ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে শত শত বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ নাগরিক গুমের শিকার হয়েছে। তাদের অধিকাংশেরই কোনো খোঁজ পাওয়া যায়নি। বেঁচে আছে, নাকি মেরে ফেলা হয়েছে, তা নিশ্চিত নয়। গুমের শিকার ব্যক্তিদের ছবি নিয়ে সভা-সমাবেশে স্বজনদের আহাজারি দেশের মানুষকে আবেগাপ্লুত করেছে। গুম হওয়া ব্যক্তির সন্তান কিংবা জন্মে বাবাকে না দেখা শিশুর কান্না হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করেছে। এখনো কেউ তার ভাইকে, কেউ তার বাবাকে খুঁজছে। তাদের ফেরার অপেক্ষায় দুঃসহ প্রহর গুণছে। স্বজনরা আকূল হয়ে হাসিনার কাছে আবেদন-নিবেদন করেও কোনো সমাধান পায়নি। তার কাছে আবেদন করেছে, তাদের উদ্ধারের ব্যবস্থা করতে। যদি বেঁচে না থাকে, তাহলে তারা যাতে অন্তত লাশটি দেখতে পায়, এই আকূলতা জানিয়েছে।

নিষ্ঠুর হাসিনা তাদের সেই আহ্বানে সাড়া তো দেয়নি, উল্টো একের পর এক গুম করে গেছে। ইতিহাসে এমন বর্বর গুমের ঘটনা বিরল। চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার এক নির্বাহী আদেশে গুম কমিশন গঠন করে। কমিশন হাসিনার শাসনামলের প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তারা ছাড়াও সামরিক, বেসামরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তাকে গুম কমিশনে তলব করে। তাদের কেউ কেউ লিখিত বক্তব্য পাঠিয়েছেন, কেউ সশরীরে হাজির হয়ে গুমের বিবরণ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক একাধিক মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং র‌্যাব ও পুলিশের সাবেক উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। তাদের জিজ্ঞাসাবাদের অডিও-ভিডিও রেকর্ড করা হয়েছে।

পাশাপাশি গুম কমিশনের বিশেষ অনুসন্ধান টিম র‌্যাব এবং ডিজিএফআই পরিচালিত একাধিক গোপন বন্দিশালা থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ আলামত ও তথ্যপ্রমাণ উদ্ধার করেছে। পরবর্তীতে গুম কমিশন এসব বন্দিশালা অবিকৃত অবস্থায় রাখার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের অনুসন্ধানে বেশকিছু ফোনকল রেকর্ড, এসএমএস এবং সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়, যেখানে অপরাধের সঙ্গে বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ রয়েছে। হাসিনার বিশেষ আস্থাভাজন কর্মকর্তা এবং ডিজিএফআই-এর সাবেক প্রভাবশালী মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) আকবর হোসেন কমিশনে হাজির হয়ে গুমের একাধিক ঘটনা স¤পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

এছাড়া র‌্যাব ও সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য গুম ও খুনের একাধিক ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দিয়েছেন। এর বাইরে গুমের শিকার একাধিক ভুক্তভুগী পরিবারের সদস্যর অভিযোগ রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্টদের জবানবন্দি ছাড়াও কয়েকটি গোয়েন্দা সংস্থা, র‌্যাব, ডিবি, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তর থেকেও বেশকিছু গোপন নথিপত্র উদ্ধার করে কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্যপ্রামাণের এসব নথি এখন যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট বা খোয়া যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকার গুম কমিশন বিলুপ্ত করার পর কমিশনের সাবেক কমিশনারদের মতামতের ভিত্তিতে দাপ্তরিক ফাইল ছাড়াও গুম সংক্রান্ত ডকুমেন্টভর্তি ২৪টি কার্টন কাওরানবাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে রেখেছে। সেখানে কার্টনগুলো অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করছেন, যদি কোনো কারণে এসব তথ্যপ্রমাণ আংশিক বা স¤পূর্ণভাবে খোয়া যায়, তাহলে গুম সংক্রান্ত মামলার তদন্ত ও বিচার বাধাগ্রস্ত হতে পারে। গুমের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে প্রাপ্ত অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল ডকুমেন্ট নতুন করে সংগ্রহ করা কঠিন হবে।

গুম, খুন ও গণহত্যার ইতিহাসে হাসিনার শাসনামল এক বর্বরতম অধ্যায়। মানবাধিকার লঙ্ঘনের এমন নজির সাম্প্রতিক ইতিহাসে আর নেই। শুধু ক্ষমতায় থাকার জন্য হাসিনা মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে নিকৃষ্টতম পথ বেছে নিয়েছিলেন। তার আস্থাভাজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিরোধীদলে গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের রাতের আঁধারে তুলে নিয়ে গুম করে ফেলতেন। বলা হয়ে থাকে, হাসিনা সরাসরি এসব গুমের ঘটনা তত্ত্বাবধান করতেন। তুলে আনা ব্যক্তিদের গোপন বন্দিশালায় দিনের পর দিন বন্দি রেখে হত্যা করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে দেয়া হতো। দুয়েকজন ফিরলেও তারা ভয়ে কোনো কথা বলতেন না। গুম হওয়া ব্যক্তির স্বজনরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধর্ণা দিয়েও কোন হদিস পেত না।

এমনকি, হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করেও আশ্বাস এবং তার ‘কুম্ভীরাশ্রু’ ফেলা ছাড়া কিছু পেত না। তাদের আহাজারি হাসিনার মনে মায়া জন্মাতে পারেনি। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা ‘মায়ের ডাক’ সংগঠনের ব্যানারে বছরের পর বছর ধরে স্বজনদের ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েও কোনো ফল পায়নি। উল্টো আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করলেও হাসিনা সরকার তা উড়িয়ে দিত। বলা বাহুল্য, হাসিনার গুম, খুনের ইতিহাস হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পকেও হার মানিয়েছে। এটা ছিল, বিরোধীদল দমনে হাসিনার ‘হলোকাস্ট’। এই হলোকাস্ট কতটা নৃশংস ও অমানবিক ছিল, তা তার পতনের পর গুম কমিশনের তদন্তে বের হয়ে এসেছে।

ক্যান্টনমেন্টের ভেতরে গুপ্ত বন্দিশালার সচিত্র প্রতিবেদন দেখে মানুষ শিউরে উঠেছে। যারা জীবনের শেষ প্রান্ত থেকে ফিরে এসেছে, তাদের কথা দেশের মানুষ ইতোমধ্যে জেনেছে। গুম কমিশন তদন্ত করে এর সাথে কারা কারা জড়িত এবং কীভাবে গুম করা হতো, তার অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও জবানবন্দি পেয়েছে। সেগুলোর অডিও-ভিডিও রেকর্ড, লিখিত বর্ণনাসহ গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। এসব তথ্য-উপাত্তের দলিল গুমের সাথে জড়িতদের বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিতাপের বিষয় হচ্ছে, সদ্যবিলুপ্ত গুম কমিশনের অতি গোপনীয় নথিপত্র এবং ¯পর্শকাতর তথ্যপ্রমাণ সংরক্ষণ ঝুঁকির মধ্যে রয়েছে। আইনগতভাবে কোন দপ্তরে এসব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ করা হবে, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সু¯পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।

এ কারণে, এসব আলামত অনেকটা তত্ত্বাবধানহীনভাবে মানবাধিকার কমিশনে পড়ে আছে। গুম কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বেশ কয়েকজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে দৈনিক যুগান্তরকে বলেছেন, গুম সংক্রান্ত মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারকাজ ত্বরান্বিত করতে তাদের দীর্ঘ অনুসন্ধান ও জেরায় প্রাপ্ত অনেক চাঞ্চল্যকর তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। তবে তারা যখন এ বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অনেকটা হঠাৎ করে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে যায়। এতে কমিশন স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারায়। তারা বলেছেন, যেহেতু এসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কারণে প্রভাবশালী অনেকে ফেঁসে যেতে পারেন, তাই কার্টনভর্তি ডকুমেন্টগুলো যেকোনো সময় গায়েব হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কোনোভাবে বেহাত হলে গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকবে। সেক্ষেত্রে গুমের শিকার ভুক্তভোগী, অভিযোগকারী, সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে।

গুম কমিশনের নথিপত্র মানবাধিকরা কমিশনে যেভাবে সংরক্ষণ করা হচ্ছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, গুম কমিশনের নথিপত্র সংরক্ষণের দায়িত্ব মানবাধিকার কমিশনের নয়। গুম কমিশন থেকেও এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দেয়া হয়নি। ফলে এসব গুরুত্বপূর্ণ আলামত নষ্ট কিংবা হারিয়ে যাওয়ার শঙ্কার মধ্যে রয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ জরুরি বলে পর্যবেক্ষকরা মনে করছেন। কারণ, মানবাধিকার লঙ্ঘন এবং বিচারের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। আমরা আশা করি, গুম সংক্রান্ত এসব তথ্য-উপাত্ত সংরক্ষণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। এগুলো নষ্ট বা হারিয়ে গেলে গুম সংক্রান্ত বিচার করা সম্ভব হবে না। এসব দলিল বিশেষভাবে তৈরি ভোল্টে রাখতে হবে, যেভাবে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রাখা হয়। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা করা যাবে না।