২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও আশপাশের এলাকায় সংঘটিত সহিংসতার দু’দশক পূর্ণ হলো। দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেলেও ওই দিনের হত্যাকাণ্ড ও সহিংসতার পূর্ণাঙ্গ বিচার আজও হয় নি- এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার শুরুর জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো হত্যাকাণ্ডের বিচার রাজনৈতিক পরিচয়, দলীয় অবস্থানের ওপর নির্ভর করতে পারে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে ন্যায়বিচার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর পল্টন এলাকায় হামলা, সংঘর্ষ ও পৈচাশিক হত্যার ঘটনা ঘটে। ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ। সে দিনের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর ক্ষত তৈরি করেছে। কিন্তু এত বছর পরও হামলার পরিকল্পনাকারী, প্রত্যক্ষ হামলাকারী এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয় নি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রাজনৈতিক সহিংসতার বহু ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে বিচারহীনতার সংস্কৃতিতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কোনো অপরাধী যদি দীর্ঘদিন আইনের বাইরে থেকে যায়, তাহলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়। একইভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্যে মামলা করা হলেও প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। তাই ২৮ অক্টোবরের ঘটনাসহ রাজনৈতিক সহিংসতার সব মামলার বিচার হতে হবে নিরপেক্ষ তদন্ত ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে।

ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর রাষ্ট্র ও সমাজে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছেÑ অতীতের রাজনৈতিক সহিংসতা ও বিচারহীনতার অবসান ঘটবে। সে পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো অতীতের আলোচিত হত্যাকা-গুলোর ন্যায়সংগত বিচার নিশ্চিত করা। ২৮ অক্টোবরের পল্টন হত্যাকা-ের বিচারও সে ধারাবাহিকতার অংশ হওয়া উচিত ছিল। দীর্ঘদিনের এ অমীমাংসিত অধ্যায় দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া তাই সময়ের দাবি। তদন্ত হতে হবে স্বাধীন, স্বচ্ছ ও পেশাদার। প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ, সংবাদ প্রতিবেদন, চিকিৎসা ও ময়নাতদন্তের নথি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে যথাসম্ভব অবহিত করা উচিত।

বিচার মানে শুধু আসামিকে সাজা দেওয়া নয়; বিচার মানে সত্য উদ্ঘাটন, নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায় স্বীকার এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি ঠেকানোর নিশ্চয়তা। ২৮ অক্টোবরের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার হলে শুধু একটি পুরোনো মামলার নিষ্পত্তি হবে না, বরং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা যাবে।

আমরা মনে করি, ২৮ অক্টোবরের পল্টন হত্যাকা-ের বিচার আর বিলম্বিত করা উচিত নয়। সংশ্লিষ্ট মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত তদন্ত শেষ করতে হবে। প্রয়োজন হলে বিশেষ তদন্ত দল গঠন করে সাক্ষ্য-প্রমাণ পুনরুদ্ধার ও যাচাই করতে হবে। একই সঙ্গে বিচারপ্রক্রিয়ায় যেন কোনো রাজনৈতিক প্রভাব, চাপ বা প্রতিহিংসা কাজ না করে, তা নিশ্চিত করতে হবে।

বিশ বছর একটি রাষ্ট্রের জন্য দীর্ঘ সময়। এ দীর্ঘসূত্রতা শুধু বিচারপ্রার্থীদের হতাশ করে নি, বরং মানুষের মনে বিচারব্যবস্থা সম্পর্কে প্রশ্নও তৈরি করেছে। সে প্রশ্নের উত্তর এখন কাজের মাধ্যমে দিতে হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাকা-ের সত্য উদ্ঘাটন এবং দায়ীদের ন্যায়সংগত বিচারের মুখোমুখি করা হোক। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হোক বিচারের একমাত্র ভিত্তি। বিচারহীনতার অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার পথে এটিই হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।