বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে গত অর্থবছরে অন্তর্বর্তী সরকার লোকসান দিয়েছে ৫৫ হাজার কোটি টাকা। এ সময় সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। অবশিষ্ট ১৭ হাজার কোটি টাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসানের খাতায় জমা হয়েছে। এর আগের বছর লোকসানের পরিমাণ জমা আছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। আরো উল্লেখ করা যায়, বিদ্যুৎ খাতে ১০ বছরে লোকসান হয়েছে ২ লাখ ৮ হাজার ১০২ কোটি টাকা। এর মধ্যে সরকার ভর্তুকি দিয়েছে ১ লাখ ৮২ হাজার ১০৬ কোটি টাকা। বিদ্যুৎ খাতের এই অব্যাহত ভর্তুকি ও লোকসান একেবারেই কাম্য হতে পারে না। অথচ, বছরের পর বছর ধরে ভর্তুকি ও লোকসানের ধারা অব্যাহত রয়েছে। দেশের সামষ্টিক অর্থনীতির যে দৈন্যদশা ও বিনিয়োগে স্থবিরতা, তার অন্যতম বড় কারণ বিদ্যুৎ ও জ্বালানি খাতের নাজুক অবস্থা।
এর জন্য দায়ী সীমাহীন অনিয়ম ও দুর্নীতি। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাত লুটপাট ও অর্থপাচারের বিশেষ কেন্দ্রে পরিণত হয়। অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, গত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৬ বিলিয়ন ডলারের (বর্তমান বাজারদর অনুযায়ী প্রায় ৭৪ হাজার কোটি টাকা) অনিয়ম হয়েছে। ওই সরকারের সময় দেশি-বিদেশি বেসরকারি কোম্পানির সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তা একদিকে ছিল অসম, অন্যদিকে জাতীয় স্বার্থবিরোধী। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত চুক্তি পর্যালোচনা কমিটির প্রতিবেদন মতে, প্রায় প্রতিটি চুক্তিতে অনিয়ম-দুর্নীতি হয়েছে। সবচেয়ে বেশি অনিয়ম-দুর্নীতি হয়েছে ভারতের আদানির সঙ্গে করা চুক্তিতে। সে দেশের রিলায়েন্স গ্রুপকেও দেয়া হয়েছে অনৈতিক সুবিধা। সেই সুবিধা বলে রিলায়েন্স গ্রুপ তার পরিত্যক্ত বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এনে বসাতে সক্ষম হয়। গ্যাস না থাকা সত্ত্বেও এ চুক্তি করার কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আদানির সঙ্গে করা চুক্তির মতো জাতীয় স্বার্থবিরোধী চুক্তি আর হয়নি। এ চুক্তির কারণে প্রতিবছর আদানিকে বাড়তি দিতে হচ্ছে ৪০ থেকে ৫০ কোটি ডলার (৫-৬ হাজার কোটি টাকা)। ২৫ বছর চুক্তির মেয়াদে ১২ বিলিয়ন ডলার (দেড় লাখ কোটি টাকা) পরিশোধ করতে হবে আদানিকে। উল্লেখ্য, আদানির সঙ্গে যখন চুক্তি করা হয় তখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ৮ দশমিক ৬১ সেন্ট। অথচ, ওই সময় ভারত থেকে আনা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল ৪ দশমিক ৪৬ সেন্ট। শুধু তাই নয়, আদানির বিদ্যুতের জন্য কয়লার দাম নির্ধারণ করা হয় বেশি। এমন কি, বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে তার দায়ও চুক্তিতে বাংলাদেশের ঘাড়ে চাপানো হয়।
ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তিই নয়, দেশীয় বিভিন্ন কোম্পানির সঙ্গে করা চুক্তিও অসম ও লুটপাটের কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন না করেও এবং সরকারের কাছে বিক্রি না করেও ক্যাপাসিটি চার্জ হিসেবে দেশি কোম্পানিগুলো লুটে নিচ্ছে বিপুল অংকের অর্থ। ‘জ্বালানি দানব’ হিসেবে পরিচিত সামিট গ্রুপের সঙ্গে অসম চুক্তির কারণে বিদ্যুৎ উৎপাদন ছাড়াই তাকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দিতে হচ্ছে বছরে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা। অন্যদিকে বাঁশখালীর এস আলম গ্রুপের এস এস পাওয়ারের প্রতি মাসের ক্যাপাসিটি চার্জ ৩৯২ কোটি টাকা। ২৫ বছরে এ কোম্পানিকে দিতে হবে ১.১৭ ট্রিলিয়ন টাকা। রেন্টাল কুইক-রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কথাও এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে।
বিদ্যুতের দ্রুত চাহিদা পূরণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে রেন্টাল কুইক-রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল এবং সে অনুযায়ী বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। এসব বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যে চুক্তি হয়েছিল তাও ছিল অসম। বিদ্যুতের দামও ছিল বেশি। কোনো কারণে তাদের বিদ্যুৎ কিনতে না পারলে ক্যাপাসিটি চার্জ দেওয়ার ব্যবস্থা চুক্তিতে রাখা হয়। রেন্টাল কুইক-রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সাক্ষরিত চুক্তির মেয়াদ অতিক্রান্ত হলেও চুক্তি নবায়ন করা হয়েছে বিভিন্ন সময়ে। বিদ্যুতের চাহিদা না থাকলেও বসিয়ে বসিয়ে তাদের ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে বা হচ্ছে। ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি যেমন ভারত ও ক্ষমতাসীনদের স্বার্থে করা হয়েছে, তেমনি দেশি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিও ক্ষমতাসীন ও কোম্পানিগুলোর স্বার্থে করা হয়েছে। সামিট বা এস আলম গ্রুপ অথবা অন্যান্য কোম্পানির মালিকরা সবাই ক্ষমতাসীনদের অনুগত ও প্রিয়ভাজন হিসেবে পরিচিত। বলার অপেক্ষা রাখে না, সরকারপন্থী বা দলানুগত বিশেষ গোষ্ঠিকে লাভের ভাগীদার করাই ছিল এসব চুক্তির মূল লক্ষ্য। পর্যালোচনা কমিটির প্রতিবেদন থেকে, গত সরকারের দেড় দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ৫ গুণ। জানা যায়, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটের বেশি। এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট। বাস্তবতা হলো, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বাড়লেও তা কাজে লাগানোর ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। দেশের শিল্পকারখানাগুলোতে গ্যাস-বিদ্যুতের সংকট আছে, যাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেপরোয়া অনিয়ম-দুর্নীতি হয়েছে। অর্থ লুটপাট ও পাচার হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য অধিক হওয়ার জাতীয় বিভিন্ন ক্ষেত্রে ও উৎপাদনে দেখা দিয়েছে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া। ব্যবস্থপনা বলতে যা বুঝায়, তা এখানে সম্পূর্ণ অনুপস্থিত। এমতাবস্থায়, মানুষের কষ্ট ও দুর্ভোগ বাড়ছে। পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দেড় বছর অতিক্রান্ত হলেও বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থার এতটুকু উন্নতি হয়নি। অবনতিই বরং হয়েছে। বিদ্যুতের অনিয়ম-দুর্নীতির তদন্ত, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা, অসম ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলÑ কোনো ব্যবস্থাই সরকার নিতে পারেনি। বিদ্যুৎ ও জ্বালানি স্পর্শকাতর খাতই নয়, কৌশলগত খাতও বটে।
এ খাতের উপর দেশের অর্থনীতি ও মানুষের জীবনমানের উন্নতি-অগ্রগতি বিশেষভাবে নির্ভর করে। সরকারের কাজ তাই পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কীভাবে এখাতের অনিয়ম-দুর্নীতি, অপচয় ও ক্ষতি রোধ করা যায়, কীভাবে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার কার্যকর পদক্ষেপ নেয়া সরকারের অপরিহার্য দায়িত্বের মধ্যেই পড়ে। সেদিকে সরকারের খেয়াল আছে বলে মনে হয় না। গ্যাসের অভাবে চুলা জ্বলছে না, শিল্প-কারখানা চলছে না, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। আগামীতে বিদ্যুৎ সংকট আরো বাড়বে। রমজানে লোডশেডিং বাড়ার সঙ্গে সঙ্গে সেচে অচলাবস্থা দেখা দিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আগামী মাসের ১২ তারিখে জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচনের পর ক্ষমতায় আসবে নতুন সরকার। প্রশ্ন উঠতে পারে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকার তাহলে কী রেখে যাচ্ছে? বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সবচেয়ে বড় বিপাকে পড়ার আশংকা রয়েছে ওই সরকারের। সেই বিপাক থেকে সরকারকে সুরক্ষা দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত ছিল দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা ও পদক্ষেপ নেয়া।
