সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে। এ অর্জন একদিকে যেমন দেশের অর্থনৈতিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি, তেমনি এটি বিশ্ববাণিজ্যের প্রতিযোগিতামূলক ময়দানে বাংলাদেশের সামনে ছুড়ে দিচ্ছে এক কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে উত্তরণ-পরবর্তী সময়ে শুল্কমুক্ত সুবিধা হারানো, কঠোর বাণিজ্যনীতি এবং আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা বাংলাদেশের রপ্তানি খাতকে নতুন বাস্তবতার মুখোমুখি ফেলবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী, এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানের মতো প্রধান বাজারে বাংলাদেশের পণ্যের ওপর গড়ে ৮.৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপিত হতে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সতর্ক করেছে, এর ফলে বার্ষিক রপ্তানি আয় ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে এলডিসি-পরবর্তী বিশ্ববাণিজ্যে বাংলাদেশ কীভাবে প্রতিযোগিতায় টিকে থাকবে?
অর্থনীতিবিদদের মতে, এ চ্যালেঞ্জ মোকাবিলায় ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হতে পারে একটি সম্ভাবনাময় কৌশল। এ প্রেক্ষাপটে বর্তমানে দেশে নিবন্ধিত যে ৩১টি ভৌগোলিক নির্দেশক পণ্য রয়েছে তা কেবল ঐতিহ্যের প্রতীক নয়, বরং রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকার একটি সম্ভাবনাময় কৌশল হিসেবে আবির্ভূত হতে পারে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মতে, জিআই ট্যাগযুক্ত পণ্য আন্তর্জাতিক বাজারে সাধারণ পণ্যের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি দামে বিক্রি হয়। ইলিশ, বাগদা চিংড়ি, জামদানি, নকশিকাঁথা বা সুগন্ধি চালের মতো পণ্য জিআই স্বীকৃতি পেলে আন্তর্জাতিক বাজারে বেশি দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। এতে শুল্ক বাড়ার নেতিবাচক চাপ কিছুটা হলেও প্রশমিত হতে পারে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭৫ শতাংশ বাংলাদেশে হলেও বৈশ্বিক বাজারে এর ব্র্যান্ডিং এখনও দুর্বল। সঠিক জিআই সুরক্ষা ও বিপণন কৌশল গ্রহণ করা গেলে এ খাত থেকেই বড় ধরনের রপ্তানি সম্ভাবনা তৈরি হতে পারে। এলডিসি অবস্থানে থাকায় বাংলাদেশ এতদিন ট্রিপস চুক্তির আওতায় মেধাস্বত্ব সংরক্ষণে বিশেষ ছাড় পেয়ে এসেছে। ২০২৬ সালের পর এ সুবিধা আর থাকবে না। ২০২৪ সালে টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করা কতটা জরুরি। আন্তর্জাতিক পর্যায়ে মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত না হলে দেশীয় পণ্যের স্বত্ব অন্য দেশের হাতে চলে যাওয়ার ঝুঁকি কতটা বাস্তব।
শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৩১টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও আন্তর্জাতিক পর্যায়ে সেগুলোর সুরক্ষা এখনও সীমিত। বিশ্ব মেধাস্বত্ব সংস্থার অধীনে আন্তর্জাতিক নিবন্ধন জোরদার করা না গেলে সুন্দরবনের মধু বা শীতলপাটির মতো পণ্যের স্বত্ব অন্য দেশের নামে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এলডিসি উত্তরণের পর এই একক নির্ভরতা কমিয়ে রপ্তানি বৈচিত্র্য বাড়ানো জরুরি হয়ে উঠবে। বিশেষজ্ঞদের ধারণা, জিআই সুরক্ষা ও কার্যকর বিপণনের মাধ্যমে কৃষি ও হস্তশিল্প খাত থেকে আগামী পাঁচ বছরে প্রায় দেড় বিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত রপ্তানি আয় অর্জন সম্ভব। এলডিসি-পরবর্তী বাস্তবতায় কেবল উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়, প্রয়োজন পণ্যের আইনি মালিকানা, মান ও ব্র্যান্ড মূল্য বিশ্ববাজারে প্রতিষ্ঠা করা। সেজন্য পরিকল্পনা হতে হবে বহুমুখী। জাতীয় জিআই কাউন্সিল গঠন, আন্তর্জাতিক নিবন্ধন এবং সমন্বিত মার্কেটিংয়ের মাধ্যমে বিশ্ববাজারে জিআই পণ্যের একক ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে।
সুমাইয়া বিনতে আজিজ, শিক্ষার্থী: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
