দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিনদিন ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে। বিনিয়োগ খরা, আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতা, বেকারত্ব বৃদ্ধি, কর্মসংস্থানের বদলে কর্মজীবী বেকার হওয়া, মানুষের আয় কমে যাওয়া, জিনিসপত্রের ঊর্ধ্বগতি থেকে অর্থনীতিতে কোনো সুখবর নেই। অর্থনীতির প্রতিটি সূচক নিম্নগামী। এর মধ্যে চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্বসহ আইনশৃঙ্খলার অবনতি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সাধারণ মানুষ ধীরে ধীরে ক্ষুব্ধ-বিক্ষুব্ধ হয়ে উঠছে। তার নমুনা এখন দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। গতকাল ইংরেজি দৈনিক নিউ এজের এক প্রতিবেদনে শ্রমিক, ব্যবসায়ী, কৃষক জিনিসপত্রের দাম বৃদ্ধি, চাঁদাবাজি, সারসংকট নিয়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চিত্র তুলে ধরেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বুধবার উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রায় এক হাজার গার্মেন্ট শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে অবরোধ করে। গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সাভারে ব্যাটারিচালিত রিকশাওয়ালারা সড়ক অবরোধ করে প্রতিবাদ করে। ময়মনসিংহে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে। অন্যদিকে, সারসংকটের কারণে নওগাঁওয়ে শতাধিক কৃষক রাজশাহী-নওগাঁও হাইওয়ে অবরোধ করে। বিভিন্ন শ্রেণীর এসব আন্দোলনকারিদের ক্ষোভ-বিক্ষোভের কারণ প্রায় একই। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। সংসার চালাতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠেছে। বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছে। অর্থনীতিবিদদের মতে, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা বাধ্য হয়েই আন্দোলনে নামে। এই আন্দোলন সরকারের জন্য অশনি সংকেত।
আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনীতির যে পূর্বাভাস দিয়েছে, তাতে দুঃসংবাদ ছাড়া কিছু নেই। গত মঙ্গলবার প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আরও কমে ৩.২ শতাংশ হবে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকও একই পূর্বাভাস দিয়েছে। দেশের বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও অর্থনীতির চরম সংকটের কথা বলা হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে হাহাকার চলছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক বলেছেন, আমরা কঠিন সময় পার করছি। আন্তর্জাতিক ও দেশীয় সংস্থাসহ ব্যবসায়ীরা যখন অর্থনীতির শোচনীয় পরিস্থিতির কথা বলে, তখন তা অস্বীকার করার উপায় নেই। অর্থনীতির এই সংকটের কথা তারা না বললেও বাস্তবে সাধারণ মানুষ তা হাড়েহাড়ে টের পাচ্ছে।
অভাব-অনটন সহ্য করতে না পেরেই বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ সড়ক অবরোধসহ আন্দোলন করছে। পর্যবেক্ষকদের মতে, ছোট ছোট এসব আন্দোলন এক সময় বড় আকার ধারণ করবে। চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পতন হয়েছে, তার অন্যতম কারণ ছিল, অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি এবং দেশের মানুষের জীবনযাপনের টানাপোড়েন। বলার অপেক্ষা রাখে না, ভারতে এখন যে আন্দোলন চলছে, তা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি হলেও এর সাথে দেশটির অর্থনৈতিক মন্দা ও বেকারত্বের বিষয়গুলো যুক্ত হয়েছে। এ আন্দোলন এখন শুধু প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ নেই। এর আগে শ্রীলঙ্কা, নেপালে যে আন্দোলন এবং সরকার পতন হয়েছিল, তারও অন্যতম কারণ ছিল, দেশগুলোর অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি।
দেশের বিভিন্ন স্থানে একই দিনে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে যে বিক্ষোভ প্রদর্শন করেছে, তা সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটের ক্ষোভ-বিক্ষোভের প্রতিনিধিত্ব করে। তাদের এই আন্দোলনে উৎসাহী হয়ে যদি অন্য পেশার মানুষ আন্দোলনে নামে, তবে তা বড় আন্দোলনে রূপ নেবে। এর সাথে বিরোধী রাজনৈতিক দল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুক্ত হয়ে যাবে। তখন সরকারের পক্ষে তা সামাল দেয়া সম্ভব হবে না। শুধু তাই নয়, ডিসেম্বরে হাসিনা দেশে ফিরবে বলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা তার দোসররাও তাতে যুক্ত হয়ে যাবে। ইতোমধ্যে তার আলামত পরিদৃষ্ট হচ্ছে। গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেশে বিদেশি বিনিয়োগ বিশেষ করে চীনের বিশাল বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা প্রতিবন্ধক হয়ে উঠেছে।
প্রশাসনে এখনো ভারতের চেতনাধারী আমলারা প্রভাব বিস্তার করে আছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, ঘাপটি মেরে থাকা এসব আমলারা ডিসেম্বরে হাসিনা ফিরবে, এমন আশায় সরকারকে বিপাকে ফেলতে কাজের গতি কমিয়ে দিয়েছে। সুবিধা অনুযায়ী, তারা তাদের মুখোশ উন্মোচন করবে। যেকোনো দেশের অর্থনীতি যদি নাজুক হয়ে পড়ে, তাতে সরকারের ভিত্তিও দুর্বল হয়ে যায়। সরকার টিকে থাকে শক্তিশালী অর্থনীতির উপর। সাধারণ মানুষ যদি কষ্টে থাকে এবং তাদের জীবনযাপনে নাভিশ্বাস উঠে, তাহলে সরকার যত ভালো কথাই বলুক না কেন, তা তারা শোনে না। বর্তমানে যেসব আলামত দেখা যাচ্ছে, তাতে পরিস্থিতি সেদিকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সরকার যতই বলুক ভঙুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তা তারা এখন শুনতে চায় না।
তারা চায়, সরকার এই ভঙুরতা কাটিয়ে তাদেরকে মোটামুটি স্বস্তিতে রাখুক। তাদের এ প্রত্যাশা পূরণ না হয়ে উল্টো নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চরম কষ্টের মধ্যে পড়েছে। দেশে খাদ্যের অভাব না থাকলেও, আয় কমে যাওয়ায় তাদের পক্ষে প্রয়োজনীয় খাদ্য কেনা সম্ভব হচ্ছে না। ঘরে ঘরে অভাবন-অনটন চলছে। সংসার চালানো নিয়ে সাধারণ মানুষ দুঃশ্চিন্তার মধ্যে রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক এই ভঙুরতা থেকে উত্তরণ সহজ নয়। তবে পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সাহসী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলেও সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে এখনই জরুরি কিছু উদ্যোগ নিতে হবে। অর্থনীতিবিদদের মতে, সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো।
প্রবৃদ্ধি নিম্নগামী এবং মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হতে থাকলে অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হয়ে যাবে। পর্যবেক্ষকদের মতে, অর্থমন্ত্রী মুখে অনেক ভালো ভালো কথা বলেন। তবে বাস্তবে অর্থনীতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পারছেন না। তাহলে, তিনি কী করছেন, এমন প্রশ্ন দেখা দিয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারে অর্থমন্ত্রীর ভূমিকা বলতে কিছু নেই। তা নাহলে, সাধারণ মানুষের জীবনযাপন দিন দিন কেন শোচনীয় পরিস্থিতির দিকে যাবে? বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করবে? তার সুন্দর কথা দিয়ে কি মানুষের পেট ভরবে? তাদের আন্দোলন থামাতে পারবে? পারবে না। অর্থমন্ত্রী চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, যা সরকারের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। এ ব্যাপারে সরকারের সতর্ক ও সচেতন থাকা উচিৎ। সাধারণ মানুষের জীবনযাপন ও অভাব-অনটন দূর করতে এসওএস ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে স্বতঃস্ফূর্ত কর্মযজ্ঞ দ্রুত শুরু করতে হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। বন্ধ শিল্পকারখানা চালু করতে সরকার যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে, তা যাতে সহজে এবং দ্রুত মালিকরা পায়, সে ব্যবস্থা করতে হবে। যেসব শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেগুলো যাতে বন্ধ না হয়, সে ব্যবস্থা করতে হবে। ধীরলয়ে কিংবা করব-করছির মধ্যে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, তখন তা সমালা দেয়া কঠিন হয়ে পড়বে। মনে রাখা দরকার, সাধারণ মানুষকে স্বস্তিতে রাখলে, সরকারও স্বস্তিতে থাকবে।
