ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথা ডব্লিউইএফের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে চলতি বৎসরে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে যে বাংলাদেশের প্রধানতম ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হইয়াছে, উহাতে বাস্তবতার প্রতিফলন ঘটিয়াছে বলিয়াই আমরা মনে করি। আমরা দেখিয়াছি, পূর্বের বৎসরসমূহে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও কর্মসংস্থানের ন্যায় বিষয় দেশের জন্য প্রধান ঝুঁকি হিসাবে সংস্থাটি চিহ্নিত করিয়াছিল। এইবার নির্বাচনের বৎসরে প্রথমবারের মতো সেই স্থানে অপরাধমূলক তৎপরতার বিষয়টি আসিয়াছে। বস্তুত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেই মাত্রায় ঘটিয়াছে, তাহা সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করিয়াছে। তাই আগামীর ঝুঁকি হিসাবে মানুষ অপরাধকে বড় বিষয় হিসাবে দেখিয়াছে। ইহা কেবল বর্তমান সরকার নহে, নির্বাচনের মধ্য দিয়া যাহারা তদস্থলে বসিবেন, তাহাদের জন্যও বড় বার্তা। আমরা জানি, ডব্লিউইএফ বাৎসরিক সভা সম্মুখে রাখিয়া প্রতিবৎসর জানুয়ারিতে গ্লোবাল রিস্ক রিপোর্ট বা বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন প্রকাশ করিয়া থাকে। দেশভিত্তিক প্রধান ঝুঁকিসমূহ চিহ্নিত করিতে সংস্থাটি ধারণাভিত্তিক জরিপ পরিচালনা করিয়া থাকে। জরিপে অংশগ্রহণকারীরা বাংলাদেশের প্রধান ঝুঁকি হিসাবে অপরাধের বিষয়টি তুলিয়া ধরিয়াছে।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত বৎসর তিন সহস্র ৭৮৫টি হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে, যাহা পূর্ববর্তী বৎসরের তুলনায় ৩৫৩টি বেশি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র-আসকের প্রতিবেদনমতে, গত বৎসর মবসন্ত্রাসে নিহতের সংখ্যা ছিল ১৯৮। নতুন বৎসরের প্রথম ছয় দিনে আলোচিত আটটি খুনের ঘটনা ঘটিয়াছে। তদুপরি রাজশাহী-কুষ্টিয়া অঞ্চলের ডাকাত দল ‘কাকন বাহিনী’, খুলনার ‘হুমা বাহিনী’ ও ‘মুন্না বাহিনী’র তাণ্ডবের কথাও সংবাদমাধ্যমে একাধিকবার খবর হইয়াছে। অন্যদিকে পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী গত ৬ জানুয়ারি পর্যন্ত এক সহস্র ৩৩৩টি অস্ত্র উদ্ধার হয় নাই, যেইগুলির মধ্যে অনেক ভারী অস্ত্রও রহিয়াছে। বিভিন্ন বোরের দুই লক্ষ ৪৩ সহস্রাধিক গুলির হদিস নাই। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি হইতে এই সকল অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হইয়াছিল। শুধু উহা নহে, অভ্যুত্থানকালে জেল হইতে পালানো অন্তত ৭০০ অপরাধীকেও পুলিশ অদ্যাবধি ধরিতে পারে নাই। এমন পরিবেশে খুন, ধর্ষণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ছড়াছড়ি হইবে উহাই স্বাভাবিক। আসকের বার্ষিক প্রতিবেদন বলিতেছে, ২০২৫ সালের জানুয়ারি হইতে ডিসেম্বর পর্যন্ত সময়ে ধর্ষণের ৭৪৯টি ঘটনা ঘটিয়াছে। ইহার মধ্যে ৫৬৯টি ছিল একক ধর্ষণ এবং ১৮০টি দলবদ্ধ ধর্ষণ। ধর্ষণের পর অন্তত ৩৬ জন নারীকে হত্যা করা হইয়াছে, সাতজন নারী আত্মহত্যা করিয়াছেন এবং ধর্ষণের চেষ্টার পর প্রাণ হারাইয়াছেন আরও ছয়জন নারী। এই পরিস্থিতির মধ্যে গত বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল সড়কে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হইয়াছেন এক তরুণী।
আমরা দেখিয়াছি, এহেন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির কথা সরকার অস্বীকার করিয়াছে। জনমতের চাপে কিছু ঘটনায় ব্যবস্থা গৃহীত হইলেও অদ্যাবধি ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয় নাই। অস্বীকার করা যাইবে না যে আওয়ামী লীগ সরকারের পতন হইবার পর পুলিশ বাহিনী এখনও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আসে নাই। কিন্তু বাহিনীটির যতটুকু উন্নতি হইয়াছে তদনুসারে সেবা মিলিতেছে না। বরং বিগত আমলে অতিরঞ্জিত রাজনৈতিক ব্যবহারে এই বাহিনীর নৈতিক মনোবল অনেকটাই ভাঙিয়া পড়িয়াছিল, সেইখান হইতে তাহারা বাহির হইয়াছে বলা যাইবে না। পুলিশ সংস্কার কমিশন গঠন করা হইলেও পোশাক পরিবর্তন ব্যতিরেকে উহার বাস্তবায়ন দৃশ্যমান হয় নাই। আমরা মনে করি, আসন্ন নির্বাচন উপলক্ষে দ্রুত যদি অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ সম্ভব না হয়, তাহা হইলে সকলই গরল ভেল হইবে। একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা তিরোহিত হইবে। তাই সমন্বিত কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে উদ্যোগী হইতে হইবে।
