দীর্ঘদিন পর দেশ একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগোচ্ছে। এই নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে সরকার গঠন করুক, পরিবেশ নিয়ে কার্যকর ও সমন্বিত পরিকল্পনা নিতে হবে তাদের। না হলে দেশের জনগণ টেকসই উন্নয়নের স্বাদ কখনোই পাবে না। অন্তত আমাদের চারপাশের বায়ু, শব্দ ও পানি–তিনটির দূষণ নিয়ন্ত্রণ করা গেলে পরিবেশের উন্নতি সাধন হয়েছে বলা যাবে।

জাতীয় ও আন্তর্জাতিক সব সমীক্ষাই বলে, বাংলাদেশের শহরগুলোতে বায়ুমান সার্বিক মানমাত্রার অনেক ঊর্ধ্বে অবস্থান করে; যা মানবদেহের জন্য হুমকিস্বরূপ। এ থেকে মানবদেহে শ্বাস-প্রশ্বাসজনিত, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন ও স্নায়বিক বিভিন্ন রোগ হতে পারে। অন্যদিকে শব্দদূষণ আমাদের দেশে পুরাপুরি অবহেলিত, ঢাকাসহ অন্যান্য শহরে যে যেভাবে যখন খুশি শুধু শব্দ করে যাচ্ছে, কারও কোনো ভ্রুক্ষেপ নেই। মূলত যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণ কার্যক্রম, নির্মাণসামগ্রী পরিবহন ও সংরক্ষণ, ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া, গৃহস্থালি বর্জ্যের অপরিকল্পিত যত্রতত্র নিক্ষেপ ইত্যাদি উচ্চ বায়ুদূষণের প্রধান কারণ। শব্দদূষণেরও উৎস অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহন ইত্যাদি।

সবার ধারণা, পানিদূষণের জন্য কলকারখানা থেকে নির্গত অপরিশোধিত তরল বর্জ্যই দায়ী। বাস্তবে গৃহস্থালি বর্জ্য এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ঢাকার চারপাশের নদীগুলোতে প্রতিদিন হাজার হাজার টন অপরিশোধিত তরল গৃহস্থালি পয়ঃবর্জ্য পড়ে। এ ছাড়া ঢাকা শহরে প্রতিদিন ১৫ হাজার থেকে ১৬ হাজার টন গৃহস্থালি কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার বড় অংশ নালা-নর্দমার মাধ্যমে আশপাশের নদীতে এসে পড়ে। সাধারণত সেপটিক ট্যাঙ্কের মাধ্যমে পয়ঃবর্জ্য খুব সীমিত আকারে পরিশোধন হয় এবং অপরিশোধিত এই তরল বর্জ্য পরে ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানির সঙ্গে মিশে যায়। অন্যদিকে আমাদের সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার শতকরা ৯০ ভাগের বেশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল, যা উত্তোলন পরবর্তী কোনো পরিশোধন ছাড়াই সরবরাহ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সাধারণত গ্রামীণ মানুষ অগভীর নলকূপ ও চাকতির ওপর স্থাপিত টয়লেট পেয়ে থাকে। নলকূপগুলো বেশির ভাগ ক্ষেত্রে স্থানবিশেষে ৫০ ফুট থেকে ৩০০ ফুট পর্যন্ত গভীর হয়ে থাকে। টয়লেটের চাকতিগুলো পরস্পর সংযুক্ত থাকলেও নিম্নভাগ উন্মুক্ত থাকে। ফলে পয়ঃবর্জ্য খুব সহজেই ভূগর্ভের পানির সঙ্গে মিশে যায়। আবার বন্যার সময় বা বর্ষাকালে টয়লেটের পানি আর পুকুরের পানি সব একাকার হয়ে যায়। এ কারণে এখনও পানিবাহিত রোগই বাংলাদেশে প্রধানতম রোগ।

সার্বিক বিবেচনায় আমাদের দেশের টেকসই পরিবেশ ব্যবস্থাপনার জন্য সময়ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করা জরুরি– বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য যেখানে সেখানে নির্মাণসামগ্রীর সংরক্ষণ বন্ধ করা, উন্মুক্ত ও খোলা অবস্থায় সংরক্ষণ ও পরিবহন করতে না দেওয়া এবং নির্মাণকালে নির্মাণাধীন স্থাপনা ঢেকে রাখা প্রয়োজন। যানবাহনের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, বিশেষ স্থানে ব্যক্তিগত যানবাহনের জন্য দিনের বিভিন্ন সময়ে যানজট মূল্য (কনজেশ্চান চার্জ) নির্ধারণ করে দেওয়া, যানবাহনের হর্ন বাজানো পুরাপুরি নিষিদ্ধ করা, শহরের বিভিন্ন স্থানকে শব্দ সৃষ্টিসূচক বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা, উচ্চ স্বরে মাইক বাজানো বন্ধসহ নানা পদক্ষেপ গ্রহণ করা। ইটভাটা ও অন্যান্য ধুলো উৎপাদনকারী কারখানার চিমনিতে অনতিবিলম্বে ধুলো নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া।

পানিদূষণ নিয়ন্ত্রণে–ক) উৎপাদন প্রক্রিয়ায় তরল বর্জ্য সৃষ্টিকারী প্রতিটি কারখানায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করতে হবে। ইটিপির কার্যক্রম বিশেষ ব্যবস্থায় পরিবেশ অধিদপ্তরকে সার্বক্ষণিক মনিটর করতে হবে। খ) ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণের ঊর্ধ্বে সবার ক্ষেত্রেই নলকূপের নির্গমনে মিটার বসিয়ে মূল্য নির্ধারণ করে তা আদায় করতে হবে। তবে গৃহস্থালি কাজে ব্যবহারের ক্ষেত্রে ভূগর্ভস্থ পানি বিনামূল্যে উত্তোলন করা যেতে পারে। তরল বর্জ্য উৎপাদনকারী কারখানাগুলোতে উৎপাদিত পণ্যের একক ভিত্তিতে পানি ব্যবহারের মাত্রা নির্ধারিত করে দিতে হবে। গ) কলকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় অবশ্যই গৃহস্থালি তরল বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপন নিশ্চিত করতে হবে।

ঘ) সিটি করপোরেশন এলাকায় কেন্দ্রীয়ভাবে এক বা একাধিক এসটিপি স্থাপনের জরুরি উদ্যোগ নিতে হবে। ঙ) মফস্বল বা গ্রামীণ এলাকায় প্রতিটি ওয়ার্ড বা ইউনিয়নভিত্তিক এক বা একাধিক ছোট ছোট এসটিপি বসানোর ব্যবস্থা নিতে হবে, যাতে গ্রামাঞ্চলের ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ পানি ও পায়খানার বর্জ্য দ্বারা দূষিত না হয়। চ) সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন কাউন্সিলভিত্তিক গৃহস্থালি ও বাণিজ্যিক ব্যবহার থেকে উৎপন্ন কঠিন বর্জ্য সংগ্রহের নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং তা নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে প্রয়োজনীয় পরিশোধন ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছ) হাসপাতাল থেকে উৎপন্ন কঠিন বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করতে হবে, তা কোনোভাবেই পূর্ব-পরিশোধন ছাড়া গৃহস্থালি বর্জ্যের সঙ্গে মেশানো করা যাবে না। ঞ) সারাদেশে পানিবাহিত রোগ নিরাময়ের লক্ষ্যে জনসাধারণের জন্য সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তার জন্য ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ উভয় পানির ক্ষেত্রে পানযোগ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিশোধন পদ্ধতি গড়ে তুলতে হবে।

এই বিশাল কর্মযজ্ঞ সুচারুভাবে অল্প সময়ে বাস্তবায়ন করা না গেলে দেশের বাস্তবসম্মত টেকসই উন্নয়ন সম্ভব নয়। তবে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে শুরু করলে সরকার পাঁচ বছরে শুধু স্বাস্থ্য খাত থেকে যে অর্থ সাশ্রয় হবে, তা দিয়ে সারাদেশে ওই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তরকে ঢেলে সাজাতে হবে। এর আওতাও বাড়াতে হবে। প্রয়োজনে বড় শহর বা সিটি করপোরেশন এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য স্বতন্ত্র বিভাগ চালু করা যায়। যেমন–বৃহত্তর ঢাকা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিভাগ, যার কাজ হবে ঢাকা এবং এর আশপাশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা। ড. নাসির খান: যুক্তরাজ্যপ্রবাসী বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শক nukhan05@gmail.com