ডিজিটাল আর্থিক সেবার বিস্তার মানুষের লেনদেনকে সহজ, দ্রুত ও সাশ্রয়ী করেছে। ব্যাংকিং, কেনাকাটা, বিল পরিশোধ থেকে শুরু করে দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডের বড় অংশই এখন অনলাইননির্ভর। কিন্তু এ সুবিধার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল প্রতারণার ঝুঁকিও। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫-এর তথ্য বলছে, এ সময় মোবাইল আর্থিক সেবা, চেক ও কার্ড লেনদেনে ৮১ হাজার ৪২৩টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ ৯২ কোটি ৬০ লাখ টাকার বেশি। এর বড় অংশই উদ্ধার করা সম্ভব হয়নি। ফেসবুকের আকর্ষণীয় বিজ্ঞাপন, হোয়াটসঅ্যাপে বিশেষ অফারের বার্তা, ব্যাংকের সফটওয়্যার আপডেট কিংবা পুরস্কার পাওয়ার প্রলোভন—বিভিন্ন কৌশলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। এমনকি ম্যালওয়্যার ও রিমোট অ্যাকসেস প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে এ অপরাধ সংঘটিত হচ্ছে।
আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে হলে গ্রাহক সচেতনতা দরকার তাতে কোনো দ্বিমত নেই। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নামে আসা কোনো লিংকে প্রবেশের আগে তার সত্যতা যাচাই, অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল না করা, রিমোট অ্যাকসেস অ্যাপ ব্যবহারে সতর্ক থাকা এবং পিন, পাসওয়ার্ড ও ওটিপি গোপন রাখার বিষয়ে সচেতন থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কিন্তু আর্থিক প্রতারণার মতো সাইবার হামলা থেকে সুরক্ষায় মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা আরো বেশি কাম্য।
ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার প্রাতিষ্ঠানিক দায়িত্বেরও অংশ। প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত সুরক্ষা ও নিরাপদ লেনদেন কাঠামো নিশ্চিত করতে হবে। সবচেয়ে জরুরি হলো, অর্থ স্থানান্তরের আগে গ্রাহকের লেনদেন ইতিহাস যাচাই বা সন্দেহজনক লেনদেন শনাক্ত ও বন্ধ করার শক্তিশালী ব্যবস্থা থাকা। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণভিত্তিক নজরদারি ব্যবস্থা কার্যকর হতে পারে। একই সঙ্গে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক কিংবা ব্যাংক থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সন্দেহজনক লেনদেনের তথ্য দ্রুত বিনিময়ের ব্যবস্থা থাকতে হবে। প্রতারণার অর্থ সাধারণত একাধিক হিসাব ঘুরে দ্রুত সরিয়ে নেয়া হয়। তাই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করার পরিবর্তে লেনদেনের প্রাথমিক পর্যায়েই অর্থ স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করার সক্ষমতা গড়ে তোলা জরুরি।
এক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা বিবেচনা করা যেতে পারে। দেশটি সন্দেহজনক বা মানি মিউল হিসাব শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এবং ডিজিটাল পেমেন্টস ইন্টেলিজেন্স প্লাটফর্ম ব্যবহারের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে ব্যাংক, পুলিশ ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে প্রতারণা শনাক্ত ও প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেশটিতে ব্যাংক হিসাবের অর্থ অনলাইন স্থানান্তর থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার সুযোগ, সন্দেহজনক লেনদেনে নিয়ন্ত্রণ আরোপ এবং প্রতারণার আশঙ্কায় পুলিশের হস্তক্ষেপের ব্যবস্থাও রয়েছে। এসব উদ্যোগের মূল শিক্ষা হলো, ডিজিটাল প্রতারণা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রযুক্তিগত নিরাপত্তা, আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহি ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে হয়।
বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতাদের জন্য ১৭ দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা রয়েছে। অনলাইন আর্থিক প্রতারণা প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তি নিয়েও নির্দেশনা রয়েছে। তবে নির্দেশনা জারি করাই যথেষ্ট নয়; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে তা বাস্তবায়ন করছে, নিয়মিত তদারকির মাধ্যমে সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রাহকের অস্বাভাবিক লেনদেন শনাক্তে স্বয়ংক্রিয় সতর্কতা, বহুমাত্রিক পরিচয় যাচাই, অ্যাকাউন্ট ও ডিভাইসের নিরাপত্তা এবং সন্দেহজনক লেনদেন সাময়িক স্থগিত করার ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ অপারেটর, বিএফআইইউ, সিআইআরটি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দ্রুত তথ্য বিনিময়ের কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতারণার শিকার গ্রাহকের অর্থ উদ্ধারের নিশ্চয়তা। বর্তমানে প্রতারণার ঘটনায় মামলা ও অপরাধী গ্রেফতারের তথ্য পাওয়া গেলেও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের সাফল্য তুলনামূলকভাবে কম। অথচ গ্রাহকের কাছে সবচেয়ে জরুরি হলো হারানো অর্থ ফেরত পাওয়া। এ কারণে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থের গতিপথ অনুসরণ, সন্দেহজনক হিসাব সাময়িকভাবে স্থগিত এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ে অর্থ উদ্ধারের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। প্রতারণার ঘটনায় ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি কিংবা নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থতা থাকলে তাদের দায়ও নির্ধারণ করতে হবে। গ্রাহকের অসতর্কতাকে সব ক্ষেত্রে দায়মুক্তির অজুহাত হিসেবে ব্যবহার করার সুযোগ থাকা সমীচীন নয়।
অন্যদিকে সাইবার অপরাধের অনেক চক্র দেশের বাইরে থেকে পরিচালিত হওয়ায় শুধু অভ্যন্তরীণ তদন্তে সব অপরাধীকে শনাক্ত করা সম্ভব নয়। এক্ষেত্রে বিদেশী চক্র, বেনামি হিসাব, ভুয়া পরিচয় এবং অর্থ স্থানান্তরের ডিজিটাল নেটওয়ার্ক শনাক্তে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা চাই।
