দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা ক্রমেই বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে গণতন্ত্র, আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত যোদ্ধা ও তাঁদের পরিবারের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। একই সঙ্গে তৈরি পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উসকে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগও সামনে আসছে। এসব তৎপরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যতের স্বার্থে এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এখন অত্যন্ত জরুরি।
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার আত্মত্যাগ, অসংখ্য মানুষের রক্ত এবং দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে এ পরিবর্তন এসেছে। ফলে অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল সরকারের প্রশাসনিক দায়িত্ব নয়, এটি জুলাইয়ের চেতনা ও জনগণের আকাক্সক্ষার প্রতিও রাষ্ট্রের দায়বদ্ধতা। যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাদের বাড়িঘরে হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা সামাজিকভাবে হেনস্তা করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে সহিংসতার দায় এড়াতে না পারে।
অন্যদিকে শ্রমিক অসন্তোষ, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি ও অন্যান্য ন্যায্য দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিও সতর্কতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। শ্রমিকদের বাস্তব সমস্যা ও অধিকারকে অস্বীকার করার সুযোগ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয়ের চাপে তাদের অসন্তোষের যৌক্তিক ভিত্তি রয়েছে। এসব দাবির সমাধান না করে আন্দোলনকে কেবল ষড়যন্ত্র বা উসকানি হিসেবে বিবেচনা করা ভুল হবে। তবে শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কোনো মহল যদি কারখানা, শিল্পাঞ্চল কিংবা জাতীয় অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, সেটিও প্রতিরোধ করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং নাশকতা ও উসকানি মোকাবিলা পরস্পরবিরোধী বিষয় নয়। বরং ন্যায্য দাবি পূরণ এবং কার্যকর সংলাপের মাধ্যমেই উসকানিদাতাদের সুযোগ সংকুচিত করা সম্ভব।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রয়োজন রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, শ্রমজীবী মানুষ, পেশাজীবী এবং সাধারণ নাগরিকের সম্মিলিত অংশগ্রহণে এ পরিবর্তন সম্ভব হয়েছে। অথচ পরিবর্তন-পরবর্তী সময়ে রাজনৈতিক বিভাজন, পারস্পরিক সন্দেহ, প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তারের প্রবণতা জনমনে হতাশা তৈরি করছে। এ বিভাজনই পুরোনো স্বৈরাচারী শক্তির ফিরে আসার কিংবা নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ তৈরি করতে পারে। যারা গণতান্ত্রিক পরিবর্তনকে ব্যর্থ করতে চায়, তাদের মোকাবিলায় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐকমত্য থাকা জরুরি।
এ ক্ষেত্রে সরকারে থাকা বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দল হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রধান দায় সরকারের ওপরই বর্তায়। বিরোধী দল বা অন্য রাজনৈতিক শক্তির কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করার পাশাপাশি সরকারকেও তার রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে হবে। বিরোধী মতকে প্রতিপক্ষ বা শত্রু হিসেবে বিবেচনা না করে জাতীয় স্বার্থে তাদের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। রাজনৈতিক প্রতিহিংসা, দখলদারিত্ব, প্রভাব বিস্তার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যেন সরকারের ভাবমূর্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে বিএনপিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোরও পারস্পরিক বিরোধ ও কৌশলগত মতপার্থক্যকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া উচিত নয়। নির্বাচনী প্রতিযোগিতা, রাজনৈতিক কর্মসূচি কিংবা ক্ষমতার সমীকরণ নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তার প্রশ্নে কোনো বিভাজন কাম্য নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার স্বার্থে এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড গ্রহণ করা উচিত নয়, যা সামগ্রিকভাবে গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করে।
বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি করেছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজন দায়িত্বশীল রাজনীতি, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। পুরোনো স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নতুন কোনো কর্তৃত্ববাদ, প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতিও কাম্য হতে পারে না।
