এ যেন রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র। চট্টগ্রাম শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে সীতাকু- উপজেলায় ৩ হাজার ১০০ একর এলাকায় ৩৭টি পাহাড়, ৮টি টিলা এবং ৫০ হাজার জনসংখ্যা নিয়ে গঠিত জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভেতরে থেকে আরেকটি রাষ্ট্র হয়েছিল। এ রাষ্ট্রের নিয়ন্ত্রক ভয়ংকর সব সন্ত্রাসী। আইনশৃঙ্খলা বাহিনী যেন এদের কাছে অসহায়। গত প্রায় চার দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনী এর নিয়ন্ত্রণ নিতে পারেনি। অভিযান চালাতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে ফিরে এসেছে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিহত হন র‌্যাব-৭ এর ডিএডি নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। জঙ্গল সলিমপুর এমনই এক এলাকা, যা সন্ত্রাসীরা নিজেদের মতো করে নিরাপত্তা বলয় তৈরি করে নিয়েছে। এলাকার বিভিন্ন স্থানে গড়ে তুলেছে অবৈধ অস্ত্র কারখানা। এসব কারখানায় তৈরি অস্ত্র দেশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয়। পুরো এলাকা সিসিটিভির আওতায় এবং নিজস্ব গোয়েন্দা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই এলাকায় প্রবেশ ও অবস্থানের জন্য সন্ত্রাসী বাহিনী প্রধানের স্বাক্ষর করা পাস লাগে। সন্ত্রাসী বাহিনী প্রধান ইয়াসিন। তাকে বিভিন্ন সময় রাজনৈতিক গডফাদাররা আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাখে। এ এলাকায় পাহাড় কেটে প্লট বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থকড়ির মালিক হয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হওয়া এলাকাটি যেন আলাদা একটি রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের কর্তৃত্ব ছিল না।

বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রায় বিশ দিনের মাথায় গত সোমবার জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীমুক্ত করতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি ও প্রস্তুতির পর গভীর রাতে সলিমপুরের প্রত্যেকটি প্রবেশ পথে যৌথ বাহিনী অবস্থান নেয়। অভিযানে প্রায় ৩ হাজার ১৮৩ জন যৌথবাহিনীর সদস্য অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮৭ জন সেনাবাহিনী, ১৬০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৩৭১ র‌্যাব, ১২২ ও জন বিজিবি সদস্য রয়েছে। অভিযানে ১৫টি এপিসি (আর্মড পার্সন্যাল ক্যারিয়ার) ৩টি ডগ স্কয়াড, ১২টি ড্রোন এবং অভিযান কার্যকর ও নিরাপদ করতে ৩টি হেলিকপ্টার ব্যবহার করা হয়। এই আয়োজন থেকে বুঝতে অসুবিধা হয় না, এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করতে কত বড় ধরনের প্রস্তুতি নিতে হয়েছে।

আগে থেকে টের পেয়ে সন্ত্রাসীদের গডফাদারসহ বেশিরভাগ পালিয়ে গেছে। এদের মধ্যে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল। ভারি কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, অভিযান টের পেয়ে ভারি অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ি পথে পালিয়ে গেছে। অভিযান শেষে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব বলেছেন, আমাদের মূল লক্ষ্য ছিল এই বিশাল এলাকায় রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আমরা সেটা করতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে র‌্যাব এবং পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হবে। এসব ক্যাম্পে ১০০ থেকে ১৫০ জন র‌্যাব-পুলিশ থাকবে। ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় প্রায়োজনে কামান বসানোর ব্যবস্থা করা হবে।

বছরের পর বছর ধরে দেশের ভেতরের একটি এলাকা এভাবে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে থাকবে, সেখানে কোনো আইনশৃঙ্খলা কাজ করবে না, এটা অকল্পনীয় একটি বিষয়। প্রশ্ন হচ্ছে, কাদের প্রশ্রয়ে সন্ত্রাসীদের এ ধরনের নিরাপদ আবসস্থল গড়ে উঠেছিল। শুধু জঙ্গল সলিমপুরই নয়, পাহাড়ের বিভিন্ন এলাকায়ও এ ধরনের সন্ত্রাসী এলাকা রয়েছে। দেশের অন্যান্য এলাকায়ও সন্ত্রাসীদের আধিপত্যের এলাকা আছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে খুব একটা কার্যকর অবস্থায় দেখা যায় না। রাজধানীর মোহাম্মদপুরও সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকারি এলাকা হিসেবে চিহ্নিত। এখানে হেন কোনো দিন নেই যেদিন কোনো না কোনো সন্ত্রাসমূলক ঘটনা ঘটে না। বলার অপেক্ষা রাখে না, জঙ্গল সলিমপুর, মোহাম্মদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের যে দল গড়ে উঠে, তার পেছনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট থাকে। মাদক চোরাচালান, চাঁদাবাজি, অবৈধভাবে দখল করা জায়গায় প্লট-ফ্ল্যাটের বাণিজ্য ইত্যাদিকে কেন্দ্র করে উক্ত এলাকা সন্ত্রাসের জনপদে পরিণত হয়। এদের পেছনে সমাজের প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে একশ্রেণীর রাজনৈতিক নেতার ইন্ধন থাকে। তারা গডফাদার হয়ে সন্ত্রাসীদের ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করে। আইনশৃঙ্খলা বাহিনীরও একটি শ্রেণী এর সাথে জড়িয়ে থাকে। ফলে ঐ এলাকা সন্ত্রাসমুক্ত হয় না। সন্ত্রাসীরা অবাধে আধিপত্য বিস্তার করে। মাঝে মাঝে নামমাত্র অভিযান চালিয়ে কাউকে কাউকে গ্রেফতার করা হলেও কিছুদিন পর জামিনে বের হয়ে আবার একই কাজে জড়িয়ে পড়ে। জঙ্গল সলিমপুরেও অবৈধভাবে পাহাড় কেটে হাজার হাজার প্লট তৈরি করে বাণিজ্য করা হচ্ছে। এছাড়া মাদক চোরাচালান থেকে শুরু করে অবৈধ কারবার সেখানে চলে। সন্ত্রাসীদের কর্তৃত্বে এক আলাদা রাজ্যে পরিণত হয়। যৌথবাহিনীর অভিযানে সেখানে এখন কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে।

প্রশ্ন থেকে যায়, এভাবে অভিযান চালিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প বসিয়ে সংশ্লিষ্ট এলাকা সন্ত্রাসমুক্ত করা যাবে কিনা? এর জবাবে বলা যায়, এতে সাময়িক উপকার পাওয়া যেতে পারে। তবে স্থায়ী সমাধান পাওয়া কঠিন। সন্ত্রাসীদের মূল শক্তি কোথায়, তা যদি ধ্বংস করা না যায়, তাহলে কোনোভাবেই সন্ত্রাস নির্মূল করা যাবে না। জঙ্গল সলিমপুরে যে র‌্যাব-পুলিশের ক্যাম্প বসানো হবে, তাদের কেউ কেউ যে সন্ত্রাসীদের অর্থলোভে পড়বে না, তা নিশ্চিত করে বলা যায় না। ফলে ক্যাম্প বসিয়ে খুব একটা কাজ হবে না, যদি না তা সততা ও দক্ষতার সাথে কাজ না করে। সবার আগে ভেবে দেখতে হবে, কারা সন্ত্রাসী কর্মকা-ে জড়াচ্ছে। তাদের বয়স ও ব্যাকগ্রাউন্ড কি? এসব বিবেচনায় নিয়ে অপরাধে জড়িয়ে পড়াদের মোটিভেশন করে সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া যেতে পারে। কেবল গ্রেফতার ও জেল দিয়ে সন্ত্রাস নির্মূল করা যায় না। বরং তা সন্ত্রাসীদের ভেতর আরও জেদী করে তোলে এবং তারা ভয়ংকর রূপে সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে পড়ে। ফলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক শাসনবারণ ও মোটিভেশনাল প্রক্রিয়া অবলম্বন করলে সন্ত্রাসের পথ সংকুচিত হতে পারে। বেয়াড়াদের শুধু বেতিয়ে শাসন করলেই হয় না, মাঝে মাঝে বুঝিয়ে বললেও কাজ হয়। ফলে সন্ত্রাসে যুক্ত না হওয়া এবং সন্ত্রাস থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে উভয় প্রক্রিয়া অবলম্বন করা দরকার। জঙ্গল সলিমপুরে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠায় যে ধরনের যুদ্ধ প্রস্তুতি নেয়া হয়েছে, তা থেকে বোঝা যায়, সন্ত্রাসীরা কতটা বেপরোয়া ছিল। সেখানে যাতে তাদের আর আনাগোনা না থাকে কিংবা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, তা নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ যে তারা একটি সন্ত্রাসের জনপদকে সন্ত্রাসমুক্ত করতে পেরেছে।