ইরানের আজকের দুর্দশার বীজ বপন হয়েছিল ১৯৫৩ সালে মোহাম্মদ মোছাদ্দেঘের গণতান্ত্রিক সরকার উৎখাতের মাধ্যমে। মোছাদ্দেঘের অপরাধ ছিল একটাই – নিজ দেশের সম্পদ, তেলের উপর ব্রিটেনের ৫১ শতাংশ অধিকার রোধ করা। ১৯৫১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (মজলিশ) বিজয় লাভের পর এয়াংলো-ইরানিয়ান তেল কোম্পানি (যা বর্তমানে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি নামে পরিচিত) জাতীয়করণের মাধ্যমে দীর্ঘ দিনের ব্রিটিশ শোষণের অবসান ঘটান।
স্বাভাবিক কারণেই এ জাতীয়করণ সহজভাবে নেয়নি তৎকালীন ব্রিটিশ রাজতন্ত্র এবং সরকার। ১৯৫১ সালে ব্রিটেনের রাণী এলিজাবেথের উদ্যোগে মোসাদ্দেঘ উৎখাত ষড়যন্ত্রের সূত্রপাত হয়। পরবর্তী প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার মোসাদ্দেঘকে উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। ষড়যন্ত্র বাস্তবায়নে নিয়োজিত হয় এমআই৬ এবং সিআইএ। সঙ্গে পরবর্তী সময়ে যুক্ত হয় ইরানের রাজা মোহাম্মাদ রেজা পহলভী, সামরিক বাহিনী এবং সুশীল সমাজ।
প্রেসিডেন্ট রুজভেল্টের নাতি এবং তৎকালীন সিআইএ Operation Ajax এর প্রধান কার্মিট রুজভেল্ট ১৯৫৩ সালের জুলাই মাসে ইরাক সীমান্ত দিয়ে ডলারের বস্তা নিয়ে ইরানে ঢুকে শুরু করেন মোসাদ্দেঘ পতনের শেষ খেলা। সুশীল ও শাহের সমর্থকরা উসকানি দিয়ে পথে নামায় কয়েক হাজার মানুষ। পথে নামে মোসাদ্দেঘের সমর্থকেরাও। রাজপথ উত্তপ্ত। সংঘর্ষ হয়। হতাহত হয় দুই পক্ষের। এই সুযোগে রাজপথের দখল নেয় সেনাবাহিনী। মোসাদ্দেঘ পালিয়ে যান। রেজা পহলভী উৎসব করেন। তাকে মৌখিক অভিনন্দন পাঠান ব্রিটেনের রাণী এলিজাবেথ। সরকার পরিচালনা করার দ্বায়িত্ব পায় সেনাবাহিনী।
দু'দিন পর ধরে আনা হয় মোসাদ্দেঘকে। ক্যাঙারু কোর্টের বিচারে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়। রায় শোনার পর মোসাদ্দেঘ শান্ত, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, এই আদালতের রায় আমার ঐতিহাসিক গৌরব বাড়িয়ে দিয়েছে। আপনারা আমাকে দোষী সাব্যস্ত করায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। সত্যিই আজ রাতে ইরানি জাতি সাংবিধানিকতার (constitutional monarchy) অর্থ বুঝতে পারল। পরে শাহ তার শাস্তি কমিয়ে আজীবনের জন্য জেলে পাঠিয়ে দেন। ১৯৬৭ সালের ৫ মার্চ ক্যান্সারে মৃত্যুর আগ পর্যন্ত মোসাদ্দেঘকে তার আহমেদাবাদের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছিল।
মোসাদ্দেঘ সরকারের পতন ঘটিয়ে ইরানের তেল-গ্যাস বিজাতীয়করণ করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটেন এবং আমেরিকা। ইরান পায় ৫০ শতাংশ, ব্রিটেন ২০ শতাংশ, আমেরিকা ২০ শতাংশ, ফ্রান্স ৫ শতাংশ এবং ডাচ ৫ শতাংশ। শুধু তেল-গ্যাসের উপর নিয়ন্ত্রণ আরোপ করে অন্যের সম্পদ লুটেপুটে খাওয়ার জন্য পশ্চিমারা পতন ঘটায় নির্বাচিত এবং জনপ্রিয় একটি সরকারের। এরকম ঘটনা শুধু ইরানেই নয়, তেলের উপর নিয়ন্ত্রণ নেয়ার জন্য আমেরিকা ধ্বংস করেছে ইরাক, সিরিয়া, লিবিয়া; সম্প্রতি হাইজ্যাক করে নিয়ে এসেছে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরকে।
পশ্চিমারা মুখে যাই বলুক না কেন গণতন্ত্র কিংবা মানবতাবাদের তারা থোড়াই পরোয়া করে। ১৯৬১ সালে কঙ্গোর প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বাকে, ১৯৭৩ সালে চিলির নির্বাচিত নেতা আলেন্দে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে, ২০০৬ সালে ইরাকের সাদ্দাম হোসেনকে, ২০১১ সালে লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে আমেরিকা। যে ক’জনের নাম এই মুহূর্তে মনে এলো শুধু তাদের কথা বললাম। স্বাধীন ও সার্বভৌম দেশ পানামা থেকে নরিয়েগা এবং এ বছরে ভেনেজুয়েলা থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে প্রেসিডেন্ট মাদুরোকে। এরা সব সময় মুখে গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, সার্বভৌমত্ব রক্ষার কথা বলে।
ব্রিটেন ও আমেরিকার ষড়যন্ত্রে মোসাদ্দেঘ সরকার উৎখাতের মধ্যে নিহিত ছিল খোমেনির মৌলবাদী সরকারের বীজ। মোসাদ্দেঘ সরকারের পতনের পর সেনা শাসন কায়েম করে ইরানের শাহ রেজা পহলভী, পেয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা। ক্ষমতা আরও বাড়াতে ইসরায়েল এবং আমেরিকার সহায়তায় শাহের সরকার বিরোধীদের দমনের জন্য একটি গোপন পুলিশ সংগঠন তৈরি করে যা নাম Organisation of National Security and Information (SAVAK)। অপ্রতিরোধ্য ক্ষমতার অপব্যবহারের ফলে ইরানে তৈরি হয় ক্ষোভ। ১৯৭৯ সালে পতন হয় শাহের। ডান-মধ্যবাম-কমিউনিস্ট-মোল্লা-পশ্চিম সবাই তখন সমর্থন দিয়েছিল ধার্মিক তবে উগ্র নন এমন খামেনিকে। ১৯৭৯ সালের সে বিপ্লবে জয়ী হওয়ার আগ পর্যন্ত কেউ জানতে পারেনি খোমেনির মনে কী আছে।
রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর ধীরে ধীরে উন্মোচিত হয় খোমেনির স্বরূপ। প্রায় ৪০০ দিন খোমেনির লোকরা অবরুদ্ধ করে রাখে আমেরিকান দূতাবাসের কর্মীদের। শুরু হয় পশ্চিমের সঙ্গে সংঘাত। প্রথমেই তিনি হত্যা করেন সব কমিউনিস্ট এবং বাম ধারার লোকদের। তারপর মধ্যবামপন্থি, ডানপন্থি এমনকি ভিন্নমতের মোল্লাদেরও। একচ্ছত্র আধিপত্য কায়েম করে তিনি ঘোষণা করেন ইসলামিক রিপাবলিক অব ইরান। সাত হাজার বছরের পুরোনো একটা অসাম্প্রদায়িক সভ্যতায় খোমেনি এবং খামেনি ৪৭ বছর ধরে চালিয়েছেন চরম সাম্প্রদায়িকতা; মানবতা আর নারীদের করেছেন বন্দি। দেশের মানুষকে ঠিকমত খাবার এবং নাগরিক সুবিধা না দিয়ে খোমেনি এবং খামেনি বানিয়েছেন মারণাস্ত্র। আসক্ত হয়ে পড়েছেন পরমাণু বোমা বানানোর নেশায়। এ বছরের শুরুতেও গণতন্ত্র চাওয়ার অপরাধে, রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে খামেনি হত্যা করেছেন নিজ দেশের ৩০ হাজার মানুষকে। এর শেষ কোথায়?
চলমান ইসরায়েল-আমেরিকা বনাম ইরান যুদ্ধের শেষ দেখা যাচ্ছে না। কম শক্তি নিয়ে হলেও আমেরিকা আর ইসরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে খামেনির ইরান। ইসরায়েলের সামান্য ক্ষতি করতে পারলেও বলা যায়– এ যুদ্ধে পশ্চিম নয়, ধ্বংস হচ্ছে পারস্য আর আরব। অর্থনৈতিক হুমকিতে পড়েছে পৃথিবী। এ পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতেই অন্তত আগামী ৫ বছর তেল আর গ্যাসের দাম যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না। তেল-গ্যাসের দাম বেশি থাকার অর্থ বিশ্বব্যাপী মূল্যস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে, সারা দুনিয়ার সাধারণ মানুষকে প্রয়োজনীয় পণ্যের বাড়তি মূল্যের মাধ্যমে পরিশোধ করতে হবে যুদ্ধের খরচ। শেয়ার বাজারে দাম বাড়ছে আমেরিকার অস্ত্র সরবরাহকারীদের। এই যুদ্ধে ইরানকে দাম দিতে হবে সবচেয়ে বেশি। দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে সুসভ্য পারসিরা।
ইরানের গোয়ার্তুমি আর আমেরিকা-ইসরায়েলের আধিপত্যবাদের যুদ্ধ কারো জন্যে যে কোনো সফল পরিণতি দেবে না তা এখনই বলে দেওয়া যায়। বিগত তিন দশকে আমেরিকা যতগুলো যুদ্ধ করেছে তার কোনোটি ভাল ফল দেয়নি। কিছুদিনের মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করে যুদ্ধের ময়দান থেকে আমেরিকার সরে পড়ার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি। অথবা খামেনির রাজত্বকে নিঃশেষ করে জয় ঘোষণা। যেটাই ঘটুক না কেন শুভ বুদ্ধির ইরানিদের কোনোটাই মুক্তি নেই। যদিও সম্ভাবনা একেবারেই নেই, তবুও যুক্তির খাতিরেও যদি মনে করি ইরান আমেরিকা এবং ইসরায়েলকে এই যুদ্ধে স্পষ্টত পরাজিত করতে পারবে, তাতেই বা কী? তাতেও মুক্তি মিলবে না সাধারণ ইরানিদের। দ্রুত যুদ্ধ বন্ধ না হলে যে পক্ষই জয় ঘোষণা করুক না কেন যুদ্ধ বিধ্বস্ত ইরানে থাকবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তারা বেচতে পারবে না নিজস্ব সম্পদ – তেল-গ্যাস, থাকবে না অবকাঠামো, স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস-আদালত, বাজার, বন্দর। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে পাঠানো ত্রাণ ছাড়া মানুষগুলো খাবারও পাবে না। সে অবস্থাও এক সময় কেটে যাবে। মানুষ উঠে দাঁড়াবেই। তারপর?
ইতোমধ্যে খোমেনির প্রতিষ্ঠিত মোল্লাতন্ত্র দুর্বল হয়ে গেছে। যুদ্ধ আরও যত চলবে খামেনিতন্ত্র ততই দুর্বল হতে থাকবে। যুদ্ধের আগেই চলছিল অর্থনৈতিক ও মানবিকতার মুক্তি আর গণতন্ত্রের জন্য আন্দোলন। চলমান যুদ্ধের মাধ্যমে আমেরিকা খামেনি সরকার পতন করতে না পারলে যুদ্ধের পর সেটা আরও প্রবল হয়ে উঠবে। শুরু হতে পারে মোল্লাতন্ত্র নিপাত করার গৃহযুদ্ধ। সে গৃহযুদ্ধের মধ্যেও নাক গলাবে ইসরায়েল, আমেরিকা, পশ্চিমারা আর প্রতিবেশী আরব দেশগুলো। অস্ত্র আর ডলার জোগাবে মোল্লাতন্ত্রের বিরোধীদের। কতদিন তা চলবে, কেউ বলতে পারে না। তাও একদিন শেষ হবে। শেষ হবে শুভবুদ্ধির মানুষের শক্তি অর্জনের মাধ্যমে।
ভরসা শুধু একটাই, ইরান প্রাচীন সভ্য দেশ, শুভ বুদ্ধির মানুষ ৭৩ বছরের এতসব অরাজকতার মধ্যেও শেষ হয়ে যায়নি নিশ্চয়ই। তারা চাইবে মৌলবাদ আর পশ্চিমা আধিপত্যবাদ– দুইয়েরই অবসান। পারসিরা যখন এ দুটো এক সঙ্গে অর্জন করতে পারবে শুধু তখনই আসবে প্রকৃত শান্তি। সে জন্যে অপেক্ষা করতে হবে আরও অনেক অনেক দিন।
