চব্বিশের গণঅভ্যুত্থানে পতিত ও পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে দেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলসহ জালাও- পোড়াও, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম শুরু করেছে। গত কয়েকদিনে বিশেষ করে এ মাসের (নভেম্বর) প্রথম সপ্তাহ থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫০টিরও বেশি ককটেল বিস্ফোরণ এবং অন্তত ৮টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৩১টি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজধানী ঢাকায় অন্তত ১৫টি বা তারও বেশি গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, সাউথইস্ট ইউনিভার্সিটি ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, শাহবাগের জুলাই চত্ত্বর, বিমানবন্দর গোলচত্ত্বর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ, পান্থপথ, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, মিরপুর আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা-বনশ্রী ইত্যাদি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি এ থেকে থানাও বাদ যাচ্ছে না। মালিবাগস্থ সিআইডি প্রধান কার্যালয়ে, খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে, পল্লবী থানা চত্ত্বরে এবং রাজারবাগ পুলিশ লাইন্সের গেটেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া হয়েছে। চলন্ত ও রাস্তায় পার্কিং করে রাখা বেশ কয়েকটি বাসে পেট্রোল বোমা বা দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয়া হয়েছে। গত সোমবার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে, প্রগতি সরণির কোকা কোলা ক্রসিং, মিরপুর-১১, ভাটারা নতুন বাজার এলাকা এবং মহাখালী বাস টার্মিনালসহ বিভিন্ন জেলায় বাসে আগুন দেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মোটরসাইকেলে এসে বা ফ্লাইওভারের ওপর থেকে কাটআউট পদ্ধতিতে এসব হামলা চালানো হচ্ছে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের দায়সারা বক্তব্য-বিবৃতি কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে পারবে না। এক্ষেত্রে তাদের ব্যর্থতা রয়েছে। তাদেরকে শক্ত ও কঠোর অবস্থান নিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

চব্বিশের গণঅভ্যুত্থান দমাতে ফ্যাসিস্ট খুনি হাসিনা তার দখলে থাকা সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে যেভাবে খুন করেছে এবং ত্রিশ হাজারেরও বেশি মানুষকে চিরতরে অন্ধ ও পঙ্গু করে তার প্রভু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, সেই হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দেশে থাকা তার নেতাকর্মীরা যে অরাজকতা শুরু করেছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। গোয়েন্দা সংস্থা, এনএসআই, সিআইডি, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো কি কাজ করছে, এ প্রশ্ন এখন জনমনে বিরাজ করছে। এটা সকলেরই জানা, হাসিনা ও তার গুরুত্বপূর্ণ নেতাকর্মী, দোসররা দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করে দেশ ছেড়ে পালিয়েছে।

যারা দেশে আছে, তাদের হাতেও বিপুল টাকা ও অর্থ রয়ে গেছে। এসব অর্থ ও অস্ত্র এখন হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সেসব অস্ত্র উদ্ধার করা দূরে থাক, তাদের অর্থ যোগান ও ইন্ধন দাতাদের চিহ্নিত করে গ্রেফতারের কোনো উদ্যোগ নিচ্ছে না। দেশে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসররা কারা কোথায় আছে, তা গোয়েন্দা সংস্থাগুলোর অজানা থাকার কথা নয়। বরং অভিযোগ রয়েছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও প্রশাসনে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং বিপুল অর্থ ব্যয় করে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং নিচ্ছে। তাদের অনেকে মোজমাস্তিতে ব্যস্ত। অনেকে বিএনপি সেজে সরকারের অনুকূল্যে রয়েছে।

বিশ্লেষকদের মতে, পুলিশ-প্রশাসন ও গোয়েন্দা সংস্থায় হাসিনার অনুসারিরা তার ফেরার ঘোষণায় উৎফুল্ল ও সক্রিয় হয়ে উঠেছে। তারা সুপ্ত ডিনামাইট হয়ে রয়েছে। যেকোনো সময় তারা সুযোগ বুঝে সরকারকে বেকায়দায় ফেলে দেয়ার অপেক্ষায় রয়েছে। তা নাহলে, যেসব জায়গায় যারা ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দিচ্ছে, তাদের কাউকে কাউকে গ্রেফতার করা হলেও নেপথ্যের গডফাদারদের গ্রেফতার করা হচ্ছে না কেন? যারা চিহ্নিত তাদেরকে নজরদারিতে রাখার কথা বলে সময়ক্ষেপণ করার কোনো অর্থ হয় না। দেশের দুর্বল অর্থনীতিকে সবল করতে সরকার যখন বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে, তখন হাসিনার দেশে ফেরা নিয়ে অরাজকতা সৃষ্টি যে অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত হচ্ছে, এটা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাসংস্থাগুলো কি জানে না? তারা কেন আরও সক্রিয় হচ্ছে না?

প্রধান সড়কের উপর চলমান কিংবা মেট্রোরেলের নিচে গুরুত্বপূর্ণ স্থানে থাকা বাসে আগুন, ফ্লাইওভার থেকে জনাকীর্ণ এলাকায় ও থানায় ককটেল নিক্ষেপের মতো ঘটনা কেন ঘটবে? এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে প্রচুর অর্থ খরচ করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরা কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক মনিটর করার কথা। কারা কীভাবে ককটেল নিক্ষেপ ও আগুন ধরাচ্ছে, তা সাথে সাথে ধরা পড়ার কথা। অথচ ঘটনা ঘটে যাওয়ার পর ফুটেজ বিশ্লেষণ করতে করতে সন্ত্রাসীরা পগারপাড় হয়ে যাচ্ছে। তাহলে, এসব সিসি ক্যামেরা বসিয়ে কী লাভ হচ্ছে? পর্যবেক্ষকদের মতে, এতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ও শৈথিল্য রয়েছে। দেশে হাসিনার ফেরার ঘোষণায় তার অনুসারী সন্ত্রাসীরা যেখানে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে, তখন আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক সক্রিয় হওয়া প্রয়োজন। সে ধরনের তৎপরতা এখনো দৃশ্যমান নয়। অথচ সন্ত্রাসীদের চেয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সবচেয়ে বেশি এগিয়ে থাকার কথা। আওয়ামী সন্ত্রাসীরা যেসব ঘটনা ঘটাচ্ছে, তাতে এটা প্রতীয়মান হচ্ছে, তারা ঐসব সন্ত্রাসীদের চেয়ে পিছিয়ে রয়েছে। এটা পরিস্কার, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে হাসিনা ও তার প্রভু ভারত যৌথভাবে কাজ করছে। দেশের মানুষ জানে, আওয়ামী লীগ ভারতমুখী দল এবং তার নেত্রী হাসিনা ভারতের দাসী। বাংলাদেশের প্রতি তাদের প্রতিশোধস্পৃহা রয়েছে। গণঅভ্যুত্থানে তাদের পতন তারা মেনে নিতে পারছে না। গণহত্যা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনাও নেই। ফলে তারা বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিতে এবং বাংলাদেশকে পুরনরায় ভারতের করদরাজ্যে পরিণত করার মিশন নিয়ে নেমেছে। দেশপ্রেমিক প্রতিটি মানুষ তা জানে। কাজেই, ভারতপন্থী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও হাসিনাকে প্রতিহত করা প্রত্যেক দেশপ্রেমিকের দায়িত্ব ও কর্তব্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে দলের সংসদীদলের সভায় হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে দৃঢ়চিত্তে বলেছেন, আমরা রাপথে আছি, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করব। অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামী ও এনসিপি পরিস্কারভাবে বলেছে, নিজেদের ঘরে রাজনৈতিক বিভেদ থাকা সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে এবং তার দেশে ফেরার ঘোষণার ইস্যুতে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দলটি বলেছে, হাসিনাকে মোকাবিলায় সরকারি দল-বিরোধীদল বলে কিছু থাকবে না। এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে, সরকার কঠোর পদক্ষেপ নিলে আমরা পাশে থাকব। ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে ঠেকাতে সরকারি ও বিরোধীদলগুলোর মধ্যে যে ঐক্যের সুর পরিলক্ষিত হচ্ছে, তাতে দেশের মানুষ আশাবাদী হয়ে উঠেছে।

তারাও ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরা ঠেকানো এবং দেশে থাকা আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়েছে। এর নমুনা দেখা গেছে, গতকাল নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে রাতভর পাহারা ও বিক্ষোভ মিছিলের পর সকাল থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগকে প্রতিহত ও প্রতিরোধ করতে সরকার ও বিরোধীদলের এই ঐক্যই দেশের মানুষ চায়। পর্যবেক্ষকদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার ও বিরোধীদলের মধ্যে মতপার্থক্য ও আলোচনা-সমালোচনা থাকবে, তবে দেশের জন্য ক্ষতিকর কমন ইস্যুতে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশে যাতে আর কখনো ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে সরকার ও বিরোধীদল তো বটেই দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে থাকতে হবে। আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে ও নাশকতা করে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে, তা প্রতিহতে পুলিশ ও গোয়েন্দাসংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের ব্যাপারে জিরোটলারেন্স থাকতে হবে। তাদের মনে রাখতে হবে, যতদিন যাবে আওয়ামী সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে বিভিন্ন ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী ঘটনা ঘটাবে। ঘাপটি মেরে থাকা হাসিনার অনুসারী কেউ যদি মনে করে থাকে বা আশায় বুক বেঁধে থাকে, হাসিনা দেশে ফিরবে কিংবা তার ফেরাকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রমের প্রতি সফট থাকবে, তাহলে তারাও রেহাই পাবে না। সরকারের উচিৎ হবে, গোয়েন্দা সংস্থাগুলো কেন ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখা। প্রয়োজনে তাদের পেছনেও গোয়েন্দা নজরদারি রাখতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া যাবে না।