সাভার কোনো প্রত্যন্ত অঞ্চল নয়। এটি দেশের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক হাব। প্রতিদিন লাখ লাখ মানুষ জীবিকার তাগিদে এখানে যাতায়াত করেন। অথচ এই গুরুত্বপূর্ণ উপশহরটির বর্ষাকালীন চিত্র খুবই করুণ। একটু বৃষ্টি হলেই ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল, হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড এবং আশুলিয়া সড়ক যেন ছোটখাটো নদীতে পরিণত হয়। কর্দমাক্ত ও জলমগ্ন রাস্তায় রিকশা, ইজিবাইক উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এখানে। খানাখন্দ না দেখতে পেয়ে গাড়ি বিকল হয়ে তৈরি হচ্ছে সুদীর্ঘ যানজট।

সাভারের ব্যাংক কলোনি ও পাকিজা এলাকার পরিস্থিতি শোচনীয়। সামান্য বৃষ্টিতেই এ দুটি এলাকার বাসিন্দাদের জীবন যেভাবে থমকে যায়, তা যেন এক জীবন্ত নরক যন্ত্রণা। ব্যাংক কলোনি সাভারের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী আবাসিক এলাকা। মধ্যবিত্ত ও চাকরিজীবী পরিবারের সংখ্যাই এখানে বেশি। অথচ বৃষ্টি হলেই এই শান্ত এলাকা এক বিভীষিকায় রূপ নেয়। ব্যাংক কলোনির প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের সংযোগ সড়কগুলো সামান্য বৃষ্টিতেই হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়। নিচতলার ফ্ল্যাট ও দোকানপাটে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ে। এর ফলে আসবাব নষ্ট হওয়া থেকে শুরু করে ঘরের ভেতর রান্নাবান্না ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, যা স্বাস্থ্যহানির সমূহ কারণ ঘটায়।

এই এলাকায় বেশ কয়েকটি নামি স্কুল, কলেজ রয়েছে। জলাবদ্ধতার কারণে কোমলমতি শিক্ষার্থীদের নোংরা ও পচা পানি মাড়িয়ে ক্লাসে যেতে হয়। অনেক সময় স্কুলগামী শিশুরা পানির নিচে ঢাকা থাকা খোলা ম্যানহোলে পড়ে যাওয়ার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটে।

ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই অবস্থিত পাকিজা এলাকাটি সাভারের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। এখানকার জলাবদ্ধতা শুধু যাতায়াতের কষ্ট নয়, বরং এটি এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। পাকিজা ও এর আশপাশের ডাইং এবং টেক্সটাইল কারখানাগুলোর রাসায়নিকযুক্ত বর্জ্য এবং ড্রেনের পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে বিষাক্ত মিশ্রণ তৈরি করে। এই পানির রং কালো এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। মহাসড়কের পাকিজা মোড় থেকে শুরু করে ভেতরের গলিগুলোতে এই বিষাক্ত পানি জমে থাকে। পানি জমে থাকার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশ পুরোপুরি অচল হয়ে পড়ে। ছোট গাড়িগুলো পানির নিচে থাকা বড় বড় গর্ত দেখতে না পেয়ে উল্টে যায় বা বিকল হয়ে পড়ে। এর ফলে সৃষ্ট যানজটের মন্দ প্রভাব পড়ে সাভারজুড়ে।

সাভারের এসব সংকটের কারণ হলো, অপরিকল্পিতভাবে একের পর এক বহুতল ভবন ও শিল্পকারখানা গঠন। কিন্তু সে অনুপাতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও স্যুয়ারেজ লাইনের উন্নয়ন করা হয়নি। সাভারের একসময়ের প্রাণভোমরা ছিল এর প্রাকৃতিক খাল ও নদীগুলো। কিন্তু আবর্জনা ফেলা এবং ভূমিদস্যুদের অবৈধ দখলের কারণে সেসব আজ মৃতপ্রায়। ফলে বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ। সাভার পৌরসভা ও মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। মহাসড়ক উঁচু করা হলেও ভেতরের পাকিজা ও ব্যাংক কলোনির রাস্তাগুলো নিচুই রয়ে গেছে। যার ফলে আশপাশের সব পানি এই আবাসিক ও বাণিজ্যিক অঞ্চলে এসে জমা হচ্ছে। এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে হলে জোড়াতালির ড্রেন সংস্কারের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ।

সাভার পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি আধুনিক ড্রেনেজ মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে, যা সম্পূর্ণ অঞ্চলের পানির চাপ সামলাতে সক্ষম হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং কারখানার তরল বর্জ্য পরিশোধনে শতভাগ কড়াকড়ি নিশ্চিত করতে হবে। সাভারকে আমরা ঢাকার অন্যতম আধুনিক উপশহর বা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে গর্ব করি। কিন্তু ব্যাংক কলোনি বা পাকিজা মোড়ের একহাঁটু নোংরা কেমিক্যালযুক্ত পানিতে দাঁড়িয়ে সেই গর্বের দাবি কেবলই উপহাস মনে হয়। সাভারবাসীর দুঃখ-দুর্দশা লাঘব; তাদের জীবনকে সহজ ও সুন্দর করতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ আজ সময়ের দাবি। অঋত্রী বিনতে আতিক: গবেষক