গত বৎসর দেশে সংঘটিত অপহরণের এক আতঙ্কজনক চিত্র শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে। ২০২৫ সালে দেশে অপহরণের ঘটনা ঘটিয়াছে এক সহস্র ১০২টি, যেই সংখ্যা পূর্ববর্তী বৎসরে ছিল ৬৪২। এই হিসাবে অপহরণের সংখ্যা এক বৎসরে বৃদ্ধি পাইয়াছে ৪৬০টি; যাহা শতাংশের হিসাবে ৭২-এর নিকটবর্তী। এ চিত্র কতটা আতঙ্কজনক তাহা বুঝিতে পুলিশ সদরদপ্তরে রক্ষিত গত পাঁচ বৎসরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণযোগ্য। ২০২৩ সালে দেশে অপহরণের ঘটনা ছিল ৪৬৩টি; ২০২২ সালে ৪৬০ ও ২০২১ সালে ৪৪৫টি। অর্থাৎ গত পাঁচ বৎসরের মধ্যে ২০২৫ সালে রেকর্ডসংখ্যক মানুষ অপহরণের শিকার হইয়াছে। অপহরণের এহেন চিত্র এমন সময়ে আসিল যখন নূতন বৎসরে পরপর সংঘটিত কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি লইয়া জনমনে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হইয়াছে। উপরন্তু আর কিছুদিন পরই অনুষ্ঠিত হইতে যাইতেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অভিজ্ঞতা বলে, এই সময়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই বৈরিতায় পরিণত হয়। বিশেষত প্রভাবশালী প্রার্থীদের মধ্যে পেশিশক্তির ব্যবহার মাত্রা অতিক্রম করে। তাহাদিগের মধ্যে বিপক্ষ প্রার্থীদের যেই কোনো উপায়ে ভোটের মাঠের বাহিরে রাখার প্রবণতা বৃদ্ধি পায়। সময় থাকিতে এহেন অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ করিতে না পারিলে বহুল প্রত্যাশার সুষ্ঠু ও অবাধ নির্বাচন দূরস্থান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানও দুরূহ হইবার আশঙ্কা বিদ্যমান। বিশেষত বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে ভোটাধিকার হইতে বঞ্চিত নাগরিকদের জন্য ইহা হইবে চরম হতাশাব্যঞ্জক। তৎসহিত রাষ্ট্রও পতিত হইবে গভীর সংকটে।

উল্লিখিত পরিসংখ্যান হইতে ইহা স্পষ্ট, অপরাধ হিসাবে অপহরণ এই দেশে নূতন নহে। বিশেষত বিগত সরকারের সময়ে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাইয়াছিল। ১৮৬০ সনে প্রণীত দণ্ডবিধিতে অপহরণকে অপরাধরূপে সাব্যস্ত করিয়া উহার সংজ্ঞা এবং অপরাধীর জন্য সুনির্দিষ্ট শাস্তিও অন্তর্ভুক্ত করা হইয়াছে। কিন্তু দুর্ভাগ্যবশত অতীতের কোনো সরকারই উক্ত আইন ও বিধির কার্যকর প্রয়োগে মনোযোগী হয় নাই। বরং ক্ষেত্রবিশেষে রাষ্ট্রযন্ত্রকেও এহেন অপরাধ সংঘটনে নিযুক্ত করা হইয়াছিল, যাহাকে আইনের ভাষায় গুম বলা হয়। আমরা জানি, বিগত সরকারের সময় রাষ্ট্রীয় বাহিনী লেলাইয়া দিয়া বিশেষত রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতের মানুষদের দমনে বহু গুমের ঘটনা ঘটানো হইয়াছিল, যেই ধারার অবসানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সহিত আন্তর্জাতিক গুম সনদেও স্বাক্ষর করিয়াছে। তবে যাহা হতাশাজনক, বহুল আলোচিত গুমের বিরুদ্ধে সোচ্চার থাকিলেও অন্তর্বর্তী সরকার অপহরণের ন্যায় আরেক গুরুতর অপরাধের প্রতি এক প্রকার উদাসীনতা প্রদর্শন করিয়া চলিয়াছে। গত বৎসর দেশে অপহরণের ঘটনার রেকর্ডসংখ্যক বৃদ্ধি উহারই সাক্ষ্য দেয়। বস্তুত, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের অব্যবহিত পর যেইভাবে বিভিন্ন কারাগার হইতে চিহ্নিত অপরাধীরা দলে দলে বৈধ ও অবৈধ পথে বাহির হইয়া আসিয়াছে এবং যাহাদের অনেকে মুক্ত জীবনে পুনরায় খুন-রাহাজানি-চাঁদাবাজি-অপহরণসহ বিভিন্ন অপরাধবৃত্তিতে সংশ্লিষ্ট হইলেও আইন প্রয়োগকারী বাহিনীগুলি উপযুক্ত পদক্ষেপ লইতে ব্যর্থ হইয়াছে। যৎপ্রেক্ষিতে অপরাধের আলোচ্য চিত্রটি আদৌ বিস্ময়কর নহে। একই সময়ে মব সন্ত্রাস নামক বিভিন্ন গোষ্ঠীর আইন স্বীয় হস্তে তুলিয়া লইবার ঘটনাবলিও সরকার অনেকাংশে নির্লিপ্ত নয়নে দেখিয়া চলিয়াছে, অপরাধীদের আশকারা প্রদানের ক্ষেত্রে যাহার ভূমিকা অস্বীকারের উপায় নাই।

লক্ষণীয়, গত ১৩ ডিসেম্বর হইতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরু করিয়াছে সরকার। প্রতিবেদনমতে, সোমবার পর্যন্ত ২৪ দিনে এই অভিযানে ১৫ সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করা হইয়াছে। তথাপি অভিযানের মধ্যে থামিয়া নাই অপহরণ ও গুলি করিয়া হত্যার ঘটনা। এই অভিযানে প্রকৃত অপরাধীদের ধরা হইতেছে কিনা– আলোচ্য খুন ও অপহরণের ঘটনায় সেই প্রশ্ন সংগত। অপহরণ এমন এক অপরাধ, যাহা শুধু ভুক্তভোগীকেই চরম দুর্ভোগে নিপতিত করে না; সংশ্লিষ্ট পরিবারকেও অনেকে ক্ষেত্রে নিঃস্ব করিয়া দেয়। বিষয়টি অনুধাবন করিয়া সরকার এহেন অপরাধ বন্ধে দ্রুত তৎপর হইবে– এই প্রত্যাশাই আমাদের।