বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার শীর্ষস্থান দখল করা এখন নিয়মিত ঘটনা। আগে শুধু শুষ্ক মৌসুমে এমনটা ঘটলেও এখন আর তা নির্দিষ্ট ঋতুতে সীমাবদ্ধ নেই। তারই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৬, যা বিপজ্জনক পর্যায়ের। এমন পরিস্থিতিতে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের পাশাপাশি দূষণের প্রকৃত চিত্র জানার সক্ষমতা বাড়ানো জরুরি। অথচ পরিবেশ অধিদপ্তরের অধীনে ঢাকা শহরে সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে মাত্র পাঁচটি। ১২৯টি ওয়ার্ড ও প্রায় ৩০৫ বর্গকিলোমিটারের একটি মহানগরের বায়ুমান পর্যবেক্ষণের জন্য এ সংখ্যা যে যথেষ্ট নয়, তা অনায়াসে বলা যায়। বায়ুদূষণের তীব্রতার দিক থেকে ঢাকার সঙ্গে প্রায়ই তুলনায় আসে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। এসব শহরের অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ অবকাঠামো সম্প্রসারণের গুরুত্ব বোঝা যায়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লিতে ৪০টি এবং পুরো দিল্লি-এনসিআর অঞ্চলে ৮৪টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র চালু ছিল। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবেশ পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে লাহোরে ১৩টি স্থানীয় বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে। বায়ুমান পরিস্থিতিতে এসব শহরের অবস্থা ঢাকার মতো হলেও তাদের পর্যবেক্ষণ প্রক্রিয়া ঢাকার চেয়ে ভালো।

বিশেষজ্ঞদের হিসাবে প্রতি পাঁচ বর্গকিলোমিটারে একটি কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। সে হিসাবে ঢাকায় অন্তত ৬১টি কেন্দ্র দরকার। বর্তমানে কেন্দ্রগুলো রয়েছে আগারগাঁও, ফার্মগেট, দারুস সালাম, নগর ভবন ও বুয়েট এলাকায়। স্পষ্টত এ পর্যবেক্ষণ কেবল শহরের একটি অংশতেই সীমাবদ্ধ এবং বহু ঘনবসতিপূর্ণ ও শিল্পঘেঁষা এলাকা পর্যবেক্ষণের বাইরে থেকে যাচ্ছে। একদিকের এলাকার বায়ুমানের তথ্য দিয়ে পুরো মহানগরের দূষণ পরিস্থিতি নির্ণয় করা কঠিন। বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা কেবল দূষণের মাত্রা পরিমাপের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এসব কেন্দ্রের মাধ্যমে বাতাসে থাকা সূক্ষ্ম ও স্থূল বস্তুকণা (পিএম ২.৫ ও পিএম ১০), সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনো অক্সাইড ও ওজোনের ঘনত্ব পরিমাপ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে দূষণের উৎস, বিস্তৃতি ও দীর্ঘমেয়াদি প্রবণতা শনাক্ত করা সম্ভব। কোনো এলাকায় যানবাহনের ধোঁয়া, শিল্প-কারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা কিংবা বর্জ্য পোড়ানোর কারণে দূষণ বাড়ছে কিনা পৃথকভাবে বোঝা যায় এবং দূষণের প্রকৃতি নির্ণয় সহজ হয়। ফলে নির্বিচার ব্যবস্থা না নিয়ে এলাকাভিত্তিক ও উৎসভিত্তিক পদক্ষেপ নেয়া সম্ভব হয়। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগের কার্যকারিতাও যাচাই করা যায়। অবশ্য ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে জায়গার সংকট ও ব্যয়ের বিষয়টি উপেক্ষা করা যায় না। পরিবেশ অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, নতুন ছয়টি কেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পেতেই তাদের বেগ পেতে হয়েছে। ফলে একসঙ্গে ৬১টি কেন্দ্র স্থাপন বাস্তবসম্মত নয়। তবে এ সীমাবদ্ধতা পর্যবেক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ থামিয়ে রাখার যুক্তি হতে পারে না, বরং ধাপে ধাপে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রথমেই ঢাকার জনসংখ্যার ঘনত্ব, যানবাহনের চাপ, শিল্প-কারখানার অবস্থান, নির্মাণকাজ ও বর্জ্য ব্যবস্থাপনা বিবেচনায় একটি বৈজ্ঞানিক স্থান নির্বাচন জরিপ প্রয়োজন। এরপর অগ্রাধিকার ভিত্তিতে অধিক দূষিত ও পর্যবেক্ষণের বাইরে থাকা এলাকায় নতুন কেন্দ্র স্থাপন করা যেতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনের ছাদ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস এবং সিটি করপোরেশনের স্থাপনা এ কাজে ব্যবহার করা সম্ভব। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেও পর্যবেক্ষণ নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

পরিবেশ অধিদপ্তরের পরিকল্পনায় থাকা নতুন ছয়টি কেন্দ্র দ্রুত স্থাপন করা প্রয়োজন। তবে এতেই যে পুরো শহরের পর্যবেক্ষণ ঘাটতি দূর হবে, তা বলা যায় না। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। বিদ্যমান কেন্দ্রগুলোর কার্যকারিতা ও অবস্থানও নিয়মিত পর্যালোচনা করা জরুরি। একই সঙ্গে কেন্দ্রগুলো থেকে পাওয়া তথ্য নাগরিকদের জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে এলাকাভিত্তিক বায়ুমানের অবস্থা ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তারা জানতে পারেন।

তবে মনে রাখতে হবে, পর্যবেক্ষণ কেন্দ্র বাড়ানোই বায়ুদূষণ নিয়ন্ত্রণের চূড়ান্ত সমাধান নয়। যানবাহনের কালো ধোঁয়া, শিল্প-কারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা, ইটভাটা ও বর্জ্য পোড়ানো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিবেশ আইন বাস্তবায়ন, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নিয়মিত সড়ক পরিষ্কার, যানবাহনের নির্গমন পরীক্ষা এবং বর্জ্য পোড়ানো বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাওয়া তথ্যকে এসব কার্যক্রমের পরিকল্পনা ও মূল্যায়নে কাজে লাগাতে হবে। দূষণ নিয়ন্ত্রণই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু দূষণের মাত্রা, উৎস ও বিস্তৃতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ছাড়া কার্যকর নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই দূষণ নিয়ন্ত্রণ ও বায়ুমান পর্যবেক্ষণকে পরস্পরের বিকল্প হিসেবে না দেখে সমান্তরালে এগিয়ে নিতে হবে।