দেশের অর্থনীতিতে একদিকে ব্লু-ইকোনমি তথা সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের কবলে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ থেকে সৃষ্ট প্রাণহানি, ফসলহানি, সম্পদের ক্ষয়ক্ষতি ও ডেমোগ্রাফিক পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতি ও জনজীবনের উপর চাপ অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। এহেন বাস্তবতা কোনো নতুন বা আকস্মিক ইস্যু নয়। দীর্ঘদিন ধরেই গ্লোবাল ওয়ার্মিং ও ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জ মোকাবিলা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু হিসেবে আলোচিত হচ্ছে। কিন্তু যেসব দেশ কার্যত এর জন্য দায়ী সেসব দেশ যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। বিশেষত যেসব শিল্পোন্নত রাষ্ট্র মাত্রাতিরিক্ত ফসিল জ্বালানিনির্ভর উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণ ঘটিয়ে কার্বন নিঃসরণের মাত্রা অস্বাভাবিক হারে বাড়িয়ে পুরো বিশ্বের আবহাওয়া, জনস্বাস্থ্য ও সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, কার্বন নিঃসরণ ও ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে বৈশ্বিক উদ্যোগে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা ও উদাসীনতা অনেকাংশে দায়ী। সবচেয়ে ধনী ও শিল্পোন্নত দেশগুলোর কারণে বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলো বেশি হুমকির সম্মুখীন হচ্ছে। অধিক জনঘনত্বের দেশ হওয়ায় বাংলাদেশের কয়েক কোটি মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করছে। উপকূলে মৎস্য আহরণের সাথে জড়িত লাখ লাখ জেলে পরিবারকে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। আমাদের অনাবিষ্কৃত ও অনুদঘাটিত বিশাল সামুদ্রিক সম্পদ আহরণ ও জনকল্যাণে কাজে লাগানোর সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আগেই উপকূলীয় জনপদগুলো বৈশ্বিক উষ্ণায়ন ও আবহাওয়া পরিবর্তনজনিত দুর্যোগের শিকার হয়ে বিপন্ন অবস্থায় পতিত হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক তথা এডিবি’র এক রিপোর্টে বলা হয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব দেশের অর্থনীতি বহুলাংশে সমুদ্র সম্পদের উপর নির্ভরশীল, সেসব দেশ ক্রমেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ নানাবিধ ভূপ্রাকৃতিক পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ‘এশিয়া প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬ : কোস্টাল রিস্কস অন দ্য রাইজ- অ্যাকশনস ফর এ রেজিলিয়েন্ট ফিউচার’ শিরোনামে প্রকাশিত এডিবির রিপোর্টে এ অঞ্চলে ২০৫০ সাল নাগাদ বন্যাজনিত বার্ষিক ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমান হারের অন্তত ৬ গুণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশিত হয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে পর্যায়ক্রমে উপকূলীয় অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে থাকবে।

অভিযোজন খাতে পর্যাপ্ত বিনিয়োগের মাধ্যমে এ চ্যালেঞ্জ অনেকটাই মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন এডিবির সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ইতোমধ্যে আমাদের দেশের উদ্ভাবক ও কৃষি বিজ্ঞানীরা লবণাক্ততা সহিষ্ণু ধানচাষের বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। উপকূলীয় সবুজ বেষ্টনীর সম্প্রসারণ ও সুরক্ষার পর্যাপ্ত উদ্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে প্রযুক্তিগত ও বিশ্বাসযোগ্য উন্নয়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনার পাশাপাশি সমুদ্র সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনা জাগিয়ে তোলা সম্ভব। সীমিত কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ নির্ভর প্রায় দেড় লাখ বর্গকিলোমিটার আয়তনের বাংলাদেশে প্রায় ১৮ কোটি জনসংখ্যার চাপ অনেক বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। পক্ষান্তরে আমাদের রয়েছে মৎস্য, ভেষজ, তেল-গ্যাসসহ নানাবিধ সম্পদে সমৃদ্ধ ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার আয়তনের সমুদ্রোপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে গড়ে উঠতে পারে কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকাগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সমুদ্র-সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত করার উপর বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার অনেকটাই নির্ভর করছে।

বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এখনো অব্যবহৃত ও অনুদঘাটিত রয়ে গেছে। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসার আগ পর্যন্ত এ খাতের উন্নয়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। বিগত দশকের শুরুতে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণ ও বিরোধ মীমাংসার পর ভারত ও মিয়ারমার তড়িঘড়ি করে বহুজাতিক কোম্পানির সাথে ইজারা চুক্তির মাধ্যমে তাদের ব্লকগুলো থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু করলেও আমাদের অংশে এখনো কিছুই করা হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সমুদ্র বিজয় নিয়ে বাগাড়ম্বর করলেও সম্পদ আহরণ ও জনকল্যাণে ব্যবহারে তেমন কিছুই করেনি। উপরন্তু আন্ডার গ্রাউন্ড পাইপের মাধ্যমে বাংলাদেশের গ্যাস চুরির বিশাল তৎপরতা ধরা পড়েছে চীনা পর্যবেক্ষণ সেটেলাইটের মাধ্যমে।

দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ভারত কোটি কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করেছে। প্রায় একযুগ আগে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসিত হলেও সমুদ্রের সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের অবাধে গ্যাস অনুসন্ধান ও আহরণের বিপরীতে বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। সে সময় কার্যকর পদক্ষেপ নিলে দেশে এখন যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে তা হতো না। তৎকালীন ভারতের তাবেদার সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ না নিলেও জ্বালানি খাতকে বিপুলভাবে আমদানি ও পরনির্ভর করে তোলা হয়েছে। সেই সাথে জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগও নেয়া হয়নি। গত দুই দশকে উপকূলীয় সবুজবেষ্টনীর বিপুল ক্ষয়ক্ষতি হলেও তা পুষিয়ে নতুন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। উপকূলীয় বেড়িবাঁধ রক্ষা, ভাঙ্গনরোধ, লবণাক্ততা প্রতিরোধসহ হাওরাঞ্চলের সাংবাৎসরিক ফসলহানির ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের নীতিমালা, কর্মপরিকল্পনা ও প্রস্তুতি খবই অপ্রতুল। প্রতিবেশী দেশের পানি আগ্রাসনের নানামুখী প্রতিক্রিয়ার বিরুদ্ধে বহুমুখী উদ্যোগ প্রয়োজন। এডিবি’র বিনিয়োগ ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ইয়েভগেনি জুকোভ এশিয়া প্রশান্তমহাসগরীয় অঞ্চলের দেশগুলোর সমুদ্রোপকূলীয় এলাকাকে এসব দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলে উল্লেখ করেছেন। একদিকে ব্লু-ইকোনমির বিপুল সম্ভাবনা, অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি ও অভ্যন্তরীণ নদনদীগুলোতে লবণাক্ত পানির আগ্রাসন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা মোকাবিলায় বাংলাদেশকে বিশেষ অগ্রাধিকারমূলক উদ্যোগ নিতে হবে। ডেল্টা প্ল্যান এবং তিস্তা মহাপরিকল্পনার মতো উদ্যোগগুলো অবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।