বাংলাদেশসহ ২০ দেশের বিশেষ কিছু ওষুধকে শতভাগ শুল্কমুক্ত ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান ওষুধ আমদানিকারক দেশ। দেশটি বছরে ২১০ বিলিয়ন ডলারের বেশি ওষুধ আমদানি করে থাকে। বাংলাদেশসহ মাত্র অল্প কিছুসংখ্যক দেশ থেকে তারা বেশিরভাগ ওষুধ আমদানি করে। অন্যদিকে বাংলাদেশের ওষুধ রফতানির ভলিউম তৈরী পোশাক শিল্পের সাথে তুলনীয় না হলেও এ শিল্পের বাণিজ্য সম্ভাবনা বিশাল। যেখানে বাংলাদেশের রফতানি আয়ের প্রায় ৮৫ ভাগই দখল করে আছে তৈরী পোশাক খাত, সেখানে এই তৈরী পোশাক রফতানি বাজারের প্রায় ৯০ শতাংশই শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন বাজারের ওপর নির্ভরশীল। কিন্তু ওষুধ রফতানিতে বাংলাদেশের বাজার বিশ্বের শতাধিক দেশে বিস্তৃত। গত ৬-৭ বছরে বাংলাদেশের ওষুধ রফতানি দ্বিগুণ হলেও তা এখনো অর্ধ বিলিয়ন ডলারেও পৌঁছতে পারেনি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২১৩ মিলিয়ন ডলারের ওষুধ রফতানি হয়েছে। তবে টাকার অংকটি খুব বড় না হলেও বাংলাদেশ বিশ্বের মোট ১৬৬টি দেশে ওষুধ রফতানি করেছে, এটি খুবই সম্ভাবনাময় ও তাৎপর্যপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্র তার পোশাক আমদানির ১০-১১ শতাংশ বাংলাদেশ থেকে নিয়ে থাকে ২০২৫ সালে এর পরিমাণ ছিল ৮.২ বিলিয়ন ডলার। একইভাবে যুক্তরাষ্ট্রের ওষুধ আমদানির ১০ শতাংশ বাংলাদেশ থেকে রফতানির সুযোগ তৈরি হলে তা ২১ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। ১৬৬টি দেশে ওষুধ রফতানির অভিজ্ঞতা ও সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ওষুধ শিল্প দেশের এক নম্বর বাণিজ্যিক খাত হয়ে উঠতে পারে।

বিশ্ববাজারে ওষুধ বা ফার্মাসিউটিক্যালস একটি বহুমুখী শিল্পখাত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একই সঙ্গে বিশ্বের প্রধান ওষুধ আমদানিকারক ও রফতানিকারক দেশ। মার্কিন বাজারের প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, চীন, ভারত ও ভিয়েতনাম। লক্ষ্যনীয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী পোশাক রফতানির ক্ষেত্রেও চীন, ভারত ও ভিয়েতমান বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী। দশকের পর দশক ধরে ভারতকে টেক্কা দিয়ে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে তৈরী পোশাক রফতানিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হচ্ছে। কিন্তু ওষুধ রফতানির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বেশিরভাগ বাজারে ছড়িয়ে পড়তে সক্ষম হলেও টাকার অংকে তা খুব অপ্রতুল। ভারত যেখানে মার্কিন বাজারে ১৫ বিলিয়ন ডলারের ওষুধ রফতানি করছে, সেখানে বাংলাদেশ এখনো সামগ্রিকভাবেই বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে হাজার মাইলের অভিযাত্রা একটি মাত্র পদক্ষেপেই শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং বিশ্বের ১৬৬টি দেশের চাহিদা পূরণের কিয়দংশ সরবরাহ নিশ্চিত করা গেলে ওষুধ শিল্প বাংলাদেশের প্রধান রফতানিমুখী শিল্প হয়ে ওঠার বিশাল সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে শুরুতেই বাংলাদেশের ওষুধ রফতানি সারাবিশ্বে ছড়িয়ে পড়ার যে বাস্তবতা তৈরী হয়েছে, তা খুবই আশাপ্রদ ও ইতিবাচক। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ওষুধ শিল্পের মানোন্নয়ন ও কাঁচামালের যোগান নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। দেশের বৃহত্তম ওষুধ রফতানিকারক কোম্পানি বেক্সিমকো, স্কয়ার, ইনসেপ্টা, রেনাটার মতো কোম্পানিগুলোকে ওষুধের মানোন্নয়ন, জেনেরিক ওষুধ নিয়ে গবেষণা ও কাঁচামালের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির প্রতি বিনিয়োগ বাড়াতে হবে।

দেশের রফতানি বাণিজ্য কয়েকটি নির্দিষ্ট পণ্য ও দু’-তিনটি প্রধান বাজারের উপর নির্ভরশীলতা খুবই বিপজ্জনক। মধ্যপ্রাচ্যের চলমান বাস্তবতায় তা আবারো প্রমাণিত হয়েছে। আমাদের অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা বরাবরই রফতানি বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করে আসছেন। শুধুমাত্র দুটি বাজারে তৈরী পোশাক রফতানির উপর নির্ভরশীল অর্থনীতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে ক্ষেত্রে ওষুধ রফতানির বিস্তৃত বাজারকে কাজে লাগানোর সুযোগ হাতছানি দিচ্ছে। প্রথাগত প্রচলিত পণ্যের বাইরে বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবা খাতের অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই গুরুত্বপূর্ণ, শক্তিশালী ও অনিবার্য হয়ে উঠেছে। বাংলাদেশের নতুন নেতৃত্ব এ বিষয়ে যথেষ্ট সচেতন ও সচেষ্ট রয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপে’ অংশগ্রহণ এ ক্ষেত্রে এক নতুন বার্তা বহন করছে। সিলিকন ভ্যালির বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের প্রযুক্তিগত আদান-প্রদান ও মেধা বিনিয়োগের মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ নতুন সম্ভাবনার দুয়ারে পৌঁছাতে পারে। বিশেষত এআই প্রযুক্তির মেধাসম্পদ গড়ে তুলতে সিলিকন ভ্যালির সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ বিশ্বের প্রধান বাজারগুলোতে যে হারে অদক্ষ শ্রমশক্তি রফতানি করছে, তার অর্ধেকও যদি দক্ষ ও মেধাবী উচ্চমানের জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশে-বিদেশের শিল্প খাতে কাজে লাগানো গেলে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লক্ষ্য অর্জন করা আরো অনেক আগেই সম্ভব ছিল। পাট, চামড়া, চা’য়ের মতো পুরনো রফতানি পণ্যের সাথে যুক্ত হওয়া তৈরী পোশাক, ওষুধ, জাহাজ শিল্প আমাদের রফতানি বাণিজ্য ও অর্থনীতির চাকাকে সচল ও মজবুত করেছে। এবার ওষুধ শিল্প ও তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে মেধা ও অর্থপাচার রোধ করে পরিকল্পিতভাবে তা দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।