুপারিশ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের রাজনৈতিক এজেন্ডার অংশ। ঐকমত্য কমিশনের সভাপতি ও চূড়ান্ত সুপারিশে স্বাক্ষরদাতা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস তথা অন্তর্বর্তী সরকারও জামায়াতের এজেন্ডা অনুসারে কাজ করছে, এমন অভিযোগ উড়িয়ে দেয়ার কোনো সুযোগ নেই।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে। মূলত এই প্রত্যাশা সামনে রেখেই রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করেছিল এবং অনেকগুলো বিষয়ে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছিল। কিন্তু ঐকমত্য কমিশন মেয়াদের শেষপ্রান্তে এসে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশে বিএনপির দেয়া নোট অব ডিসেন্টকে অগ্রাহ্য করে গণভোটের সিদ্ধান্ত নেয়ায় দলটির হতাশ ও বিক্ষুব্ধ প্রতিক্রিয়া এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে থাকা ড. আলী রীয়াজসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে বিদেশি পাসপোর্টধারী নাগরিক, এনজিও প্রতিনিধিদের আধিক্য নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ও জল্পনা ছিল।

সরকার ঘোষিত নির্বাচনের টাইমলাইন অনুসারে আদতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়েও সন্দেহ-অবিশ্বাস এখনো পুরোপুরি দূর হয়নি। এবার জুলাই সনদের চূড়ান্ত সুপারিশ নিয়ে অস্বচ্ছতা ঐকমত্য কমিশনের লুকোচুরি বা অস্বচ্ছতা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্যতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করছে। এনসিপিসহ কতিপয় রাজনৈতিক দল এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নেও তারা এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে। এহেন বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ ও আরপিও সংশোধনে বিতর্কিত এজেন্ডা বাস্তবায়নের তৎপরতা অন্তর্বর্তী সরকার ও এনসিপির পাতানো খেলা কিনা এমন প্রশ্নও দেখা দিয়েছে।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, জাতীয় ঐক্য ও জুলাই সনদের সার্বজনীন আকাক্সক্ষাকে পদদলিত করে জাতীয় ঐকমত্য কমিশন বিএনপিকে অগ্রাহ্য করে জামায়াত-এনসিপির এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে সরকার বা কোনো কমিশনের যে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ পুরো প্রক্রিয়াকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। দেশ এক জটিল ক্রান্তিকাল অতিক্রম করছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো গর্হিত অস্বচ্ছতা কিংবা পক্ষপাতিত্বমূলক অবস্থানের দায় ড. আলী রীয়াজের পাশাপাশি ড. ইউনূসও এড়াতে পারেন না। প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার কথা বলেছেন। আমরা আশা করব, আলোচনার মাধ্যমে মতপার্থক্য ও বিভেদের আশঙ্কা দূর করা সম্ভব। যে কোনো অসঙ্গতি, গড়মিল ও অস্বচ্ছতা দূর করে জুলাই সনদ বাস্তবায়নসহ সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে অবাধ জাতীয় নির্বাচনের পথ সুগম করতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই বিতর্কিত সিদ্ধান্ত ও ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে।