আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের স্বাধীনতা ৫৬তম বর্ষে পদার্পণ করল। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে ইতিহাসের নৃশংসতম গণহত্যার সূচনা করে। হানাদার বাহিনীর এই হামলা ও গণহত্যার বিরুদ্ধে তখনই দুর্বার প্রতিরোধ শুরু হয়ে যায়। পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে তরুণ মেজর জিয়াউর রহমান প্রথম আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ডাক দেন। দীর্ঘ ৯ মাসের মরণপণ সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশমাতৃকা হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ শাহাদাতবরণ করেন, অসংখ্য মানুষ আহত হন, স¤পদ-স¤পত্তির বেশুমার ক্ষতি হয়। এত কিছুর বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা, যার প্রতীক্ষায় যুগ যুগ ধরে অপেক্ষায় ছিল দেশের মানুষ।

স্বাধীনতা যেকোনো জাতির জন্য পরম আকাক্সক্ষার বিষয়। আত্মপ্রতিষ্ঠার অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন, অর্থনৈতিক মুক্তি, বৈষম্যের অবসান ইত্যাদি ছিল আমাদের স্বাধীনতার লক্ষ্য। এসব লক্ষ্য অর্জনের প্রত্যাশা নিয়েই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বিপুল ত্যাগ ও মূল্যে স্বাধীনতার স্বপ্নের বন্দরে উপনীত হতে সক্ষম হয়। শুরুতেই স্বাধীনতার তিনটি মৌলিক লক্ষ্যের প্রতি গুরুত্ব দেয়া হয়েছিল। এই তিনটি মৌলিক লক্ষ্য হলোÑ সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সাম্য। এর সঙ্গে গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির বিষয়গুলোও ওতপ্রোতভাবে সংযুক্ত ছিল। কিন্তু মুক্তিযুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে রাওয়ালপিন্ডির অধীনতা থেকে মুক্তি পেলেও দিল্লির আধিপত্যবাদের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে বাংলাদেশ। দীর্ঘ ৫৫ বছরে স্বাধীনতার কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। চব্বিশের জুলাই অভ্যুত্থানে দেড় সহ¯্র ছাত্র-জনতার প্রাণ স্বাধীনতার লক্ষ্য অর্জন ও অর্থবহ করা সুযোগ এনে দিয়েছে।

সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদার দেশ গঠন লাখো মুক্তিযোদ্ধার স্বপ্ন ছিল। সেই লক্ষ্য এখনো অনেক দূরে। এখন পর্যন্ত এই অঙ্গীকার-প্রতিজ্ঞা অনেকটাই অপূর্ণ রয়ে গেছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ভারতীয় আধিপত্যবাদ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসন কায়েম করে। দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিজেদের মতো করে বয়ান হাজির করে। সেখানে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম উচ্চারণ করাও ছিল কার্যত নিষিদ্ধ।

জিয়া শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেড ফোর্সের প্রধান এবং স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ক্রান্তিকালে তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় পুনঃপ্রতিষ্ঠা করেন। ভারতীয় আধিপত্যবাদের বশংবদ ফ্যাসিস্ট সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অস্বীকৃতিসহ ইতিহাসের নামে বানোয়াট গাল-গল্প প্রচার করে। মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশকে বিভক্তির মধ্যে ঠেলে দেয়। স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ধোঁয়া তুলে ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদকে অবারিত করে দেয়। বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করে। দেশের মানুষকে হাসিনা তার ফ্যাসিজমের মধ্যে রেখে পরাধীন করে রাখে। অধিকার নিয়ে দেশের মানুষের মাথা তুলে দাঁড়িয়ে শ্বাস নেয়ার মতো পরিস্থিতি ছিল না।

যারাই হাসিনার বিরুদ্ধে কথা বলতে গেছে, তাদেরকে খুন, গুম, অপহরণ, নিপীড়ন, নির্যাতন, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। মানুষের যখন আর পিছু হটার জায়গা ছিল না, তখনই তারা হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ দিন পর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয় এবং তাকে প্রাণ নিয়ে ভারতে পালিয়ে যেতে হয়। নতুন প্রেক্ষাপটে, হাসিনার কবল থেকে দেশ মুক্ত হওয়াকে নতুন স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করা হয়। হাসিনার শাসনামল ছিল ইতিহাস বিকৃতি ও উন্নয়নের ফানুস উড়ানোর গল্প। সে সময় কথায় কথায় বলা হতো, দেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে ইউরোপের দেশে পরিণত হয়েছে। অন্যদিকে, লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

জিডিপি, মাথাপিছু আয়, দারিদ্র্য কমা, খাদ্যে স্বংসম্পূর্ণতা অর্জনের মিথ্যা পরিসংখ্যান দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা ও হাসিনার উন্নয়নের গল্প ছড়িয়ে দেয়া হতো। বিভিন্ন অনুষ্ঠানের নামে উন্নয়ন উদযাপন করা হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা যখন পালিয়ে যায়, তখন অর্থনীতির এক ধ্বংসস্তূপের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দেশের অর্থনীতি বলতে কিছু ছিল না। এ পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর প্রচেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু ৫৫ বছরের অনিয়ম-দুর্নীতি আর সাড়ে ১৫ বছরের সামগ্রিক লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশের অর্থনীতিকে মাত্র দেড়-দুই বছরে স্থিতিশীল করা অসম্ভব। ইতোমধ্যে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির নেতৃত্বের হাল ধরেছেন তারই সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক জিয়ার প্রতি দেশের মানুষ আস্থা রেখেছে। তারেক রহমানের সরকার মানুষের বিপুল আস্থা ও বিশ্বাসের মর্যাদা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছে।

স্বাধীনতার ৫৬ বছরে এসেও আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিভেদ-বিভাজন বন্ধ হয়নি। এ থেকে বের হয়ে প্রকৃত উন্নয়নের দিকে ধাবিত হতে হবে। আমাদেরকে স্বাধীনতার লক্ষ্য অর্জনে সামনে তাকাতে হবে। একাত্তরের স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা অভিন্ন। এখন পুরোনো অপসংস্কৃতি ও রাজনৈতিক হানাহানি থেকে বের হয়ে আসতে হবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। তাদের সামনে ইতিহাসের যে বিকৃতি হয়েছে, তা ঠিক করে তুলে ধরতে হবে। স্বাধীনতার ৫৬ বছরে পা দিয়ে জাতি আর বক্তৃতাবাজি ও গালগল্প শুনতে চায় না। কথা কম, কাজ বেশিÑ এই নীতির প্রয়োগ দেখতে চায়। দারিদ্র্য, বেকারত্ব ও মানুষের জীবনের হাহাকারের চিত্র দেখতে চায় না। মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করতে হবে। পৃথিবী বদলে গেছে। আমাদেরও বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে আপসহীন থাকতে হবে। বলা হয়Ñ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা তখনই সুরক্ষিত থাকে যখন জাতি ই¯পাতকঠিন ঐক্যে দৃঢ়বদ্ধ থাকে। নতুন প্রেক্ষাপটে এখন জাতীয় ঐক্য ধরে রাখা জরুরি। ঐক্য ধরে রেখে আমাদেরকে শিক্ষা-দীক্ষা, মেধা-মনন, ধর্মনিষ্ঠা, মূল্যবোধ, সাহিত্য-শিল্প, সংস্কৃতি, সৃজনশীলতা ইত্যাদিতে এগিয়ে উন্নত জাতিতে পরিণত হতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সবার প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।