পরিবহন সেক্টরে চাঁদাবাজি ওপেন সিক্রেট। রাজধানী থেকে শুরু দেশের সর্বত্র এই চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি রোধ করা যাদের দায়িত্ব, তারাও অনেকে কোনো না কোনোভাবে চাঁদাবাজির সঙ্গে যুক্ত। অভিযোগ মতে, মন্ত্রী-এমপি থেকে শুরু করে দলীয় নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা পর্যন্ত চাঁদার টাকার ভাগ পান। স্বৈরাচারের সাড়ে ১৫ বছর পরিবহন সেক্টর কবজা করে নিয়েছিল শাহজাহান খানের মাফিয়াচক্র। শোনা যায়, প্রতি রাতে শাহজাহান খানের বস্তা-বস্তা টাকা জমা হতো। শাহাজাহান খান একইসঙ্গে ছিলেন এমপি, মন্ত্রী এবং পরিবহন মালিক ও শ্রমিকদের নেতা। পরিবহন সেক্টরে তিনিই ছিলেন রাজা-মহারাজা। তার কথাই ছিল আইন। তার বিরোধিতাকারীদের পরিণতি হতো ভয়াবহ।
এই মাফিয়ালিডার, ৫ আগস্ট, ২০২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ের সঙ্গে সঙ্গে নিজেও বিদায় নেন। পরিবহন সেক্টর আওয়ামী মাফিয়াদের কবল থেকে মুক্ত হয়। কিন্তু আসলেই কি পরিবহন সেক্টর চাঁদাবাজি থেকে মুক্ত হয়েছে? সত্যের খাতিরে বলতেই হবে, মোটেই মুক্ত হয়নি। চাঁদাবাজি এখনো আগের মতোই চলছে। ক্ষমতার পট পরিবর্তনে চাঁদাবাজের বদল হয়েছে মাত্র। নতুন চাঁদাবাজ দখল নিয়েছে। চাঁদাবাজি পূর্ববৎ বহাল। ‘চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর ৩ বাস টার্মিনালÑ বছরে আদায় ৩৬৩ কোটি টাকা’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে পত্রিকান্তরে। ওই খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীÑ এ তিন বাস টার্মিনালে আগের মতোই চলছে বেপরোয়া চাঁদাবাজি।
রাজধানীর তিন বাস টার্মিনালেই যদি চাঁদাবাজি চলতে থাকে তবে দেশের সর্বত্র বাস টার্মিনাল ও যানবাহন স্ট্যান্ডে কী চলছে, তা সহজেই আন্দাজ করা যায়। আলোচ্য খবরে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন রুটের দূরপাল্লার বাস থেকে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, দুস্থ শ্রমিক পুনর্বাসন ও শ্রমিকদের কল্যাণসহ বিভিন্ন নামে এবং বেনামে আদায় করা হয় মোটা অংকের অর্থ। এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক শক্তি ও প্রশাসনের আশীর্বাদপুষ্ট কিছু বাস মালিক এবং শ্রমিক নেতা। খবরে আরো বলা হয়েছে, চাঁদাবাজির নেতৃত্বে পরিবর্তন ঘটলেও এখনো পর্দার আড়ালে থেকে অনেক ক্ষেত্রে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা। তাদের সঙ্গে গভীর সখ্য রয়েছে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের। বলা বাহুল্য, দলটি যে বিএনপি, সহজেই তা বুঝা যায়। খবরে এ তথ্যও জানানো হয়েছে, গত ১৫ বছরও এভাবে দু’দলের নেতারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে চাঁদার টাকা ভাগবাটোয়ারা করতেন। প্রশ্ন ওঠে, বাস্তবতা যদি এমনটাই হয়, তাহলে চাঁদাবাজি বন্ধ হবে কীভাবে?
স্বৈরাচার উৎখাতের পর ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি বন্ধ হবে বলে জনগণ আশা করেছিল, যা পূরণ হয়নি। ঘুষ-দুর্নীতি নিরবে চললেও চাঁদাবাজি চলছে সরবে, প্রকাশ্য দিবালোকে। আওয়ামী চাঁদাবাজদের সঙ্গে বিএনপির চাঁদাবাজরা যোগসাজশ করে তাদের দৈনিক নগদ টাকার আগমকে অব্যাহত রেখেছে। নগদ টাকার লোভ সামলানো খুবই মুশকিল। আর নগদ টাকা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো চাঁদাবাজিÑ তা পরিবহনেই হোক অথবা অন্য কোনো ক্ষেত্র বা সেক্টরেই হোক। গত দেড় বছরে পরিবহনে চাঁদাবাজি নিয়ে বহু খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব খবরে এমন তথ্য এসেছে যে, আওয়ামী চাঁদাবাজদের স্থলে এখন বিএনপির চাঁদাবাজরা পুরো সেক্টর নিয়ন্ত্রণ করছে। তারা এমনকি টেম্পুস্ট্যান্ড দখল করেও চাঁদাবাজি করছে। এসব তথ্য যাচাই এবং চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব সরকারের।
সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ-পদক্ষেপ নিয়েছে, এমন প্রমাণ নেই। এ ব্যাপারে একটি ব্যাপকভিত্তিক তদন্ত হতে পারতো, যাতে কারা, কোথায়, কীভাবে চাঁদাবাজি করছে, তা জানা হতো। সরকার এ বিষয়ে নিরব ও নিচেষ্ট। কেন নিরব, নিচেষ্ট, তার কোনো জবাব নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরর উপদেষ্টা আরো একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তিনি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারছেন না। সঙ্গতকারণে পরিবহন সেক্টরে চাঁদাবাজির দায় তিনি এড়াতে পারবেন না। তার সচিব ও মন্ত্রণালয়ের দায়িত্বশীল অন্য কর্মকর্তারাও পারবেন না। পরিবহন সেক্টরে বিএনপির চাঁদাবাজদের অবস্থান ও ভূমিকায় দলটি ইতোমধ্যে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে এবং এখনো হচ্ছে। বিএনপি এ ক্ষেত্রে অপপ্রচারেরও শিকার বলে অনেকে মনে করেন। বিএনপিকে চাঁদাবাজ, দখলবাজ দল হিসেবে চিহ্নিত করার বা ট্যাগ লাগানোর একটা অপপ্রয়াসও রয়েছে স্যোশাল মিডিয়ায়। দলের তরফে বলা হয়েছে, বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এটা সত্য, এত বড় দলের কে, কোথায় চাঁদাবাজি, দখলবাজি বা অন্য কোনো অপকর্ম করছে, তা তৎক্ষণাৎ শনাক্ত করা সম্ভব হয় না। ফলে ব্যবস্থা নিতে বিলম্ব হয় বা একেবারেই নেয়া হয় না। পরিবহন সেক্টরে চাঁদাবাজির যে অভিযোগ ও দুর্নাম, তা অপনোদনের ব্যবস্থা নিতে হবে দলকে। যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, দলের পক্ষ থেকে তা যাচাই করে তার বা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
যাত্রীবাহী পরিবহন কিংবা মালামালবাহী পরিবহনÑ উভয় পরিবহনেই চাঁদাবাজি হয়ে থাকে। প্রকৃতপক্ষে চাঁদার অর্থ পরিবহন মালিক দেয় না, দেয় যাত্রী ও ব্যবসায়ী। ব্যবসায়ীও দেয় না, মালামালের দাম বাড়িয়ে সে চাঁদার অর্থ উসুল করে নেয়। আসলে যাত্রী ও প্রান্তিক ক্রেতা চাঁদার অর্থ জোগান দিয়ে থাকে। এই নির্বিচার শোষণ বন্ধ করার বিকল্প নেই। বন্ধ করতে হবে সরকারকেই। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ আছে। যে কোনো একটি বিভাগকে কারা, কোথায় চাঁদাবাজি করছে, তাদের রাজনৈতিক পরিচয় কীÑ এসব বের করার দায়িত্ব দেয়া যেতে পারে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। গোয়েন্দা রিপোর্ট ও অভিযানের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। চাঁদাবাজ যে দলেরই হোক, যত প্রভাবশালীই হোক, তাকে ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, শ্রমিক ইউনিয়ন পরিচালনা, শ্রমিকদের কল্যাণ ও পুনর্বাসনের প্রয়োজনে কিছু অর্থ আদায় করা যেতে পারে। সেটা সরকারের কর্তৃত্বে করতে হবে। সরকার একটি সংস্থা বা কর্তৃপক্ষের অধীনে এই অর্থ আদায় করে বিভিন্ন ক্ষেত্রে বণ্টন করে দেবে। এতে সুষ্ঠুভাবে শ্রমিক ইউনিয়ন পরিচালনা সম্ভব হবে। অন্যদিকে শ্রমিকদের বা তাদের পরিবারবর্গের যথার্থ উপকারও হবে। যেকোনো মূল্যে চাঁদাবাজির নামে সহজ অর্থ আয়ের পথ বন্ধ করতে হবে। বন্ধ করতে পারলে চাঁদাবাজিকেন্দ্রিক হাঙ্গামা, সন্ত্রাস, খুন-জখম যেমন বন্ধ হবে, তেমনি সাধারণ মানুষ শোষণ থেকে রেহাই পাবে।
