মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গিয়ে কখনও কারও আর্থিক প্রয়োজন দেখা দেয়। কারও বিপদে পাশে দাঁড়ানো, অভাবীকে সাহায্য করা ইসলামের অন্যতম শিক্ষা। সাহায্যের এই পদ্ধতিগুলোর মধ্যে কর্জে হাসানা সবচেয়ে উত্তম ও ফজিলতপূর্ণ।

কর্জ অর্থ ঋণ। হাসানা অর্থ উত্তম, সুন্দর। কর্জে হাসানা হলো, কোনো অভাবী মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য সুদবিহীন ঋণ দেওয়া। যে ঋণে ঋণদাতা শুধু আসল টাকাই ফেরত নেবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ছয় জায়গায় কর্জে হাসানা শব্দটি উল্লেখ করেছেন। তিনি নিজেই মানুষের কাছে উত্তম ঋণ চেয়েছেন। সুরা বাকারার ২৪৫ আয়াতে এরশাদ হয়েছে, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে। ফলে তিনি তাঁর জন্য তা বহু গুণ করে দেবেন। এ আয়াতে মহান আল্লাহ অভাবীকে ঋণ দেওয়া নিজেকে ঋণ দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।

সুরা মুজ্জাম্মিলের ২০ আয়াতে এরশাদ হয়েছে– আর নামাজ কায়েম কর, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। এ আয়াতে মহান আল্লাহ নামাজ-জাকাতের পাশাপাশি কর্জে হাসানাকে মুমিনের গুণ হিসেবে উল্লেখ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) কর্জে হাসানার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।

হাদিস শরিফে বর্ণিত, রাসুলে কারিম (সা.) এরশাদ করেন, প্রতিটি কর্জে হাসানা হলো সাদকার মতো। (আহমাদ) রাসুলে কারিম (সা.) আরও এরশাদ করেন, যে ব্যক্তি কোনো অভাবীকে সময় দেয় বা তাকে মাফ করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তাকে আরশের ছায়ায় স্থান দেবেন। (সহিহ মুসলিম) অপর হাদিসে বর্ণিত, রাসুলে কারিম (সা.) এরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের অভাব দূর করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার একটি কঠিন বিপদ দূর করে দেবেন। (সহিহ বুখারি) ইসলাম সুদকে হারাম করেছে কঠোরভাবে। কারণ সুদ মানুষের ওপর জুলুম। সুদে টাকা বাড়তেই থাকে। তাই অভাবী আরও অভাবগ্রস্ত হয় এবং গরিব আরও গরিব হয়। আর কর্জে হাসানায় শুধু আসল ফেরত দিতে হয়। এর ফলে সম্পর্ক নষ্ট হয় না, বরং পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি পায়।

কর্জ দিতে গেলে কিছু আদব মানতে হয়: একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে কর্জে হাসানা দিতে হবে। বিনিময়ে কোনো কিছু দাবি করা যাবে না। এমনকি কখনও এ বিষয়ে খোঁটা দেওয়া যাবে না। ঋণ গ্রহীতার সুবিধামতো সময় দিতে হবে।

এ বিষয়ে মহান আল্লাহ সুরা বাকারার ২৮০ আয়াতে এরশাদ করেন– ‘আর যদি সে অভাবী হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দাও। সম্ভব হলে মাফ করে দেওয়াই উত্তম। এটা সাদকার চেয়েও বড়।’ বড় অঙ্ক হলে লিখিত দলিল রাখা সুন্নত। গ্রহীতা সময়মতো ফেরত দিতে না পারলে গালি বা অপমান করা যাবে না, বরং তাকে সুযোগ দিতে হবে। সুদমুক্ত ঋণ পেলে সমাজের গরিব মানুষ ছোট ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে। এর দ্বারা সামাজিক বন্ধন মজবুত হয়। একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পায়। সমাজে অপরাধপ্রবণতা কমে আসে। অভাবের কারণে অনেকেই চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কর্জে হাসানা চালু হলে এসব অপরাধ অনেকটাই কমে আসবে। আজকের সমাজে কর্জে হাসানা আদান-প্রদান করা খুবই প্রয়োজন। আত্মীয়স্বজন কিংবা প্রতিবেশীর বিপদ-আপদে তাদের পাশে দাঁড়ানো, প্রয়োজনে তাদের কর্জে হাসানা প্রদান করা। মসজিদ, মাদ্রাসা, ইসলামী ব্যাংক ও সরকারি পর্যায়ের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও কর্জে হাসানা প্রকল্প চালু করতে পারে। যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হতে পারে। কর্জে হাসানা শুধু আর্থিক লেনদেন নয়, এটি একটি ইবাদতও বটে। এর মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। ড. মো. শাহজাহান কবীর: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা