দেশের প্রান্তিক পোলট্রি খামারিদের দুর্দিন দীর্ঘ হইতে দীর্ঘতর হইলেও প্রশাসনের তরফে কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হইতেছে না। শুক্রবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে টাঙ্গাইলের পরিস্থিতি উঠিয়া আসিলেও একরৈখিক এই খাতের দেশীয় চিত্রও ভিন্ন হইতে পারে না। জানা গিয়াছে, একাদিক্রমে চার মাস উৎপাদন ব্যয় অপেক্ষা স্বল্প মূল্যে ডিম্ব বিক্রয়ে বাধ্য হইতেছেন প্রান্তিক পোলট্রি খামারিরা। ডিম্বপ্রতি উৎপাদনে যেইখানে ব্যয় প্রায় সাড়ে ৯ টাকা, সেইখানে খামারিদের বিক্রয় করিতে হইতেছে সাড়ে ছয় টাকায়। এই লোকসান টানিয়া লওয়া, ঋণের চাপ, বকেয়া বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন– সাকল্যে প্রান্তিক খামারিদের জীবন এখন অনিশ্চয়তার দোলাচলে। যেই কারণে অনেকে খামার গুটাইয়া ফেলিয়াছেন; কেহ পেশা বদল করিয়াছেন; কেহ বা ঋণের চাপে এলাকাছাড়া। ডিম্বের রাজধানী টাঙ্গাইলেই যেইখানে এই অবস্থা, দেশের অন্য জায়গার পরিস্থিতি সহজেই অনুমেয়।
ইহা স্পষ্ট, ছোট খামারিদের উৎপাদন ব্যয় তুলনামূলক অধিক হওয়ায় তাহারা দ্রুত লোকসানে আপতিত হন। বড় বাণিজ্যিক খামার সহজে ঋণ ও সরকারি সুবিধাপ্রাপ্ত হইলেও প্রান্তিক খামারিদের সেই সুযোগ নাই। যেই কারণে তাহারা একবার ক্ষতির সম্মুখীন হইলে পুনরুৎপাদন শুরু করিতে পারেন না। অথচ প্রান্তিক খামারিদের পরিশ্রমের কারণেই দেশের পোলট্রি শিল্প আজ প্রায় ৫০ হাজার কোটি টাকার খাতে পরিণত হইয়াছে। কেবল তাহাই নহে, এই খামারিরাই এতদিন স্বল্প মূল্যে ডিম্ব ও মুরগি সরবরাহ করিয়া দেশের মানুষের আমিষের চাহিদা মিটাইয়াছেন। প্রান্তিক খামারিরা টিকিতে না পারিলে পোলট্রি শিল্প মুষ্টিমেয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে যাইবার আশঙ্কা রহিয়াছে। তাহাতে ভোক্তা যদ্রূপ ক্ষতিগ্রস্ত হইবে, তদ্রূপ প্রান্তিক খামারিরা পথে নামিবে। আমরা জানি, আশির দশক হইতেই পোলট্রি খাত কৃষির উপখাতরূপে গ্রামীণ কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখিতেছে। বাণিজ্যিকভাবে ব্যক্তিগত বিনিয়োগে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বড় আকারের খামার গড়িয়া উঠিয়াছে।
আমরা দেখিয়াছি, অনেক বেকার যুবক বিভিন্ন প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণ লইয়া খামার ব্যবসা শুরু করিবার ফলে পোলট্রি খাতের যদ্রূপ দ্রুত সম্প্রসারণ ঘটিয়াছিল, তদ্রূপ এই ব্যবসা সফলতায় অনেকেরই ভাগ্য ফিরিয়াছিল। ২০২০-২১ সালে করোনা মহামারির কারণে পোলট্রি খাত বিপর্যস্ত হইয়াছিল। ঐ সময় সরকার কিছু প্রণোদনা দিলেও পোলট্রি খাতের প্রান্তিক খামারিরা তেমন উপকৃত হয় নাই। এমনকি বিবিধ জটিলতায় ব্যাংক হইতে অনেক খামারি যে ঋণ পান নাই উহাও সমকালের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছিল। ইহার পর পোলট্রি খামারিরা উঠিয়া দাঁড়াইলেও নানামুখী সংকটে পড়িয়াছেন। মুরগি ছানা ও খাবার সিন্ডিকেট করিয়া উৎপাদক কোম্পানিগুলির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যাহার অন্যতম।
বস্তুত পোলট্রি খাত লইয়া সরকারের দীর্ঘমেয়াদি কার্যকর নীতিমালা নাই। পোলট্রি উন্নয়ন নীতিমালা বাস্তবায়িত হইলে এই খাত যদ্রূপ সুরক্ষা পাইতে পারে তদ্রূপ প্রান্তিক খামারিদের টিকাইয়া রাখিবার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহজ হইবে। উৎপাদন ব্যয়ের সহিত সামঞ্জস্য রাখিয়া ডিম্বের ন্যূনতম মূল্য নির্ধারণ করা জরুরি। প্রান্তিক খামারিদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা দরকার। মুরগির খামারিদের লাভের গুড় মধ্যস্বত্বভোগীরা যেইভাবে খাইতেছে, সেইখানেও দৃষ্টি দিতে হইবে। পোলট্রি খামারিদের কৃষক কার্ড ও ভর্তুকি প্রদান এবং ক্ষুদ্র খামারিদের জন্য পৃথক নীতিগত সহায়তা দেওয়া হইলে তাহারা পুনরায় দাঁড়াইতে পারিবে।
দরিদ্র মানুষের প্রাণিজ আমিষের সরবরাহ নির্বিঘ্ন রাখিবার স্বার্থে যদ্রূপ প্রান্তিক মুরগি খামারিদের সুরক্ষায় ব্যবস্থা লইতে হইবে তদ্রূপ গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম মাধ্যম হিসাবেই এই খাতকে গুরুত্বের সহিত লইতে হবে। আমরা প্রত্যাশা করি, টাঙ্গাইলকে বিশেষ গুরুত্ব প্রদান করিয়া সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমগ্র দেশের পোলট্রি শিল্পের সাম্প্রতিক সংকট নিরূপণ ও উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
