দেশে জ্বালানি তৈলের মজুত পর্যাপ্ত– সরকার এইরূপ বক্তব্য ভোক্তামহলের উদ্বেগ-উৎকণ্ঠা সামান্যই প্রশমিত করিতে পারিতেছে। সমকাল অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী মঙ্গলবার বলিয়াছেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু মানুষ প্রয়োজনের তুলনায় অধিক তৈল ক্রয় করায় পাম্পগুলিতে সময়ের পূর্বেই তৈল শেষ হইয়া যাইতেছে। অন্যদিকে ক্রেতাগণের অভিযোগ, কোনো পাম্পেই তাহারা চাহিদানুযায়ী তৈল পাইতেছেন না। তৈলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিতে গিয়া তাহারা ক্লান্ত, বিরক্ত ও তিক্ত হইয়া পড়িতেছেন। অনেক স্থানে ক্রেতা-বিক্রেতার মধ্যে বচসা হস্তযুদ্ধেও রূপ পরিগ্রহ করিতেছে। উপরন্তু বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সংবাদমাধ্যমকে অবহিত করিয়াছেন, ডিপো হইতে পাম্পগুলিতে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি সরবরাহ করা হইতেছে, যাহা বর্তমান চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে কোথাও পাম্প তৈল পাইতেছে না। আবার কোথাও প্রয়োজনের তুলনায় কম পাইতেছে। এহেন পরিস্থিতিতে পেট্রোল পাম্প মালিক সমিতি সোমবার সামাজিক মাধ্যমে জানাইয়াছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলি বন্ধ হইবার শঙ্কা তৈয়ার হইয়াছে।
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় সমগ্র বিশ্বেই জ্বালানি তৈলের সংকট দেখা দিয়াছে। বাংলাদেশও এই ক্ষেত্রে ব্যতিক্রম নহে; বিশেষত সিংহভাগ জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরতা হেতু। আমরা মনে করি, এই সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ হইল সকল অংশীজনের সমন্বিত ভূমিকা। অর্থাৎ যেই পরিমাণ জ্বালানি তৈল দেশে রহিয়াছে কিংবা সংগ্রহ করা সম্ভব, সেই পরিমাণ তৈলের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা। এই ক্ষেত্রে সরকার যদ্রূপ জ্বালানি তৈল ব্যবহারে রেশনিং প্রথা চালু করিয়াছে, তদ্রূপ ক্রেতাদেরও সাশ্রয়ী হইতে হইবে। কিন্তু গোল বাধাইয়াছে তৈলের মজুত সম্পর্কে সরকারের বক্তব্য, যাহা রেশনিং প্রথার সহিত সামঞ্জস্যপূর্ণ নহে।
স্মরণ করা যাইতে পারে, মার্চ মাসের সূচনায় বিদ্যমান সংকট ঘনীভূত হইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানাইয়াছিল, এপ্রিল পর্যন্ত দুই লক্ষ ৮০ সহস্র টন ডিজেল আমদানি চূড়ান্ত করিয়াছে জ্বালানি বিভাগ এবং তখনই চট্টগ্রাম বন্দরে নাকি একটি জাহাজের তৈল খালাস হইতেছিল। বলা হইয়াছিল, আরও দুইটি জাহাজ অচিরেই আসিতেছে। সরবরাহ যথেষ্ট থাকিলে রেশনিংয়েরই বা প্রয়োজন কী? কোনো সাধারণ ক্রেতার পক্ষে কি জ্বালানি তৈল মজুত করা সম্ভব? চাহিদার অতিরিক্ত তৈল ক্রয় করিয়া তাহারা কী করিবেন? শুধু উহা নহে, বিপিসি আরও জানাইয়াছিল, দেশীয় গ্যাসক্ষেত্র হইতে প্রাপ্ত উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাত করিয়া বৎসরে যেই পরিমাণ পেট্রোল পাওয়া যায়, তাহা দেশের চাহিদা অপেক্ষা অধিক। একই প্রক্রিয়ায় প্রাপ্ত অকটেনও প্রায় যথেষ্ট। আর ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে এই দুই প্রকার জ্বালানিই মূলত ব্যবহৃত হয়। অথচ ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল মালিক-চালকদেরই মধ্যে তৈল লইয়া অধিকতর হাহাকার দৃশ্যমান। এহেন পরিস্থিতির জন্য বিপিসির অব্যবস্থাপনা ও ঢাকঢাক গুড়গুড়ই যে প্রধানত দায়ী, উহাতে সন্দেহের অবকাশ সামান্যই। সংস্থাটি সম্ভবত ভাবিয়াছিল, ভোক্তা পর্যায়ে জ্বালানি তৈল ক্রয়ে নির্দিষ্ট সীমা ধার্য করিলেই তাহাদের দায়িত্ব সম্পন্ন হইয়া যায়। কিন্তু উহাতে যে জনমনে তৈলের পর্যাপ্ত সরবরাহ সম্পর্কে সংশয় আরও দানা বাঁধিবে, উহা তাহাদের মস্তিষ্কে আসে নাই।
যুদ্ধ শীঘ্রই বন্ধ হইবে– এইরূপ আশাবাদের সময় এখনও সমাগত নহে। তাই সরকারকে তৈল আমদানির বিকল্প উৎস সন্ধান এবং সংকটের স্বরূপ সম্পর্কে জনগণকে অবহিত করিতে হইবে। অন্যদিকে ক্রেতাদেরও আতঙ্কিত না হইয়া মিলিতভাবে এই সংকট মোকাবিলায় তৈল ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হইতে হইবে।
