মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও কংগ্রেসে রিপাবলিকানদের ভরাডুবি ঘটেছে। ইরান যুদ্ধের বিরুদ্ধে সাধারণ মার্কিনীদের অবস্থান ছিল বরাবরই ডোনাল্ড ট্রাম্পের বিপরীত। এ কারণেই সাধারণ ধারণা ছিল এই মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্রাম্পকে ‘না’ বলবেন। কিন্তু পরাজয় এতটা গভীর ও ব্যাপক হবে, তা হয়তো অনেকেই ভাবেননি। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসে লালদল রিপাবলিকানদের ডুবিয়ে নীলদল ডেমোক্রেটদের কৃর্তত্ব প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। মার্কিন জনগণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলের প্রতি তাদের আস্থা ও সমর্থন প্রত্যাহার করেছে। আর ভরাডুবির পেছনে কাজ করেছে ট্রাম্পের যুদ্ধবাদী ভুল পররাষ্ট্রনীতি।
বিশেষত অহেতুক ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতনসহ সারাবিশ্বে যে জ্বালানি ও অর্থনৈতিতক সংকট দেখা দিয়েছে, তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে। যুদ্ধের প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বা মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষকে অনেক সংকট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। মূলত: ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচণা ও জায়নিস্ট লবির উদ্যেশ্যমূলক অপপ্রচার ও ভুল ন্যারেটিভের দ্বারা বিভ্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বার বার ভয়ঙ্কর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ¯œায়ুযুদ্ধোত্তর ইউনিপোলার বিশ্বে জর্জ বুশ থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মার্কিন রিপাবলিকানরাই যুদ্ধবাদী অর্থনীতি ও আগ্রাসী পররাষ্ট্রনীতির মূল কারিগর। এটি মধ্যবর্তী নির্বাচন হওয়ায় এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি পতন না ঘটলেও সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তিনি এখন কার্যত ঠুটো জগন্নাথ প্রেসিডেন্টে পরিণত হবেন।
মানুষ যুদ্ধ নয় শান্তি চায়। যুদ্ধ ব্যয় নয় সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা চায়। মধ্যপ্রাচ্যে জায়নবাদী পরিকল্পনায় যুদ্ধ ও রিজিম চেঞ্জের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষের অবস্থান স্পষ্ট। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধের শুরুতেই মার্কিন জনগণ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল। একইভাবে ইউরোপের প্রায় সবগুলো শহরেই হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী র্যালি করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের নির্বাচনে ট্রাম্পের যুদ্ধনীতির সমর্থক নেতাদের পরাজয় ঘটেছে। ব্রাজিলে ট্রাম্পের সমর্থক বালসেনারোর বিরুদ্ধে বামপন্থী অশীতিপর প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ইনাসিওর বিজয়, ইসরাইলের নির্বাচনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পতনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এই নির্বাচনী বিপর্যয় ঘটল।
যুদ্ধের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণকে নিরাপত্তাহীনতা, দুর্ভোগ, বৈষম্য ও মূল্যস্ফীতি ছাড়া আর কিছুই দিতে পারেননি। ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমর্থক, নেতানিয়াহুর বন্ধু ও কৌশলগত অংশীদার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও দেশটির জনগণ ফুঁসে উঠেছে। বৈষম্যমূলক আইন জারি করে ভোটারলিস্ট থেকে ১৩ কোটির বেশি বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোটে জেতা বিজেপির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন ভারতের সার্বজনীন গণতান্ত্রিক আন্দোলনে রূপ নিয়েছে। মোদির পতনও অনিবার্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। ট্রাম্পের চাপিয়ে দেয়া ইরান যুদ্ধের রাজনৈতিক-অর্থনৈতিক প্রতিক্রিয়া পড়েছে বিশ্বের সর্বত্র। ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ইতালি, জার্মানি, ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটা দেশে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও সরকারি নীতির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এ সবই ট্রাম্পের সা¤্রাজ্যবাদী যুদ্ধনীতির প্রতিক্রিয়া।
মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ ইরান যুদ্ধ, বৈষম্য ও ইসলাম বিদ্বেষকে প্রত্যাখ্যান করেছে। এবারই প্রথম প্রতিনিধি পরিষদে সাত জন এবং সিনেটে প্রথমবারের মতো মিশিগান অঙ্গরাজ্য থেকে একজন মুসলমান প্রার্থী সিনেটর নির্বাচিত হয়েছেন। হেভিওয়েট রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ৪২ বছর বয়েসী প্রগতিশীল বামপন্থী নেতা আল সায়েদ এই গুরুত্বপূর্ণ সিনেট আসনটিতে জয়লাভ করেন। নির্বাচনী প্রচারণায় তিনি ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরেছেন। অন্যদিকে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলমান কৃষ্ণাঙ্গ স্পিকার নির্বাচিত হতে চলেছেন। বিভিন্ন অঙ্গরাজ্যে এবার মোট ৩৭ জন মুসলমান প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
মোদ্দা কথা নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিদ্বেষ এবং গণহত্যার বিরুদ্ধে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলে ব্যালট অভ্যুত্থান ঘটেছে। ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর দলের পরাজয়ের নেপথ্যে আরব জাতীয়তাবাদী দলগুলোর অভিন্ন অবস্থান এবং সাধারণ ইসরাইলিদের যুদ্ধবিরোধী মনোভাবের প্রতিফলন ঘটেছে। কথায় আছে, কঠিন সময়ে শক্তিশালী মানুষ ও নেতৃত্বের জন্ম হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী, মুসলিম বিদ্বেষী নীতির বিপরীতে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি, হাউস স্পিকার হয়েছেন হাকিম জেফ্রিস এবং সিনেটে আসন লাভ করেছেন বামপন্থী মুসলমান আল সায়েদ। মার্কিন গণতন্ত্রের সৌন্দর্য ও বিজয় এখানেই।
ব্যালটের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলনের সুযোগ থাকলে সামরিক ক্যু কিংবা রাজপথে গণআন্দোলনের প্রয়োজন হয় না। মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে জনগণের রায় বিশ্বের জন্য অনেক তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এটি যুদ্ধের বিরুদ্ধে, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থানের প্রতিফলন। ক্ষমতা পেয়ে স্বৈরাচারী হয়ে কেউ পার পাবে না। বাংলাদেশের জনগণও এটা বার বার প্রমাণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট ভারতীয় আধিপত্যবাদী শক্তির পতন ঘটাতে হাজার হাজার ছাত্র-তরুণ জীবন বিলিয়ে দিতেও পিছপা হয়নি। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো আধিপত্যবাদী শক্তির দ্বারা ব্যাহত বা ক্ষতিগ্রস্ত না হয়, সব রাজনৈতিক দল ও দেশের সাধারণ মানুষকে সে বিষয়ে সচেতন থাকতে হবে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফল মধ্যপ্রাচ্যে যুদ্ধের ক্ষয়ক্ষতি ও সংকট থেকে বিশ্বকে শান্তির পথে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে, এই প্রত্যাশা আমাদের।
