ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ইটভাটাগুলিতে পাঁচ শতাধিক নারী-পুরুষের সহিত তাহাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগের যেই চিত্র বৃহস্পতিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, উহা উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, ইটভাটার মালিকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য অস্থায়ী কলোনি তৈয়ার করিয়া দেন। কোনো রকমে ইটের উপর ইট রাখিয়া তৈরি ঘরের ছাউনিগুলি পলিথিনের। অর্থাৎ অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশেই শ্রমিকদের সহিত তথায় জীবন কাটাইতে হয় সন্তানদের। স্বাভাবিকভাবেই এই সকল শিশু-কিশোর শিক্ষা ও স্বাস্থ্যের মৌলিক অধিকার হইতে বঞ্চিত। মজুরিও খুব কম দেওয়া হয়। দিনে অনধিক ১২০ টাকা। উল্লেখ্য, প্রতিবেদনে ঝিনাইদহের একটা উপজেলার কথা বলা হইলেও একই চিত্র সমগ্র জেলায় পরিলক্ষিত। এমনকি দেশের অধিকাংশ ইটাভাটাতে এই অবৈধ শিশু শ্রমিক নিয়োগের প্রক্রিয়া প্রবর্তিত। অবশ্য যেখানে ইটভাটার প্রাপ্তবয়স্ক শ্রমিকরা অমানবিক শারীরিক-মানসিক নির্যাতনের মধ্যে জীবন কাটান, সেখানে শিশু শ্রমিকের জীবন নিরাপদ থাকার কথা নহে। অধিকাংশ ইটভাটা চলে বেআইনিভাবে। পরিবেশ ছাড়পত্র না থাকায় সংশ্লিষ্ট মালিকগণ এইগুলি চালান স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সহিত অশুভ আঁতাতের মাধ্যমে। এইখানে আট ঘণ্টার অধিক কায়িক শ্রম করিতে হয় প্রত্যেক শ্রমিককে। সাপ্তাহিক ছুটির কোনো অনুষঙ্গই নাই। কম বেতনে দশকের পর দশক একই কাজ করে চলা এই সকল শ্রমিক নিজেদের অধিকার বুঝিয়া লইবার কথা জানেনও না। কোনো সংগঠনও তাহাদের দিকে সহযোগিতার হস্ত সম্প্রসারণ করে না।
আমরা জানি, এক সময়ে রাজধানীর অনেক সরকার-স্বীকৃত শিল্পকারখানায়ও শিশু-কিশোরদের নিয়োগ ছিল বিস্তর। দেশীয় ও আন্তর্জাতিক অধিকারকর্মীদের চাপাচাপি এবং সংশ্লিষ্ট শিল্পপণ্যের বিদেশি ক্রেতাদের চক্ষুলজ্জার কারণে একসময় সেখানে শিশুশ্রম বন্ধ হয়। এখন অপ্রাতিষ্ঠানিক খাতের শিল্পকারখানায় সেই অভিশাপ অব্যাহত রহিয়াছে। ইটভাটাগুলি তথায় ব্যতিক্রম নহে। বস্তুত ইটভাটায় শ্রমিক নিয়োগের বিদ্যমান প্রক্রিয়াই এই অমানবিক ব্যবস্থা জারি রাখিয়াছে। সমকালকে হরিণাকুণ্ডুর মেসার্স আসাদ-জাহাঙ্গীর ব্রিকসের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানাইয়াছেন, শ্রমিকের সহিত তাহাদের কোনো চুক্তি হয় না। চুক্তি হয় সর্দারের সহিত। সর্দারই ঠিক করিয়া থাকেন, কোন কাজের জন্য কোন শ্রমিক কত টাকা পাইবেন। অন্যদিকে সেখানকারই শ্রমিক মইনুর রহমানের ভাষ্য, দাদনের টাকা লইয়া ভাটার কাজে আসিয়াছেন। সংসার চালাইতে গেলে এই কাজ ভিন্ন আর কোনো উপায় তাঁহার নাই। তাই স্ত্রী-সন্তানকে একই কাজে নিযুক্ত করিয়াছেন একটু অধিক আয়ের আশায়। এদিকে ইটভাটায় শ্রমিক পরিবারগুলি যখন এহেন নির্মম বাস্তবতার সম্মুখীন তখন ২০০৬ সালের শ্রম আইনে বলা হইয়াছে, ১৪ বৎসর বয়সের শিশুদের যেই কোনো ধরনের কাজে নিয়োগ দেওয়া নিষিদ্ধ এবং ১৪-১৮ বৎসর বয়সী কিশোর-কিশোরীদের নির্দিষ্ট শর্তে ঝুঁকিমুক্ত কাজে নিয়োগ দিতে হইবে। অন্যদিকে আলোচ্য উপজেলার কোনো ভাটাতে এই আইন মান্য করা না হইলেও স্থানীয় প্রশাসন, শিশু একাডেমি ও আঞ্চলিক শ্রম দপ্তর নামকাওয়াস্তে কিছু সচেতনতামূলক কর্মসূচি লইয়াই দায়িত্ব শেষ করিয়াছে। শুধু শ্রম আইন কেন; প্রচলিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনও কিন্তু এ ক্ষেত্রে নিছক পুস্তকবন্দি হইয়া আছে। ১৯৯১ সালে প্রণীত উক্ত প্রাথমিক শিক্ষা আইন অনুসারে, ৬ বৎসর ও তদূর্ধ্ব সকল শিশুর বিদ্যালয়ে থাকিবার কথা।
নিঃসন্দেহে, দারিদ্র্যমুক্তি ব্যতীত এই সমস্যার টেকসই কোনো সমাধান নাই। কিন্তু এই কারণে উক্ত শিশুদের মৌলিক অধিকারবঞ্চনা যুগ যুগ ধরিয়া চলিবে, তাহাও গ্রহণযোগ্য হইতে পারে না। অন্তত তাহাদের পিতা-মাতার জন্য ন্যূনতম মানসম্মত কাজের ব্যবস্থা আন্তরিক হইলে সরকার করিতেই পারে। যেই মালিকগণ আলোচ্য শ্রমিকদের অসহায়ত্বের সুযোগ লইয়া তাহাদের ভয়ংকরভাবে শোষণ করিতেছেন, সেই মালিকদের শ্রমিকের জীবনমানের কিছুটা হইলেও উন্নতি করিতে বাধ্য করা যায়। তজ্জন্য অবশ্য সরকারকে তাহার পূর্বসূরিদের গতানুগতিক দরিদ্রবিরোধী মানসিকতা হইতে বাহির হইয়া আসিতে হইবে।
