দেশজুুুুুড়ে যখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে, প্রতিদিন তিন হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং করতে হচ্ছে, তখন আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের ১ হাজার ৬ শ’ত মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। জানা গেছে, ১১ সেপ্টেম্বর হঠাৎ ওই ইউনিটের বয়লার সংক্রান্ত সমস্যা দেখা দেয় ও উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ২ সেপ্টেম্বর আদানি পাওয়ারের পক্ষ থেকে বলা হয়, ভারতের রেলপথে জট ও কয়লা পরিবহনে বিধিনিষেধের কারণে গোড্ডা কেন্দ্রে কয়লা সরবরাহ কমে গেছে। আগেই আশংকা করা হয়েছিল, কয়লা সরবরাহ কমে যাওয়ার অজুহাতে গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ যে কোনো সময় কমে যেতে পারে।
সেই আশংকাই সত্য হলো; তবে কয়লা সরবরাহ কমার কারণে নয়, ‘বয়লার কাণ্ডে’র কারণে। পর্যবেক্ষকদের সঙ্গত প্রশ্ন : সত্যি সত্যিই বয়লার সংক্রান্ত সমস্যার কারণে ইউনিট উৎপাদন বন্ধ হয়ে গেছে, নাকি উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করে দেয়া হয়েছে? তাদের ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর না করে দেয়ার পরদিনই বিদ্যুৎ কেন্দ্রের কথিত ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তাদের মতে, এ পদক্ষেপ ভারতের কূটনৈতিক অসন্তোষেরই বহিঃপ্রকাশ। এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, আদানির ওই গোড্ডা বিদ্যুৎকেন্দ্র শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের (বিক্রীর) জন্যই তৈরি করা হয়েছে। এ ব্যাপারে ২০১৭ সালে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ধরনের আন্তঃদেশীয় বিদ্যুৎ চুক্তির ক্ষেত্রে সরবরাহ ব্যাহত হলে দ্রুত অপরিহার্য বিকল্প ব্যবস্থা নেয়া সরবরাহকারীর দায়িত্ব। কিন্তু এ পর্যন্ত আদানি কিংবা ভারত সরকারের তরফে এমন পদক্ষেপ নেয়ার খবর পাওয়া যায়নি। স্মরণ করা যেতে পারে, শুরু থেকেই আদানির বিদ্যুৎ বাংলাদেশের গলার কাঁটা হয়ে আছে। বিদ্যুতের উচ্চমূল্য এবং চুক্তির শর্ত বাংলাদেশের অনুকূলে হয়নি; হয়েছে আদানির তথা ভারতের অনুকূলে।
আদানির বিদ্যুতের সরবরাহ মাঝে-মধ্যেই কমে যাওয়া সাধারণ ঘটনা, যার প্রতিকার পাওয়ার উপায় নেই। বিদ্যুতের উচ্চমূল্য তো আছেই, সেইসঙ্গে আছে কয়লার বর্ধিত মূল্য এবং অন্যায্য ক্যাপাসিটি চার্জ। সর্বশেষে সরকারি পর্যালোচনা কমিটির প্রতিবেদনে জানানো হয়েছে, আদানির বিদ্যুতের মূল্য নিকটতম বেসরকারি প্রতিযোগীর তুলনায় ৩৯.৭ শতাংশ বেশি এবং সামগ্রিকভাবে বাংলাদেশ যে মূল্য পরিশোধ করছে তা যৌক্তিক বাজার দরের তুলনায় ৫০ শতাংশ বেশি। একারণে বাংলাদেশকে বছরে প্রায় ৪শ’ থেকে ৫শ’ মিলিয়ন ডলার বাড়তি ব্যয়ের মুখে পড়তে হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন মতে, সর্বশেষ পূর্ণাঙ্গ ইউনিট ভিত্তিক হিসাব অনুসারে ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ আদানির কাছ থেকে প্রায় ৮.১৬ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ কেনে, ওই অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ছিল ১৪.৮৭ টাকা, যার ফলে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ১২ হাজার ১শ’ কোটি টাকা। একই সময়ে ভারতের অন্যান্য বিদ্যুৎ সরবরাহকারীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের গড় মূল্য ছিল ৯.৫৭ টাকা। অর্থাৎ আদানির বিদ্যুৎ ও অন্যান্য সরবরাহকারীর বিদ্যুতের দামের মধ্যে ব্যবধান ছিল ৫.৩০ টাকা বা প্রায় ৫৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছর আদানির কাছ থেকে নেয়া বিদ্যুৎ যদি ভারতের অন্যান্য সরবরাহকারীর বর্ণিত দামে কেনা যেতো তাহলে মোট ব্যয় দাঁড়াতো ৭ হাজার ৮০৫ কোটি টাকা। অর্থাৎ এক অর্থবছরেই অতিরিক্ত ব্যয় করতে হয়েছে ৪ হাজার ৩শ’ কোটি টাকা।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম ও এম শামসুল আলম আদানির সঙ্গে চুক্তিকে একতরফা ও অসামঞ্জস্যপূর্ণ অভিহিত করেছেন। দেশের ওয়াকিবহাল মহল এই চুক্তি বাতিলের পক্ষে। এর একটি কারণ এই যে, এই চুক্তি অন্যায্য ও শোষণমূলক। প্রতি বছরে বাংলাদেশকে যে পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে তাতে কয়েক বছরের অর্থ দিয়ে বাংলাদেশ নতুন বিদ্যুৎ কেন্দ্র বা সৌরবিদ্যুৎ প্লান্ট করতে পারে। দ্বিতীয় কারণ, কোনো দেশের ওপরেই বিদ্যুতের ব্যাপারে নির্ভরশীল হওয়া সঙ্গত নয়। ভারতের মতো প্রতিবেশী দেশের ওপর তো নয়ই। যেকোনো দেশের জন্য বিদ্যুৎ নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। বিদ্যুৎ ছাড়া জীবনযাপন, উৎপাদন, প্রযুক্তির ব্যবহার, উন্নয়ন, সমৃদ্ধি— কোনো কিছুই সম্ভব নয়। সুতরাং, যেকোনোমূল্যে বিদ্যুতের স্বয়ম্ভরতা নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকার জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ নিরাপত্তার ব্যাপারে কোনো কাজই করেনি। এই সঙ্গে গ্যাসের নিরাপত্তার জন্যও কিছু করেনি। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস— এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে আমদানিনির্ভর বা বিদেশনির্ভর করে তোলা হয়েছে পরিকল্পিতভাবে। এর খেসারত এখন আমরা কড়ায়-গণ্ডায় দিচ্ছি।
আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদিত হয় কিছু প্রাথমিক জ্বালানির মাধ্যমে। এগুলো হলো, গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল বা ডিজেল। গ্যাস নিজস্ব সম্পদ হওয়ায় দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংখ্যাও বেশি। কিন্তু গ্যাসের মজুদ কমে যাওয়ায় গ্যাস আমদানি করেও বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে। উৎপাদনের দিক থেকে গ্যাসের পরেই কয়লার স্থান। তারপরে ফার্নেস অয়েল বা ডিজেল। দেশে তেল-গ্যাসের বিপুল মজুদ রয়েছে বলে জানা গেলেও, তার অনুসন্ধান ও আহরণে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। একই কথা কয়লার ক্ষেত্রেও প্রযোজ্য। মাটির নিচে কয়লার পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও তা উত্তোলনে উদ্যোগ নেয়া হয়নি। অতীতে যদি তেল-গ্যাসের অনুসন্ধান ও আহরণের পাশাপাশি কয়লার অনুসন্ধান ও আহরণের কার্যকর পদক্ষেপ নেয়া হতো তবে আজকের নাজুক পরিস্থিতির উদ্ভব হতো না।
জানা গেছে, গ্যাসের অভাবে অনেক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। তেলের অভাবে অনেক তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসে রয়েছে। কয়লার অভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হ্রাস পেয়েছে। ওদিকে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও এখন বেড়েছে। এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি যখন বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়াকে কারিগরি ত্রুটি, না নাশকতা বলে প্রশ্ন তোলেন, তখন আমরা তা উড়িয়ে দিতে পারি না। আশা করি, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অনুপুংখ তদন্তের ব্যবস্থা নেবে। বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ও বর্তমান উৎপাদনের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। স্থাপিত ক্ষমতার অর্ধেকও আমরা উৎপাদন করতে পারছি না। আবার চাহিদা ও উৎপাদনের মধ্যেও রয়েছে অন্তত তিন-সাড়ে তিন হাজার মেগাওয়াটের ব্যবধান। কীভাবে উৎপাদন বাড়ানো যায়, অন্ততঃ প্রতিদিনের চাহিদা পূরণ করা যায়, সেটা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় কাজ। সরকার এ ব্যাপারে সক্রিয় ভূমিকায় আছে। প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, কিছুদিনের মধ্যেই গ্যাস ও বিদ্যুতের সংকট আর থাকবে না। সংকট বাড়ানোর জন্য কোনো মহল বা তরফ থেকে অপচেষ্টা চালানো হচ্ছে কিনা, সে ব্যাপারে অবশ্যই সরকারকে সর্বদা সতর্ক থাকতে হবে।
