চব্বিশের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণই ছিল প্রধান আকাঙ্ক্ষা। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসন কাঠামোয় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে সহাবস্থানে থাকবেন; আওয়ামী লীগ সরকারের দেড় যুগের জবরদস্তি ও জুলুমবাজির হাত থেকে মুক্ত হবে দেশ। বিপুল আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে পরমতসহিষ্ণু পরিস্থিতি এই ভূখণ্ডে তৈরি হবে– এটিই ছিল জুলাই গণঅভ্যুত্থানের ন্যূনতম চাওয়া।

অন্তর্বর্তী সরকারের ১৫ মাসের শাসনামলে বারবার ক্ষত-বিক্ষত হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজের বিনীত আকাঙ্ক্ষা। শুরু থেকেই দেশজুড়ে মব সন্ত্রাস আগ্রাসী হয়ে ওঠে। তৌহিদি জনতা, বিক্ষুব্ধ জনতা ইত্যাদি নামে এক দল উন্মত্ত মানুষ বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে; আইন নিজের হাতে তুলে নেয় বারবার। মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মাজার, ঐতিহ্যবাহী স্থাপত্য, ঐতিহাসিক স্থাপনা, শিল্পকলা তারা ভাঙতে থাকে। রাজধানীর শিল্পকলা থেকে নানা অঞ্চলের নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট বন্ধ করতে থাকে মব সন্ত্রাসীরা। তারা ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে লাঞ্ছিত করে অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে তৃণমূলের বাউল, ফকিরদের।

বিস্ময়কর, শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রাসী মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে সরকার প্রথম থেকেই ব্যর্থ হয়; অথবা সরকার চায়নি মব সন্ত্রাস ঠেকাতে। সর্বশেষ মানিকগঞ্জে বাউল আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলে উগ্রবাদী গোষ্ঠী; পুলিশও বাউলকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে বাউল শিল্পীরা রোববার মানিকগঞ্জে প্রতিবাদ করলে পুলিশের সামনেই তাদের ওপর হামলা করে ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা। তারা প্রতিবাদী বাউলদের মারধর করে; লাথি মেরে পানিতে ফেলে দেয়। বাউল আব্দুর রহমান বলেন, ‘পুলিশের কথায় আমরা

মওলানাদের সমাবেশ থেকে অনেক দূরে ছিলাম। সমাবেশের নামে মাদ্রাসা ছাত্রদের দিয়ে আমাদের ওপর হামলা করেছে। এরা পুলিশ হত্যার আসামি, এরা পাগল হত্যার আসামি, এরা থানায় অস্ত্র লুটের আসামি’ (সমকাল, ২৪ নভেম্বর ২০২৫)। একই দিন গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার কনসার্টে হামলা করে ‘তৌহিদি জনতা’। একজন নারীর, কেউ কেউ বলছেন শিল্পী, মই বেয়ে মাঠের পেছনের দেয়াল টপকানোর ভিডিও ‘ভাইরাল’ হয়েছে। এভাবেই দেশজুড়ে সাংস্কৃতিক চর্চা, মতপ্রকাশ ও ধর্মীয় অধ্যাত্মবাদের অনুশীলনকে নিশানা করছে একটি মহল। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশার। সমাজ-রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’

২. ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও নেতাকর্মী অনেকের আচরণ সত্যিই প্রশ্নবিদ্ধ; কেউ কেউ কার্যত ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। শনিবার চট্টগ্রামে নির্বাচনী সম্মেলনে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে জয়লাভ করতে হলে প্রশাসনকে, প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। পুলিশকে, ওসিকে আমাদের পেছনে ছুটে আসতে হবে। নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। প্রশাসনকে আমাদের কথায় উঠতে, বসতে হবে। মামলা দায়ের করবে, গ্রেপ্তার করবে। ওসি সাহেব সকালে প্রোগ্রাম জেনে নেবেন, প্রটোকল দেবেন।’

সরল স্বীকারোক্তি বটে। শীর্ষ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নির্বাচনের আগে ছলে-বলে-কৌশলে প্রশাসনকে নিয়ন্ত্রণে আনবার যে অভিযোগ– জামায়াত নেতার বক্তব্য তারই সাক্ষ্য। একই সঙ্গে প্রকাশ পেয়েছে তাদের অগণতান্ত্রিক মনোভঙ্গি, নির্বাচনকে কুক্ষিগত করবার বেপরোয়া রণকৌশল। শাহজাহান চৌধুরীই আরেক বক্তৃতায় বলেছেন, ‘আল্লাহতায়ালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, জামায়াত ইসলামীকে ক্ষমতা দেবেন।’ ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের এর চেয়ে স্পষ্ট উদাহরণ আর কী হতে পারে! এটা কি অন্য দলকে ভোট দিতে ইচ্ছুক মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়?

নির্বাচন সামনে রেখে নানা দিক থেকে যেভাবে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করে তোলা হচ্ছে, এতে সমাজে সাম্প্রদায়িকতার উল্লম্ফন দেখা যাচ্ছে। সরকারকে বিষয়টি বিবেচনায় এনে রাজনীতিতে ধর্মের অপব্যবহার বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে। অবশ্যই যে কোনো দল ইসলামিক শাসনের পক্ষে নিজেদের অবস্থান নিতে পারে; তবে তা স্পষ্ট করতে হবে। ইহজাগতিক বিধি-বিধান ও আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পারলৌকিক বিশ্বাসের অপব্যবহার অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত। রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রসঙ্গে গণঅভ্যুত্থানজয়ী সরকারের বক্তব্য জরুরি।

৩. ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন। কিন্তু ফ্যাসিবাদ-উত্তর সমাজ বর্তমানে বিভক্তি ও বিভাজনে বিক্ষত। স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে একটি অংশকে সমাজের বাইরে রাখবার প্রবণতা যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে। ব্যক্তি যদি আইন নিজের হাতে তুলে নেয়; তাহলে সমাজে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়। আইনের কাজ আইনকেই করতে হবে। এ জন্য বিধিবিধান রয়েছে। সরকারকে নৈর্ব্যক্তিকভাবে সেই কাজ তত্ত্বাবধান করতে হবে। সেই কাজে সরকারকে কোনোভাবেই সফল বলা যাচ্ছে না। চব্বিশের জুলাই-আগস্টে আওয়ামী লীগ নেতাকর্মীর একটি অংশ আন্দোলনকারীদের দমন এমনকি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। এর বিচার শুরু হয়েছে, তবে আওয়ামী লীগের সব নেতাকর্মী হত্যাকারী নন। জাতীয় পার্টি ও ১৪ দলও হত্যাকারী নয়। অন্তত তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়নি। কিন্তু সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যৌক্তিক সিদ্ধান্ত এখনও দেখি না। ব্যক্তিগত বিবেচনায় ‘এ, ওকে’ বা ‘সে, তাকে’ নিষিদ্ধ করছে। বিষয়টি অনেকটা এ রকম– যেনতেনভাবে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমিয়ে এনে নিজের সম্ভাবনা যতটা বাড়িয়ে নেওয়া যায়। এ দেশে রাজনৈতিক হত্যার বিচার নিয়ে প্রশ্ন বরাবরই রয়েছে। হিংসা, প্রতিহিংসা ও আরও হিংসা– এই তো আমাদের রাজনৈতিক ইতিহাস। এর পুনরাবৃত্তি থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ধৈর্যের সঙ্গে অপরজনের কথা শুনবার মনোবৃত্তি থাকতে হবে। তিনি স্বৈরাচার; এখনই সমাজ থেকে তাঁকে বেরিয়ে যেতে হবে– এই মানসিকতাই স্বৈরাচারী। আইনকে তার নিজ গতিতে চলতে দিতে হবে।

আইন আপন গতিতে তখনই চলবে, যখন সরকার সেই সম্পর্কে সজাগ থাকবে। সরকারকে আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হয়ে ঘোষণা করতে হবে– উপদেষ্টাসহ বর্তমান সরকারের অংশ কেউই পরবর্তী নির্বাচিত সরকারে যুক্ত হতে পারবেন না। এটা যত দ্রুত ঘোষণা করা হবে তত দ্রুত সরকারের অবস্থান স্পষ্ট হবে। বিপুলসংখ্যক রাজনৈতিক নেতাকর্মী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন; তাদের দায়িত্বও গুরুত্বপূর্ণ।

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, তা সমূলে ধ্বংস হতে পারে উগ্রবাদী ফ্যাসিবাদী আয়োজনে। বাংলাদেশের আত্মপ্রকাশের রক্তাক্ত অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ। এর মধ্য দিয়ে আমরা পাকিস্তান থেকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে স্বাধীন হয়েছি। কাজেই মুক্তিযুদ্ধের চেতনা– ধর্মনিরপেক্ষতাসহ চারটি মূল স্তম্ভের অপসারণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন নিয়ে সমাজে উগ্রবাদীদের আশকারা দেওয়ার যে বন্দোবস্ত, তারই দৃশ্যায়ন আমরা নানা ঘটনায় দেখছি। এ দেশের সংস্কৃতি এ দেশের শিকড়ে প্রোথিত; হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতা উগ্রবাদের কবলে ধ্বংস হতে পারে না। সরকার যত দ্রুত এ সত্য বুঝবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদবিরোধী তৎপরতাও কমে আসবে। মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com