ডিজেলের দাম বৃদ্ধির জের ধরিয়া সরকার যাত্রীবাহী বাস ভাড়া বৃদ্ধির যেই সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে, উহা লইয়া সংগতভাবেই প্রশ্ন উঠিয়াছে। কারণ ডিজেলের মূল্য যেই অনুপাতে বৃদ্ধি পাইয়াছে, বাস ভাড়া বৃদ্ধি পাইয়াছে উহা অপেক্ষা অধিক। তবে এই বাড়তি ভাড়া ন্যায্য প্রমাণ করিতে বাস মালিকগণ এমন সকল ব্যয় উল্লেখ করিয়াছেন, যেইগুলি লইয়া উঠিয়াছে অধিকতর প্রশ্ন। এমনকি বাস ভাড়া নির্ধারণে যেই কমিটি গঠিত হইয়াছে, উহাতেও মালিকপক্ষের আধিক্য লক্ষণীয়, যাহা সকলের দৃষ্টিতে ধরা পড়িলেও সংশ্লিষ্টরা উহা দেখিতে পাইতেছেন না। এতকিছুর পরও সরকারের সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন লইয়া শঙ্কা রহিয়াছে।

গত বৃহস্পতিবার বাস ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনে দেখা যাইতেছে, কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হইয়াছে। যদিও মালিকপক্ষের প্রস্তাব আরও অধিক ছিল, এমনকি ভাড়া নির্ধারণ কমিটিও কিলোমিটারপ্রতি ২২ পয়সা বৃদ্ধির সুপারিশ করিয়াছিল, যেইখানে সরকার কেবল ডিজেলের মূল্য আমলে লইয়া নূতন মূল্য নির্ধারণ করিয়াছে।

আমরা জানি, ইরানের উপর মার্কিন-ইসরায়েলের চাপাইয়া দেওয়া যুদ্ধকে কেন্দ্র করিয়া মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বব্যাপী জ্বালানি তৈলের মূল্য বৃদ্ধি পাইয়াছে। উহারই প্রভাবে দেশে জ্বালানি সংকট কতখানি প্রকট– পেট্রোল পাম্পে যানবাহনের সারিই উহার প্রমাণ। সরকার যদিও বলিয়া আসিতেছে, দেশে জ্বালানি সংকট নাই এবং এপ্রিলে জ্বালানি তৈলের মূল্য বৃদ্ধি করা হইবে না। কিন্তু ১৮ এপ্রিল সব ধরনের জ্বালানি তৈলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। উহার পর পরিবহনের ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়া না হইলেও যাত্রীদের বর্ধিত মূল্য চুকাইতে হইয়াছে। সোমবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদনেই পণ্য পরিবহন ও যাতায়াত ব্যয় বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হইয়াছিল; বৃহস্পতিবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসিয়াছে।

স্মরণে রহিয়াছে, ডিজেলের মূল্য ২০২২ সালের আগস্টে লিটারপ্রতি ৮০ হইতে ১১৪ টাকা হইবার পর ঢাকায় বাসের ভাড়া কিলোমিটারে দুই টাকা ১৫ পয়সা হইতে বৃদ্ধি করিয়া দু্ই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। এইবার ডিজেলের মূল্য ১১৫ টাকা হওয়ায় ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া নির্ধারণ করা হইয়াছে ২ টাকা ৫৩ পয়সা। সেই হিসাবেও এইবার ৩ পয়সা বেশিই নির্ধারণ করা হইয়াছে। শঙ্কার বিষয়, বাস মালিক, চালক এবং সহকারীরা সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করিবেন কিনা? অভিজ্ঞতা বলিতেছে, বাসের চালক ও সহকারীরা অতিরিক্ত ভাড়া যাত্রী হইতে দাবি করিয়া থাকেন এবং বিষয়টা লইয়া সংঘাতের পর্যায়ে উপনীত হয়।

আমরা মনে করি, এই ক্ষেত্রে দায়িত্ব হইল নজরদারি ও তদারকি। অনেক সময় পরিবহনের ভাড়ার তালিকায়ও গরমিল দেখা যায়। আদায় করার সময় উহা আরও বাড়াইয়া থাকে। সরকারের নির্দেশনা ও বাস্তবতার মধ্যকার এই পার্থক্য কর্তৃপক্ষের দেখিতেই হইবে। স্বস্তির বিষয় হইল, বাড়তি ভাড়া আদায় বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ তদারকির আশ্বাস প্রদান করিয়াছে। আমরা বিশ্বাস করি, যাত্রীস্বার্থে বিআরটিএ চেয়ারম্যান তাঁহার কথা রাখিবেন।

স্মরণে রাখিতে হইবে, এমন সময়ে এই ভাড়া বৃদ্ধি করা হইয়াছে যখন বাজারে মানুষ নাকাল। পণ্যমূল্য বৃদ্ধির কারণে এমনিতেই মানুষ চাপে রহিয়াছে। এই সময় যাতায়াত ব্যয় বৃদ্ধির অর্থ মড়ার উপর খাঁড়ার ঘা। ইহার পরও পরিস্থিতির কারণে যেহেতু বাস ভাড়া বৃদ্ধি করিতে হইতেছে; তৈল ক্রয়ে ঠিক যতখানি অর্থ অধিক ব্যয় হইবে, ততখানি বর্ধিত ভাড়াই যেন আদায় করা হয়। এই ক্ষেত্রে প্রশাসন এবং মালিকপক্ষেরও দায়িত্ব লইতে হইবে।

তৎসহিত ইহাও বলা জরুরি, বিশ্ব পরিস্থিতি শান্ত হইলে এবং ডিজেলের মূল্য হ্রাস পাইলে উহার অব্যবহিত পরই বাস ভাড়া হ্রাস করিতে হইবে। মালিকপক্ষ জ্বালানি তৈলের মূল্য বৃদ্ধি হেতু যেইভাবে পরিবহন ভাড়া বৃদ্ধিতে তৎপর হইয়াছে, জ্বালানির মূল্য হ্রাসের পর অনুরূপ ভূমিকা প্রত্যাশিত। যদিও অতীতে এইরূপ নজির নাই বলিলেই চলে।