অত্যন্ত দুঃখ, বেদনা ও ক্ষুব্ধ হয়ে দেশের মানুষ লক্ষ্য করছে যে, কার্যক্রম নিষিদ্ধ গণধিকৃত আওয়ামী লীগকে সরকারের ভেতরে থাকা একটি মহল সুকৌশলে পুনর্বাসনের চেষ্টা করছে। এর আলামত ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এর মধ্যে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও ফ্যাসিবাদের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীর জামিন পাওয়া উল্লেখযোগ্য। অন্যদিকে, এই মহলটি শেখ মুজিবের প্রতি জনগণের সহানুভূতি তৈরি করার জন্য তার ছবি সম্বলিত ছাপানো টাকা বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘বিপুল অর্থ অপচয় হবে’, এই অজুহাত দেখিয়ে সিলগালা করা শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে ছাড়া হচ্ছে।

পর্যবেক্ষকরা এই পদক্ষেপকে দেশের মানুষের কাছে শেখ মুজিব, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফের গ্রহণযোগ্য করে তোলার কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে জনগণের কাছে তার জনপ্রিয়তা ধূলিস্যাত করতে সরকারের ভেতরে থাকা কুচক্রী মহল এই অপকর্ম ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শেখ মুজিবের প্রতি জনগণ যে ঘৃণা ও রোষ দেখিয়েছে, তা এখনো তাজা রয়েছে। আমরা দেখেছি, গণঅভ্যুত্থানে গণক্রোধ এতটাই তীব্র ছিল যে, শেখ হাসিনাকে যেমন প্রাণ নিয়ে পালাতে হয়েছে, তেমনি দেশের যেসব স্থানে শেখ মুজিবের মূর্তি, মুরাল, ছবি ছিল, জনগণ তা ভেঙে চুরমার করে দিয়েছে।

তারা দেশের মাটিতে হাসিনা ও শেখ মুজিবের কোনো চিহ্ন রাখতে চায়নি, চায় না এবং ভবিষ্যতেও চায় না, এমন মনোভাব ধারণ করে আছে। অন্তর্বর্তী সরকার জনগণের এই সেন্টিমেন্টের সাথে একাত্মতা পোষণ করে সরকারি সকল অফিস-আদালত থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলে। ছাত্র-জনতা শেখ মুজিবের ছবিযুক্ত টাকার নোট বন্ধের দাবিতে আন্দোলন শুরু করলে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ঈদুল আজহায় শেখ মুজিবের ছবিযুক্ত টাকা বিতরণ বন্ধ করে দেয়। সেগুলো বাংলাদেশ ব্যাংকে সিলগালা করে রাখা হয় এবং নতুন করে টাকা ছেপে বাজারে ছাড়া হয়। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, জনগণের বিপুল ভোটে ভূমিধস বিজয় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার অল্প সময়ের মধ্যে বিএনপিরই কিছু প্রভাবশালী নেতা যেন আওয়ামী লীগকে পুনর্বাসনের মিশন নিয়ে নেমেছে।

বলার অপেক্ষা রাখে না, হাসিনার পতনের পর আওয়ামী লীগও পুনর্বাসিত হওয়ার জন্য নতুন সরকারের অপেক্ষায় ছিল। নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় আসার বিষয়টি নিশ্চিত জেনে তারা আশাবাদী হয়ে অপেক্ষার নীতি অবলম্বন করে। তাদের এই আশা ও অপেক্ষা এ কারণে যে, তারা জানে, বিএনপির নীতিনির্ধারকদের অনেকের সাথে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে। ফলে নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতাসীন হওয়ার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের মধ্যে উজ্জীবীত ভাব পরিলক্ষিত হচ্ছে। দেশের বাইরে পালিয়ে থাকা ফাঁসির দ-প্রাপ্ত হাসিনা ও অন্যান্য নেতা আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করতে জোরেসোরে তৎপরতা শুরু করেছে। বিএনপি সরকারের কারো কারো মধ্যে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার প্রবণতাও পরিলক্ষিত হচ্ছে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও খুনের অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের অনেকে জামিন পাওয়া শুরু করেছে। সরকারের ভেতরে থাকা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল চক্র এখন সিলগালা অবস্থায় থাকা বিপুল অর্থ অপচয় হওয়ার অজুহাত দেখিয়ে শেখ মুজিবের ছবি সম্বলিত নোট বাজারে ছাড়ছে। তারা সাধারণ মানুষের পকেটে মুজিবের ছবি ঢুকিয়ে সহানুভূতি আদায়ের কৌশল নিয়েছে। এতে জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিক্রিয়ার তেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের এই অসন্তোষের শিকার হচ্ছে, নবগঠিত বিএনপি সরকার। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরও এর দায় পড়ছে। সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ হচ্ছে।

বলা বাহুল্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থ অপচয়ের যে অজুহাত দেখাচ্ছে, তা কোনোভাবেই যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য নয়। কাগজে ছাপানো অসংখ্য নোট বিভিন্নভাবে নষ্ট হয়। ময়লা হয়ে, ছিঁড়ে গিয়ে এমনকি বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে অনেক টাকা ধ্বংস হয়। তাতে কি টাকার অপচয় হচ্ছে না? অন্যদিকে, লেনদেনে অযোগ্য ময়লা, ছেঁড়া-ফাটা নোট গ্রাহককে নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে বাংলাদেশ ব্যাংক তুলে নেয়। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ছেঁড়া টাকার ৯০ শতাংশ ঠিক থাকলে ওই নোটের পুরো বিনিময় মূল্য গ্রাহক ব্যাংক থেকে পায়। যেগুলো একেবারেই বিনিময় অযোগ্য, সেগুলো বাংলাদেশ ব্যাংক বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করে দেয় এবং তার পরিবর্তে নতুন নোট ছেপে বাজারে ছাড়ে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।

ফলে যারা বলছে, অপচয় রোধে শেখ মুজিবের ছবি সম্বলিত নোট ছাড়া হচ্ছে, তাদের এই যুক্তি ধোপে টেকে না। সিলগালা নোটের পরিবর্তে সমমূল্যের নতুন নকশার নোট বাংলাদেশ ব্যাংক ছাড়তে পারে। তা না করে শেখ মুজিবের নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়ার অর্থ হচ্ছে, জনগণের সেন্টিমেন্টকে তুচ্ছ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এটা জনগণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা ও বেইমানী ছাড়া কিছু নয়। সঙ্গতকারণেই বলা যায়, এর সাথে যারা জড়িত, তারা বিএনপি সরকারকে বিতর্কিত ও তার জনপ্রিয়তা কমানোর ষড়যন্ত্র করছে। জনগণকে ক্ষেপিয়ে দিয়ে বিএনপি সরকারকে শুরুতেই অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা করছে। এটা এখন পরিস্কার, বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জনগণের কাছে তারা পতিত ও ধিকৃত।

তারা আর কখনো তাদেরকে মেনে নেবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন ও সরকার গঠন করে তারা সেটা দেখিয়ে দিয়েছে। এমতাবস্থায়, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপকৌশল ও দুরভিসন্ধি করছে, তারা প্রকারন্তরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা বাস্তবায়ন দেশের মানুষ কখনোই মেনে নেবে না। যারা এর সঙ্গে জড়িত কোনোভাবেই তাদেরকে ছাড় দেবে না। মনে রাখা দরকার, তারেক রহমান ও বিএনপিকে জনগণ ক্ষমতায় এনেছে। কোনো দেশি-বিদেশি শক্তি ক্ষমতায় আনেনি। তারেক রহমান পুরোপুরি রাজনৈতিক চরিত্রের অধিকারী। দীর্ঘ সময় সাধারণ মানুষের রাজনীতি করে তিনি তাদের আস্থা অর্জন করেছেন। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জনগণ সেই আস্থার প্রতিদান দিয়েছে। তার প্রতি জনগণের এই আস্থা, আওয়ামী লীগ ও ভারতের প্রতি অনাস্থার ফসল।

সুতরাং তারেক রহমান ও বিএনপিকে জনগণের এই আস্থার বাইরে যাওয়ার সুযোগ নেই। কারণ, এর বিরূপ প্রতিক্রিয়া বিএনপির জন্য ভবিষ্যতে মারাত্মক হয়ে উঠতে পারে। ফলে পতিত, গণধিকৃত আওয়ামী লীগকে কোনো ফর্মেটেই পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। সরকারের ভেতরে থেকে যেসব আওয়ামীপ্রেমী এবং ঘাপটি মেরে থাকা আওয়ামী কর্মকর্তা এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সিলগালা করা শেখ মুজিবের ছবি সম্বলিত নোট বাজারে ছাড়ার যে চেষ্টা হচ্ছে, তা রুখতে হবে। এর পেছনে কারা জড়িত, তাদের পরিচয় কী, তা খুঁজে বের করতে হবে। এর পেছনে মন্ত্রী, সচিব বা অন্য কোনো পর্যায়ের কর্মকর্তা জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। স্মতর্ব্য, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে তার কার্যালয়সহ সরকারি ও বেসরকারি কোনো জায়গায়ই নিজের ছবি দূরে থাক, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও টানাননি। কাজেই, যারা শেখ মুজিবের ছবি সম্বলিত টাকা বাজারে ছেড়ে তার বন্দনা ও জনগণের সহানুভূতি টানতে চাইছে, তাদেরকে প্রতিহত করতে হবে।