আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স(এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্যপ্রযুক্তির সা¤্রাজ্যে নতুন ট্রেন্ড বা প্রভাববিস্তারকারী উপাদান হয়ে দাঁড়িয়েছে। এমনিতে ফেইসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক জীবনে ক্রমবর্ধমান প্রভাবক হয়ে দাঁড়িয়েছে। এআই প্রযুক্তি সেখানে নতুন বিপত্তি হয়ে দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়াবাড়ি প্রচারণার ব্যাপক ভূমিকা দেখা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সৃষ্ট ছবি, ভিডিও অপতথ্য ছড়ানোর মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের ঘটনা সমাজে বড় ধরনের বিভ্রান্তি ও অস্বস্তির জন্ম দিচ্ছে।
এ ক্ষেত্রে একদিকে কিছু মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সৃষ্ট ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, অন্যপক্ষ কোনোরূপ বিচার-বিশ্লেষণ ছাড়াই তা বিশ্বাস করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তা শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। বিশেষত রাজনৈতিক ক্রান্তিকাল ও জাতীয় নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাজাত অপতথ্য সমাজে ও রাজনীতিতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা বাড়িয়ে দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ঢাকায় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর এআই দিয়ে তৈরি একটি ফটোকার্ডে দেখা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে হাদির হত্যাকারী ফয়সালের ছবি। সে সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রূহুল কবির রিজভী আহমেদ ডিএমপি’র এক কমিশনারের বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েমের সাথে হাদির হত্যাকারীর সাথে চা খাওয়ার প্রসঙ্গে বক্তব্য দেন। পুরো বিষয়টি ছিল এআই সৃষ্ট গুজব। যা ব্যবহার করে দেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তি বিব্রত হয়েছেন। তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার বিচারহীন ব্যবহার সমাজে ও রাজনীতিতে বড় ধরনের বিপত্তি সৃষ্টি করতে পারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন আশঙ্কা আরো জোরালো হয়ে উঠেছে। গত মঙ্গলবার ঢাকার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ(সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা: ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ’ শীর্ষক এক সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় ধরনের নৈরাজ্যমূলক বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টিকারী উপাদান হতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর প্রস্তুতি, সচেতনতা বা প্রতিরোধের উদ্যোগ দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে শৈথিল্য বা ব্যর্থতার কারণে সরকারের জন্য সমূহ বিপদ ডেকে আনতে পারে বলেও তিনি মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা বিশেষ কোনো গোষ্ঠির পক্ষে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার মাধ্যমে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার বিষয়ে আমাদের সরকার বা সরকারি সংস্থাগুলোর সীমাবদ্ধতা মাথায় রেখে তা থেকে উত্তরণের উপায় বের করার কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিগত সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেটার সাথে বাণিজ্যিক অংশীদারিত্ব ও নিয়ন্ত্রণমূলক যৌথ ব্যবস্থাপনার উদ্যোগ নিয়ে সরকারকে কার্যকরভাবে ভাবতে হবে।
সাম্প্রতিক সময়ে যে সাম্প্রদায়িক উত্তেজনা ও সম্প্রীতি বিনষ্টকারী প্রায় প্রতিটি ঘটনার সাথে সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট দাতাদের সংশ্লিষ্টতা লক্ষ করা গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে এআই সৃষ্ট ভুয়া ছবি, ফটোকার্ড, ভিডিও, মিথ্যা ও অপতথ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে ড. ইউনূসের প্রতিশ্রুত সুষ্ঠু অবাধ, ও উৎসবমুখর নির্বাচনের জাতীয় প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব নয়। বিশেষত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা এআই নির্মিত ভুয়া ছবি, স্ক্রিনশট, অডিও-ভিডিও কল রেকর্ড, স্ক্রিনশট বা ডিপফেইক ভিডিও বানিয়ে পরস্পরের চরিত্র হননের মতো ঘটনা ঘটলে তা নির্বাচনের মাঠকেই কেবল উত্তপ্ত করবে না, সেই সাথে তা পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতেরও জন্ম দেবে।
এ কারণে জাতীয় নির্বাচনের আগে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানের পাশাপাশি এবারের নির্বাচনে এই প্রযুক্তি নির্ভর প্রচারণা নিয়ন্ত্রণের দিকে বিশেষ নজর দিতে হবে। এ ক্ষেত্রে ডিজিটাল সুরক্ষা আইনের প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ বাড়াতে হবে। আমাদের মনে রাখতে হবে, জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়ার পথে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। এর সবকিছু সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। তবে জনসচেতনতা ও আইনের সঠিক প্রয়োগ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। নির্বাচনে ডিজিটাল প্লাটফর্ম ও এআই ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ, সাবধানতা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আরোপের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট সংস্থা, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গুজব, অপতথ্য রোধে ডিজিটাল সিকিউরিটি, ফ্যাক্টচ্যাকিং ব্যবস্থা আরো জোরদার করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও নিজস্ব উদ্যোগে ডিজিটাল নিরাপত্তাসহ তথ্য-যাচাইয়ের ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো নির্দোষ ব্যক্তির চরিত্র হনন বা সামাজিক-রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হলে তার বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
