চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দীর্ঘমেয়াদে কনসেশন ইজারা দেয়ার চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। আরব আমিরাতের দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড (দুবাই পোর্ট ওয়ার্ল্ড)-এর সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে বলে গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদন বলা হয়েছে। আগামী ৮ অক্টোবর বৃহ¯পতিবার বহুল বিতর্কিত এই চুক্তি স্বাক্ষর করা হতে পারে। কোনো কারণে পিছিয়ে গেলে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। তবে এই চুক্তির বিরোধিতা করে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ এখনো ভরসা করে আছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এ চুক্তিতে সম্মতি দেবেন না। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, বিদেশি অপারেটরের কাছে টার্মিনালটি ছেড়ে দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের লাভ-ক্ষতি মূল্যায়ন বা সমীক্ষা করা হয়নি। তা না করে চুক্তির পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়ভাবে এগিয়ে নেয়া হচ্ছে এবং চুক্তির সম্ভাব্য শর্তাবলীও গোপন রাখা হচ্ছে। দেশের জন্য ক্ষতিকর এই চুক্তি স্বাক্ষরের জন্য অতিউৎসাহী হয়ে ভূমিকা পালন করছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। নেপথ্যে রয়েছে একটি ব্যবসায়ী সিন্ডিকেট। পর্যবেক্ষকদের মতে, এই চুক্তি হলে একটি গুরুত্বপূর্ণ এবং লাভজনক টার্মিনাল বিদেশিদের হাতে চলে যাবে। এতে বছরে প্রায় ৯২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও ভৌগলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সচল, সক্ষম, গতিশীল এবং লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনালটি (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার তোড়জোড় শুরু হয়। অথচ এটি দক্ষতা, স্বচ্ছতা এবং গতিশীলতার সাথে পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। স্বংসম্পূর্ণ এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরও এটি ইজারা দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পুনরায় এটি ইজারা দেয়ার জন্য মরিয়া হয়ে উঠে। তবে এর বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের তীব্র ক্ষোভ ও আন্দোলনের মুখে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া স্থগিত রাখতে বাধ্য হন ড. ইউনূস।
ঘুরেফিরে সেই চুক্তিটিই এখন বিএনপি সরকারের আমলে করার প্রক্রিয়া চলছে। প্রশ্ন হচ্ছে, এই টার্মিনাল দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে কেন ইজারা দিতে হবে? পর্যবেক্ষকদের মতে, ডিপি ওয়ার্ল্ডের বন্দর বা টার্মিনাল চালানোর মতো তেমন কোনো সুনাম বা দক্ষতা প্রতিষ্ঠানটির নেই। এটি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ভারতের আধিপত্যবাদের ‘দাবার ঘুটি’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সিইওসহ কেন্দ্রীয় ব্যবস্থাপনার নীতিনির্ধারকের ৭ জনই ভারতীয় নাগরিক। গত ৩০ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে স্টুডেন্টস ফর সভরেনিটি’র রিসার্চ উইং গবেষণা প্রতিবেদনে ডিপি ওয়ার্ল্ডকে ভারত, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ‘আইমেক (আইএমইসি) করিডোর’-এর লজিস্টিক অংশীদার হিসেবে উল্লেখ করে।
এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বানচাল করা এবং বাংলাদেশকে স্বনির্ভর ‘রিজিওনাল হাব’ হতে না দিয়ে ভারতের অধীনস্থ কেবল একটি ‘ফিডার পোর্ট’ বানানোর ভূ-রাজনৈতিক নীলনকশা করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ডিপি ওয়ার্ল্ড জিবুতি, সোমালিয়া, সোমালিল্যান্ড ও ইউক্রেনের বিভিন্ন বন্দর ও টার্মিনাল ইজারা নেয়ার পর রাজনৈতিক অস্থিতিশীলতা, বিচ্ছিন্নতাবাদে মদদ দেয়া ও সার্বভৌমত্ব ক্ষুণেœর মতো বিতর্কিত কর্মকা-ের ইতিহাস রয়েছে। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের সংবেদনশীল ভৌগোলিক অবস্থানের কাছে এমন বিদেশি প্রতিষ্ঠানকে কৌশলগত নিয়ন্ত্রণ দেয়া দেশের অখ-তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। পর্যবেক্ষকদের মতে, ডিপি ওয়ার্ল্ড নব্য-উপনিবেশের হাতিয়ার হয়ে ঢুকতে চাইছে।
দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন প্রতিষ্ঠানকে কোনোভাবেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল তুলে দেয়া যাবে না। ফিলিস্তিনে গণহত্যায় জড়িত ইসরাইল ও বিতর্কিত আন্তর্জাতিক সামরিক অক্ষের সহযোগী ডিপি ওয়ার্ল্ডকে আমাদের অর্থনৈতিক লাইফলাইনে প্রবেশের সুযোগ কোনোভাবেই দেয়া যায় না। নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত বছরে হাজার কোটি টাকা আয়ের এই স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়া নিয়ে যে, দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্র চলছে, তা এখন পরিস্কার। এই ষড়যন্ত্র শুরু করেছিলেন হাসিনা। সেই ষড়যন্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের টাকায় নির্মিত পানগাঁও টার্মিনাল এবং লালদিয়ার চর টার্মিনাল বিদেশি দুটি কোম্পানির কাছে দীর্ঘ মেয়াদে ইজারা দিয়েছে। চুক্তি স্বাক্ষর করা হয়েছিল চুক্তির প্রক্রিয়া ও শর্তাবলী গোপন রেখে। এখন ডিপি ওয়ার্ল্ডকে একইভাবে ইজারা দেয়ার প্রক্রিয়া চলছে। পর্যবেক্ষকদের মতে, ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার হাসিনার হুবহু ফর্মূলাটিই ড. ইউনূস যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছেন। এর মাধ্যমে নিজের স্বার্থ হাসিল হলেও দেশের স্বার্থকে হুমকির মুখে রেখে গেছেন। সেই ফর্মূলা এখন বিএনপি সরকারকে গেলানোর চেষ্টা করা হচ্ছে। বলা বাহুল্য, বিএনপি সরকারকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে গিয়ে ইউনূসের ফর্মূলা, পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীকে সহ্য করে যেতে হচ্ছে। দেশের স্বার্থে তাদের উল্লেখ করার মতো অর্জন নেই। আশিক চৌধুরী অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হলেও দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তার সাফল্য শূন্য। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে যে বোয়িং কেনা হচ্ছে, সেক্ষেত্রেও ড. ইউনূস চক্রের ভূমিকা রয়েছে। এখন এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পেছনে যে কারণ, তা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আমরা মনে করি, দেশের সার্বভৌমত্ব ও অখ-তাকে হুমকির মধ্যে ফেলে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়া কোনোভাবেই উচিৎ হবে না। চট্টগ্রাম বন্দর কোনো সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। এই বন্দরের টার্মিনাল ইজারা দেয়া যায় কিনা, তা নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। আলোচনা করে ইজারা দিতে হলে ওপেন টেন্ডারের মাধ্যমে তা দিতে হবে। টেন্ডার ছাড়া দেশের নিরাপত্তার সাথে হুমকি কোনো বিতর্কিত প্রতিষ্ঠানকে টার্মিনাল ইজারা দেয়া যাবে না।
