যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য দেশটি যেই বন্ড বা জামানত প্রথা আরোপ করিয়াছে, উহা কেবল আর্থিক দণ্ডই নহে, ভাবমূর্তিরও প্রশ্ন বটে। আমরা জানি, যুক্তরাষ্ট্র ভিসা বন্ডের আওতাধীন কয়েকটি দেশের তালিকা কয়েক মাস পূর্বেই প্রকাশ করিয়াছে; মঙ্গলবার সেই তালিকায় বাংলাদেশকেও যুক্ত করা হইয়াছে। এই অবস্থানের নেপথ্যে যদ্রূপ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর অবস্থান, তদ্রূপ ভ্রমণকারীদের ভিসার মেয়াদ-অতিরিক্ত সময় অবস্থানের প্রবণতাও দায়ী।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সাময়িক সময়ে অবস্থানকারীদের জন্য যেই বি১ ও বি২ ধরনের ভিসা দিয়া থাকে, সেই দুইটিতেই বন্ড আরোপিত হইয়াছে। এই দুই ধরনের ভিসায় সাময়িকভাবে ব্যবসার উদ্দেশ্যে, শিক্ষামূলক, পেশাগত কারণে এবং ভ্রমণ, বিনোদন কিংবা চিকিৎসার জন্য মানুষ যুক্তরাষ্ট্রে যায়। ইহার আওতায় দেশটিতে একাদিক্রমে ৯০ দিনের অধিক থাকিবার অবকাশ নাই। অথচ দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রতিবেদন বলিতেছে, বাংলাদেশ হইতে যুক্তরাষ্ট্রে যাইয়া অতিরিক্ত সময় অবস্থানের হার সর্বাধিক ব্যবসা ও ভ্রমণ ভিসাধারীদের। ২০২৪ ও ২০২৩ সালে যেই সকল বাংলাদেশি ঐ দেশের ভিসা পাইয়াছিলেন, তাহাদের একটি অংশ অতিরিক্ত সময় অবস্থান করিয়াছেন। এই সংকট কাটাইবার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র জামানতের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে।
স্মরণে রাখিতে হইবে, পাঁচ সহস্র হইতে পনেরো সহস্র ডলার তথা অন্তত তিন লক্ষ টাকা হইতে ১৮ লক্ষ টাকা জামানতের পরিমাণ খুব কম নহে। এই অর্থ বহন করা অনেকের পক্ষেই কঠিন হইবে, যদিও উহা ফেরতযোগ্য। ভ্রমণ, পেশাগত কর্ম কিংবা চিকিৎসার জন্য ভিসার আবেদন করিলে এই অর্থ প্রদান করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হইবে। যাহার ফলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইবে এবং রাষ্ট্রও অনেক ক্ষেত্রে পেশাগত সেবা হইতে বঞ্চিত হইতে পারে। তবে সর্ববৃহৎ সংকট হইবে ভাবমূর্তিগত। আমরা দেখিয়াছি, যুক্তরাষ্ট্র মোট ৩৮ দেশের উপর এই বন্ড আরোপ করিয়াছে। সেই তালিকায় বাংলাদেশ প্রবেশ করিবার অর্থ হইল বিশ্বের নিকট আমাদের সম্পর্কে নেতিবাচক বার্তা যাইবে। অনেক সময় আমরা দেখি, যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত গ্রহণ করিলে পশ্চিমা দেশগুলো উহার অনুসরণ করিয়া থাকে। ভিসা বন্ডের ক্ষেত্রেও উহা ঘটিলে বাংলাদেশের জন্য মন্দ বৈ উত্তম হইবে না।
বলিবার অপেক্ষা রাখে না, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হইবার পর হইতে নূতন এমন কিছু বিষয় আমরা দেখিয়াছি, তাহাতে বাংলাদেশের মতো যেই সকল দেশ যুক্তরাষ্ট্রের সহিত দীর্ঘদিন ধরিয়া কাজ করিয়া আসিতেছে, তাহারা বিস্মিত। ইতোপূর্বে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করিয়াছেন ডোনাল্ড ট্রাম্প। এখন নূতন করিয়া ভিসার জামানত নির্ধারণের মাধ্যমে যেই সংকটের উদ্ভব হইয়াছে, উহার প্রভাব যুক্তরাষ্ট্রের উপরেও পড়িতে বাধ্য। এইবার কেবল বন্ডই আরোপ করা হয় নাই, প্রবাসী আয়ে ১ শতাংশ করও নির্ধারণ করিয়াছে যুক্তরাষ্ট্র এবং নির্দিষ্ট তিনটি বিমানবন্দর নির্ধারণ করিয়া দিয়া ভ্রমণেও কড়াকড়ি আরোপ করিয়াছে দেশটি।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নাই। এই ক্ষেত্রে যাহারা যুক্তরাষ্ট্রে স্বল্প সময়ের জন্য যাইবেন, তাহাদের নির্দিষ্ট ভিসার মেয়াদ শেষ হইবার পর ফেরত আনিবার ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয়তা জরুরি। দেশ যদি এইভাবে উদাহরণ তৈয়ার করিতে পারে, তবে উহাতে আশ্বস্ত হইয়া যুক্তরাষ্ট্র বন্ড প্রথা শিথিল করিতে পারে। যুক্তরাষ্ট্রে যেই সকল বাংলাদেশি কমিউনিটি রহিয়াছে, উহারা যে তথাকার সমাজ ও রাষ্ট্রের জন্য ভূমিকা পালন করিতেছে, উহাও ট্রাম্প প্রশাসনকে অনুধাবন করাইতে হইবে। বন্ড আরোপ করিলে তথায় দেশের নাগরিকদের গমন হ্রাস পাইলে যুক্তরাষ্ট্রের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়িবে, তাহাও বুঝাইবার বিষয় রহিয়াছে। তবে অন্যতম প্রধান কারণ হিসাবে যেহেতু অতিরিক্ত সময়ে অবস্থানের বিষয় রহিয়াছে, সেইখানেই অগ্রাধিকার দেওয়া জরুরি।
