আজ পহেলা বৈশাখ। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিবস। মহাকালের গর্ভে আরেকটি বর্ষ বিলীন অন্তে আরম্ভ হইল নূতন এক বাংলা বর্ষের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখকে আহ্বান করিতে গিয়া বলিয়াছিলেন– ‘বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’। সকল আবর্জনা হয়তো দূর হয় না, তবে অন্তত হৃদয়ের আবর্জনা দূর না হইলে নূতনকে বরণ করিবার বাসনা মূর্ত হয় না। তাই গত বৎসরের দুঃখ-কষ্ট-সংকটের অনুভূতি কিয়ৎকালের জন্য হইলেও বিস্মৃত হইয়া আজিকে নূতন বর্ষবরণের সর্বজনীন এই উৎসবে প্রমত্ত হইয়া উঠিয়াছে জাতি। বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজন রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান স্বমহিমায় চলমান। বৈশাখের প্রথম সূর্যোদয়কালের এই আয়োজনের শুভ সূচনা হইয়াছিল ১৯৬৭ সালে, জাতি যখন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিশেষত বাঙালি সংস্কৃতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে সংগ্রামরত ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়া আইয়ুব খান ও পাকিস্তানি শাসন-শোষণ বিদায় লইয়াছে, তবে দুর্ভাগ্যবশত বাঙালির শোষণ-বঞ্চনার অবসান ঘটে নাই। তাই ছায়ানটের ঐ বর্ষবরণ অনুষ্ঠানের প্রতিবাদী রূপটি এখনও বহাল। ঠিক একই কারণে ১৯৮৯ সালে সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলনের গর্ভে জন্মগ্রহণকারী মঙ্গল শোভাযাত্রাও টিকিয়া রহিয়াছে, যদিও এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক তুলিয়া উহার নাম পরিবর্তন করা হইয়াছে। বাংলা নববর্ষবরণের এহেন রীতি ইতোমধ্যে দেশের আনাচে কানাচেও বিস্তার লাভ করিয়াছে। আর পহেলা বৈশাখ এবং তৎপরবর্তী কয়েক দিবস বর্ষবরণের সনাতন ও লোকজ রীতিরূপে গ্রামগঞ্জে বিভিন্ন প্রকার উৎসব ও মেলা তো চলিতেছেই। বৈশাখ বরণে এহেন নূতন প্রাণের উচ্ছ্বাস আর খুব কম উৎসবেই দেখা যায়। জাতি-ধর্ম নির্বিশেষে মানুষ এই সকল আয়োজনে শামিল হয়।
প্রসঙ্গত, একই সময়ে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ দেশের পার্বত্য জেলাগুলিতেও বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব চলিতেছে। দুই দিবস পূর্বে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু উৎসব শুরু হইয়াছে। সেইখানে আবালবৃদ্ধবনিতা নিজ নিজ জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিয়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গত বৎসরের গ্লানি বিস্মৃত হইয়া নূতন বৎসরকে আহ্বান করে। সমগ্র বাংলাদেশ আজিকে বর্ষবরণ উৎসবে মাতিয়া উঠিয়াছে, এই কথা বলা যায়।
আদিতে পহেলা বৈশাখের উৎসব প্রধানত খাজনা আদায়বিষয়ক হালখাতা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকিলেও সমাজ ও কালের বিবর্তনে উহা ব্যবসায়িক লেনদেনেরও অনুষঙ্গ হইয়া উঠিয়াছে। তাই বর্ষবরণ ঘিরিয়া দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বিচিত্র-বহুমুখী ধারায় প্রবাহিত হয়। পহেলা বৈশাখেও পোশাকের সহিত বসতঘর ও কর্মক্ষেত্র সাজানোর আয়োজন হয়। ইহাতে অর্থনীতির পালে নূতন হাওয়া লাগে। কিন্তু দুঃখজনক, বিগত কয়েক বৎসর যাবৎ দেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতিসহ বিবিধ সংকটে জর্জরিত। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে উক্ত সংকট তীব্রতর রূপ পরিগ্রহ করিয়াছে। তবে এই কারণে উৎসবের রং এইবার একটু ম্রিয়মাণ হইলেও প্রাণের উচ্ছ্বাস কম হইবে না, তাহা নিশ্চিত করিয়াই বলা যায়। বাংলা বর্ষবরণের ঢোলের আওয়াজ ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র, জাতিগোষ্ঠী নির্বিশেষে সকলেরই অন্তরে দোলা না দিয়া পারে না।
ইতোমধ্যে দেশে নির্বাচিত সরকার অধিষ্ঠিত হইয়াছে, যাহার দায়িত্ব সকল বিভাজন দূর করিয়া সর্বক্ষেত্রে ঐক্যের বাতাবরণ তৈয়ার করা। আমাদের প্রত্যাশা, নূতন বৎসরের নূতন সূর্যোদয় রাষ্ট্র ও সমাজের জন্য নূতন সম্ভাবনার দ্বার উন্মোচন করিবে। সম্প্রীতি ও শান্তি সবুজ পত্রের ন্যায় বিকশিত হইবে জীবনের সর্বস্তরে। বাংলা নববর্ষে আমরা সমকালের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার-এজেন্ট, সাংবাদিক-কর্মচারী, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাইতেছি। শুভ নববর্ষ!
