বাংলাদেশে লিভার ক্যান্সার ও দীর্ঘমেয়াদি লিভার রোগের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ। কিন্তু আক্রান্তদের বড় অংশই জানেন না তাদের শরীরে এ ভাইরাস রয়েছে। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো উপসর্গ দেখা না দেয়ায় বছরের পর বছর অজান্তে ভাইরাস বহন করেন অনেকে। লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি, সিরোসিস কিংবা ক্যান্সার শনাক্ত হওয়ার পর চিকিৎসা নিতে এলে তখন অনেক দেরি হয়ে যায়। অথচ সময়মতো পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা গেলে এসব জটিলতা এবং অকালমৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ পরিস্থিতি মোকাবেলায় রোগ শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ সম্প্রসারণে কার্যকর উদ্যোগ জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত মানুষের আনুমানিক সংখ্যা ছিল ৮৩ লাখ। দুই ভাইরাসের সংক্রমণ মিলিয়ে বিশ্বের সর্বাধিক আক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। উদ্বেগজনক বিষয় হলো, ২০২২ সালের শেষ নাগাদ দেশে হেপাটাইটিস বি আক্রান্তদের মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ শনাক্ত হয়েছিলেন এবং চিকিৎসার আওতায় ছিলেন শূন্য দশমিক ৩ শতাংশ। হেপাটাইটিস সি আক্রান্তদের ২৬ শতাংশ শনাক্ত হলেও চিকিৎসা পেয়েছিলেন মাত্র ৮ শতাংশ।
লিভার ক্যান্সারের সঙ্গে এ সংক্রমণের গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে শরীরে হেপাটাইটিস বি বা সি ভাইরাস সক্রিয় থাকলে লিভারে প্রদাহ ও কোষের ক্ষতি হয়। সময়ের সঙ্গে তা ফাইব্রোসিস ও সিরোসিসে রূপ নিতে পারে। হেপাটাইটিস বি সংক্রমণে সিরোসিস ছাড়াও লিভার ক্যান্সার হতে পারে। অন্যদিকে হেপাটাইটিস সি সংক্রমণে সিরোসিস হলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ২০২০ সালে ‘দ্য ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি’ সাময়িকীতে প্রকাশিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের লিভার রোগবিষয়ক এক গবেষণায় দেখা যায়, ২০১৫ সালে বাংলাদেশে লিভার ক্যান্সারজনিত মৃত্যুর প্রায় ৭৭ শতাংশের সঙ্গে হেপাটাইটিস বি ও সি সংক্রমণ জড়িত ছিল। সমস্যার অন্যতম কারণ রোগ শনাক্তকরণ ব্যবস্থার দুর্বলতা। উপসর্গ না থাকায় অধিকাংশ মানুষ পরীক্ষা করানোর প্রয়োজন অনুভব করেন না। পাশাপাশি সংক্রমণের ধরন, পরীক্ষার প্রয়োজনীয়তা এবং চিকিৎসার সুযোগ সম্পর্কে জনসচেতনতার ঘাটতি রয়েছে। ডব্লিউএইচওর তথ্যেও সাশ্রয়ী পরীক্ষা ও চিকিৎসার সীমিত সুযোগ, দেরিতে রোগ শনাক্ত এবং সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে হেপাটাইটিস নিয়ন্ত্রণের বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে পরীক্ষার সুযোগ সীমিত থাকায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ বেশি বঞ্চিত হন।
সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রেও ঘাটতি দূর করা জরুরি। সংক্রমিত রক্ত, একই সুচ-সিরিঞ্জ ব্যবহার, জীবাণুমুক্ত না করা চিকিৎসা সরঞ্জাম এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাস দুটি ছড়াতে পারে। মা থেকেও শিশুর শরীরে হেপাটাইটিস বি সংক্রমিত হতে পারে। এ ঝুঁকি কমাতে নবজাতকের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি গর্ভবতী নারীদের পরীক্ষা এবং সংক্রমিত মায়ের নবজাতকের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। হেপাটাইটিস বি প্রতিরোধে কার্যকর টিকা থাকলেও হেপাটাইটিস সি’র কোনো টিকা নেই। তবে সি ভাইরাসের সংক্রমণ অ্যান্টিভাইরাল ওষুধের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে নিরাময়যোগ্য।
দেশে হেপাটাইটিস নিয়ন্ত্রণে ২০২০-৩০ মেয়াদি জাতীয় কৌশলগত পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে নতুন সংক্রমণ ৯০ শতাংশ এবং হেপাটাইটিসজনিত মৃত্যু ৬৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এ লক্ষ্য অর্জনে পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন জরুরি। প্রথমত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পর্যায়ে পরীক্ষার সুযোগ বাড়াতে হবে। গর্ভবতী নারী, সংক্রমিত ব্যক্তির পরিবারের সদস্য এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে নিয়মিত পরীক্ষার আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হলে নিশ্চিতকরণ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। শুধু পরীক্ষা করিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না।
একই সঙ্গে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা সম্প্রসারণ, ওষুধের নিয়মিত সরবরাহ এবং দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে বা ভর্তুকিতে চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। হেপাটাইটিস বি আক্রান্তদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পর্যবেক্ষণ এবং হেপাটাইটিস সি আক্রান্তদের নিরাময়মূলক চিকিৎসা সহজলভ্য করতে হবে। এজন্য বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে সেবা সম্প্রসারণ জরুরি। নিরাপদ রক্ত পরিসঞ্চালন, একবার ব্যবহারযোগ্য সুচের ব্যবহার এবং চিকিৎসা সরঞ্জামের যথাযথ জীবাণুমুক্তকরণ নিশ্চিত করতেও নিয়মিত তদারকি প্রয়োজন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জাতীয় পরিকল্পনার বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা। সংক্রমণের প্রকৃত সংখ্যা, শনাক্ত রোগী, চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা এবং মৃত্যুর হালনাগাদ তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল, চিকিৎসক সংগঠন ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। হেপাটাইটিস বি প্রতিরোধে টিকা ও নিয়ন্ত্রণে ওষুধ রয়েছে; হেপাটাইটিস সি নিরাময়যোগ্য। অর্থাৎ এ দুই ভাইরাসের কারণে সৃষ্ট বহু জটিলতা ও মৃত্যু প্রতিরোধের সুযোগ রয়েছে। এখন প্রয়োজন সেই সুযোগকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা।
