রাজধানীসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে যানজট নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এ পরিস্থিতি চলছে। নিরসনের কোনো উদ্যোগ নেই। যানজট, দুর্ঘটনার এখন অন্যতম কারণে পরিণত হয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। হালকা ওজনের এসব রিকসায় ইঞ্জিন যুক্ত করে চলার কারণে বেশিরভাগ সময় এগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। এসব রিকশা যারা চালায় তাদের মনোভাবও বেপরোয়া থাকে। তারা নিয়মনীতির কোনো তোয়াক্কা করছে না। সড়কের মাঝপথে বাস, প্রাইভেট কারের সাথে পাল্লা দিয়ে চলছে। এসব রিকশার সামনে ও দুপাশে বাম্পার লাগিয়ে বড় করো চালানো হচ্ছে, যেগুলো অন্য যানবাহনের সাথে লেগে দুর্ঘটনা ঘটাচ্ছে। এসব রিকশা যারা চালায় তাদের কোনো প্রশিক্ষণ নেই, সড়কের নিয়মকানুনও জানে না। ফলে সড়কে এক অরাজক ও অনিরাপদ পরিস্থিতি চলছে। পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা প্রায় ১২ লাখ। সারাদেশে ৬০ লাখের মতো। এছাড়া পায়েচালিত রিকশাও আছে। এই বিপুলসংখ্যক রিকশা রাজধানীসহ প্রধান শহরগুলোতে যানজট তীব্র করার অন্যতম কারণ হয়ে রয়েছে। এর মধ্যে আবার বুয়েটের ডিজাইন করা ইলেকট্রিক রিকশা চলার অনুমতি দেয়া হয়েছে। চলমান ব্যাটারিচালিত রিকশা ও নতুন ডিজাইনের ই-রিকশা নামানো হলে রাজধানীর যানজট কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তা অনুমান করতে কষ্ট হয় না।
রাজধানীর সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি এবং তা দিন দিন বাড়ছে। যেটুকু সড়ক রয়েছে, তার অনেকাংশ আবার অবৈধ দখলে চলে গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় সড়ক, ফুটপাত দখল হয়ে যাওয়ায় যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এই যানজটের মধ্যে ঘটে নানা অপরাধমূলক ঘটনা। ছিনতাইকারিদের জন্য যানজট যেন হয়ে উঠেছে আশির্বাদ! আটকে থাকা যাত্রীদের কাছ থেকে ছিনতাইকারিরা মোবাইল, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। অনেক ক্ষেত্রে ছুরিকাঘাত কিংবা গুলিতে যাত্রীদের প্রাণ যায়। বলা যায়, যানজট যাত্রীদের জন্য শুধু সময় অপচয়ই নয়, প্রাণঘাতীও হয়ে উঠেছে। যানজটে কর্মজীবীদের শুধু কর্মঘন্টাই নষ্ট হচ্ছে না, তাদের মানসিক ক্ষতিসহ কর্মস্পৃহা কমিয়ে দিচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, শুধু রাজধানীতেই প্রতিবছর যানজটে প্রায় ৫০ লাখ কর্মঘন্টা নষ্ট হয়। প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। শুধু রাজধানীর অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা ও যানজটে দেশের প্রায় ৪০ শতাংশ জ্বালানির অপচয় হয়, যার মূল্য কোটি কোটি টাকা। যানজটে মোট জিডিপির প্রায় ৬ শতাংশ ক্ষতি হয়। বিশ্বের আর কোনো দেশে যানজটে এত ক্ষতি হয় কিনা, জানা নেই। রাজধানীতে যানবাহনের গতি এত ধীর যে, তা প্রায় হাঁটার গতির সমান হয়ে গেছে। প্রতি ঘন্টায় প্রায় ৭ কিলোমিটারে নেমে এসেছে। শুধু রাজধানী বা গুরুত্বপূর্ণ শহরগুলোতেই যানজট সৃষ্টি হচ্ছে না, মহাসড়কগুলোতেও মাইলের পর মাইল যানজট লেগে থাকে। সেখানেও ছিনতাই-ডাকাতির কবলে পড়ছে যাত্রীরা। যানজটে পড়ে অ্যাম্বুলেন্সেই অনেক রোগী মৃত্যুবরণ করে। যানজটের কারণে বছরের পর বছর ধরে মানুষের জীবন, স্বাস্থ্য, অর্থ, সম্পদ, পরিবেশসহ যে বিপুল ক্ষতি হচ্ছে, তা অপূরণীয়। অথচ এই ক্ষতি কমানোর কোনো উদ্যোগই নেয়া হচ্ছে না।
রাজধানীর অপ্রতুল সড়ক এবং যেটুকু রয়েছে, সেটুকুর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে যানজট সহনীয় পর্যায়ে রাখা যায় বলে বিশেষজ্ঞরা বহুবার বলেছেন। যেসব সড়ক অবৈধ দখলে রয়েছে, সেগুলো উদ্ধার করা, যত্রতত্র পার্কিং বন্ধ করা, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ বা উঠিয়ে দিয়ে গণপরিবহন বৃদ্ধি করার মতো পরামর্শ তারা দিয়েছেন। যানজট কমানোর ক্ষেত্রে দুই সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে, সংস্থাগুলো তা করতে প্রতিনিয়ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে সুযোগ ছিল, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে যানজট নিরসনের কার্যকর পদক্ষেপ নেয়ার। এ সুযোগটি হাতছাড়া করা হয়েছে। সরকার যানজট নিরসনে কোনো উদ্যোগ নিয়েছে, এমন কোনো তথ্য নেই। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকার চলাচল গতিশীল করার বিকল্প নেই। যানজট নিরসনে সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যানজট সৃষ্টির যেসব মূল কারণগুলো চিহ্নিত হয়ে আছে, সবার আগে সেখানে হাত দিতে হবে। অটোরিকসা, ইজিবাইক নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে নিষিদ্ধ করতে হবে। সড়ক দখল করে অবৈধ পার্কিং বন্ধসহ দখল হয়ে যাওয়া সড়ক উদ্ধার করতে হবে। বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ এলাকাগুলো যানজটমুক্ত রাখতে হবে।
