সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের পুনরায় আন্দোলনে সংযুক্ত হইবার বিষয়টি দুঃখজনক। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ বলিতেছে, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার হইতে পুনরায় লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু করিয়াছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। অন্যদিকে চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৃহস্পতি ও রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি চত্বরে অবস্থান কর্মসূচি পালন শেষে দাবি পূরণের আশ্বাস না পাইয়া সোমবার হইতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করিয়াছেন। অবশ্য মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলন স্থগিত করিয়াছেন।
শিক্ষকদের আন্দোলনে দেশের ৬৫ সহস্রাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্লেখযোগ্য অংশ কেবল বন্ধই নহে, তথাকার বার্ষিক পরীক্ষা লইয়াও দেখা দিয়াছে অচলাবস্থা। প্রাথমিক শিক্ষকদের একাধিক সংগঠন আছে, যাহাদের মধ্যে চলমান কর্মসূচি লইয়া দ্বন্দ্ব রহিয়াছে। তাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয় নাই। বৎসরান্তে যখন শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা চলিতেছে তখন সংশ্লিষ্ট শিক্ষকদের এহেন কর্মবিরতি শিক্ষার্থী তো বটেই, অভিভাবকদেরও গভীর উদ্বেগে ফেলিয়াছে। একজন শিক্ষার্থীর জন্য বার্ষিক পরীক্ষা নিছক একটি রুটিন ঘটনা নহে, বরং সম্পূর্ণ বৎসরের পরিশ্রমের মূল্যায়ন। শিক্ষাজীবনের পরবর্তী ধাপে যাইবার জন্য এই ধাপ সাফল্যের সহিত উত্তরণের কোনো বিকল্প নাই। সকল অভিভাবকের জন্যই বার্ষিক পরীক্ষা সময়মতো না হইবার অর্থ সন্তানের পশ্চাতে অধিকতর অর্থ ব্যয়, যাহার সংস্থান করা বিশেষত সীমিত আয়ের পরিবারের জন্য কঠিন।
আমরা জানি, বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণসহ প্রাথমিক সহকারী শিক্ষকদের অন্য দুই দফা দাবি হইল– চাকরির ১০ ও ১৬ বর্ষপূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক হইতে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। গত ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হইবার পর বিশেষত বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতের দাবি বাস্তবায়নের আশ্বাস দেয় সরকার। কিন্তু দুর্ভাগ্যজনক, উক্ত আশ্বাসের ১৫ দিন অতিক্রান্ত হইলেও সরকার কাঙ্ক্ষিত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করে নাই; তাই ক্ষুব্ধ শিক্ষকগণ। অন্যদিকে নবম গ্রেডে বেতন নির্ধারণ, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ যেই চার দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনে সংযুক্ত হইয়াছিলেন তাহা বিতর্কের ঊর্ধ্বে নহে। বিশেষত সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্তির যে দাবি তাহারা জানাইয়াছেন, উহা প্রদত্ত স্বল্প সময়ে পূরণ হইবার নহে। শুধু একাধিক মন্ত্রণালয়ই উহার সহিত যুক্ত নহে; বিসিএসের অন্য কাডারদের সহিত সমন্বয়েরও প্রশ্ন জড়িত। মোদ্দা কথা, দীর্ঘদিন ধরিয়া ত্রয়োদশ ধাপে থাকিয়া বেতন-ভাতা ও মর্যাদার প্রশ্নে দারুণ বঞ্চনার শিকার প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা থাকিলেও সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।
তবে মাধ্যমিকের শিক্ষকগণ আন্দোলন স্থগিত করিলেও প্রাথমিকের শিক্ষকরা এমন সময়ে আন্দোলন করিতেছেন, যাহা গ্রহণযোগ্য নহে। বিশেষত শিক্ষার্থীদের জিম্মি করিয়া যে কোনো আন্দোলনই যৌক্তিকতাবর্জিত। এই কারণে সরকারকে যদ্রূপ শিক্ষকদের সহিত সমঝোতার চেষ্টা করিতে হইবে, তদ্রূপ শিক্ষকদেরও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রাখিয়া অন্তত এই সময়ে শ্রেণিকক্ষে প্রত্যাবর্তন বাঞ্ছনীয়। শিক্ষকদের উপলব্ধি করিতে হইবে, আন্দোলনের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হইলে তাহাদের যে কোনো যৌক্তিক দাবির প্রতি সর্বস্তরের মানুষের যে সমর্থন বরাবর ছিল, তাহা হ্রাস পাইতে পারে। বুধবার কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করিয়া আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের কার্যে যোগদানের কঠোর বার্তা দিয়াছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা মনে করি, সরকারকে শিক্ষকদের আস্থায় লইয়া তাহাদের দাবি বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করা উচিত। শিক্ষকদের আর কোনো বিলম্ব না করিয়া এখনই শ্রেণিকক্ষে প্রত্যাবর্তন জরুরি।
