ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বর্জ্য ও ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকার দৃশ্য সহজেই চোখে পড়ে। কোরবানির পশুর রক্ত, গোবর ও অন্যান্য বর্জ্য পচে-গলে পরিবেশকে রীতিমতো অসহনীয় করে তোলে। কোরবানির পশুর অস্থায়ী হাটগুলোও বর্জ্যরে ভাগাড়ে পরিণত হতে দেখা যায়। দুই সিটি করপোরেশনের তরফে প্রতিবছরই ঈদুল আজহার সময় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা সময় বেঁধে দিয়ে অপসারণের প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু প্রায় কোনো বছরই প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষিত হয় না। ১২ ঘণ্টা-২৪ ঘণ্টায় তো নয়ই, ৭২ ঘণ্টায়ও কোনো কোনো এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এবারও দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। বাস্তবে কী তা হয়েছে? কোনো কোনো এলাকায় হলেও সর্বত্র যে হয়নি, নগরবাসীর তা অজানা নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে গত শুক্রবার দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা নিজে গাড়ি চালিয়ে পরিদর্শন করেন। বর্জ্য অপসারণ বা বর্জ্যব্যবস্থাপনা সচোক্ষে দেখার জন্য এভাবে কোনো প্রধানমন্ত্রীর পরিদর্শন এই প্রথম। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজিরবিহীন কাজগুলোর একটি হিসাবে পরিগণিত হবে। প্রেসিডেন্ট এরশাদ এধরনের আকস্মিক পরিদর্শনে যেতেন অনেক সময়। পর্যবেক্ষকদের মতে, তার ওই সব পরিদর্শন কতটা আন্তরিক, আর কতটা লোকদেখানো, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন, তারেক রহমান সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি যা করেন, তা আন্তরিকতার সঙ্গেই করেন। এখানে লোকদেখানোর কোনো উদ্দেশ্য নেই। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি এযাবৎ যা কিছুই করছেন, সর্বক্ষেত্রে কর্তব্যবোধ ও আন্তরিকতাই তাকে পরিচালিত করেছে। অফিস করার ক্ষেত্রে তার সময়ানুবর্তিতা অনেকেরই দৃষ্টি কেড়েছে। অফিস সময়ের ৫-১০ মিনিট আগে ছাড়া পরে তিনি কখনো আসেননি। সচিবালয়ের সচিবসহ শীর্ষকর্মকর্তাদের অনেকেই নির্দিষ্ট সময়ে অফিসে আসেন না। ইচ্ছামত আসেন, ইচ্ছামত চলে যান। প্রধানমন্ত্রীর সময়ানুবর্তিতার এই দৃষ্টান্ত তাদের বিপাকে ফেলেছে বটে, তবে সময়ানুবর্তী হতেও বাধ্য করেছে। মন্ত্রীরা সচিবালয়ে অফিস করার চেয়ে সভা-সেমিনারে যাওয়াকে অগ্রাধিকার দিতেন। তারা সচিবালয়কে ক্লাব মনে করতেন, যেখানে ইচ্ছামত আসা বা যাওয়া যায়। প্রধানমন্ত্রীর ঠিক সময়ে অফিসে আসা, ছুটির দিনেও অফিস করা ইত্যাদি মন্ত্রীদের সতর্ক ও কর্তব্যবোধে উৎসাহিত করছে বলে প্রতীয়মান হচ্ছে।
রাজধানী ঢাকার বর্জ্যব্যবস্থাপনা যে বিশ্বের আর সব রাজধানী নগরীর মতো নয়, এটা অভিজ্ঞ ও ওয়াকিবহাল মহলের অজানা নেই। ময়লা-আবর্জনাপূর্ণ নোংরা নগরী হিসাবে ঢাকার অখ্যাতি পুরানো। ঈদুল আজহার আগে-পরে কয়েকদিন এই নগরীর পরিবেশ সবচেয়ে খারাপ হয়ে যায়, বসবাস দূরহ হয়ে পড়ে। পরিস্থিতি হয়ে পড়ে অত্যন্ত শোচনীয়। নগরীর কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কাজে আসে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রধান নির্বাহী। প্রধান নির্বাহী হিসাবে বর্জ্যব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করাকে তিনি কর্তব্য মনে করেছেন। তিনি অন্যের কথায় কান দেননি, ভরসা করেননি। তিনি সচক্ষে অবস্থা দেখতে বের হয়েছেন। একটানা চার ঘণ্টা গাড়ি চালিয়ে তিনি বিভিন্ন এলাকা ঘুরেছেন। এই পরিদর্শনে তিনি যথেষ্ট সন্তুষ্ট হতে পারেননি।
বর্জ্য অপসারণে গাফিলতি ও ব্যর্থতা প্রত্যক্ষ করেছেন। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তিনি দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশনের প্রধান দুই বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা এবং দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। অন্যের কথা শোনা এবং প্রত্যক্ষ পরিদর্শনের মধ্যে যে বিরাট ব্যবধান ও পার্থক্য, তা প্রধানমন্ত্রীর এই পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের মধ্যে সুস্পষ্ট উপলব্ধি করা গেছে। দুই সিটি করপোরেশনের কথিত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, অভিযোগের সত্যতা যাচাই, কারণ দর্শানো কোনো কিছুই দরকার হয়নি। প্রধানমন্ত্রীর পরিদর্শনই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য যথেষ্ট বলে গণ্য হয়েছে। এই তাৎক্ষণিক ও ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ, সুশাসন প্রতিষ্ঠায় খুবই কার্যকর। এ ঘটনা বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সতর্ক ও সাবধান করবে, যথাকর্তব্য পালনে বাধ্য করবে বলে আশা করা যায়।
আমাদের দেশে অনিয়ম-দুর্নীতির সীমা নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশের হাড়ে-মজ্জায় অনিয়ম-দুর্নীতি অনুপ্রবেশ ও স্থায়ী আসন লাভ করেছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তুলনামূলকভাবে অনিয়ম-দুর্নীতি ও অর্থ লুটপাট বেশি হয়ে থাকে। এর সবচেয়ে উল্লেখযোগ্য কারণ, অনিয়ম-দুর্নীতি ও লুণ্ঠন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থার অভাব, তদারকি ও নজরদারির ঘাটতি এবং অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির অনুপস্থিতি। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এদিকে বিশেষভাবে দৃষ্টি দেন, তবে বিদ্যমান অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। তিনি যদি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপারে তার নিজের নজরদারি বৃদ্ধি করেন, প্রয়োজনে আকস্মিক পরিদর্শনে যান এবং তাৎক্ষণিক নির্দেশনা দেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেন, তবে অনিয়ম-দুর্নীতি নিরোধ, চুরি ও লুটপাট বন্ধে তা খুবই কাজে আসবে। প্রকল্প বাস্তবায়ন নির্দিষ্ট সময়ে শেষ হবে এবং তার সুফল মানুষ লাভ করতে পারবে। আমরা সঙ্গতকারণেই আশা করবো, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেবেন এবং উপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করবেন।
