বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য মালয়েশিয়া। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির শ্রমবাজার বাংলাদেশী কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে—এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক খবর। কিন্তু শ্রমবাজার খোলার আগেই যে অনিশ্চয়তা, অস্পষ্টতা ও অভিযোগ সামনে এসেছে, তাতে স্বস্তির চেয়ে উদ্বেগই বেশি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে—আগের ভুল থেকে কি আমরা সত্যিই শিক্ষা নিয়েছি, নাকি আবারও একই চক্রের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সর্বশেষ তথ্য বলছে, মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সি, ৩১২টি সহযোগী এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু ৩১২টি সহযোগী প্রতিষ্ঠান কীভাবে কাজ করবে, কার মাধ্যমে তারা নিয়োগ আদেশ পাবে এবং বিদেশী নিয়োগকর্তার সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ থাকবে কি না—এসব গুরুত্বপূর্ণ বিষয় এখনো পরিষ্কার নয়।
এখানেই সরকারের উদ্যোগের ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। মালয়েশিয়ার শ্রমবাজারে আগের নিয়োগব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। সংবাদমাধ্যমের অনুসন্ধান অনুযায়ী, কর্মীদের গড় অভিবাসন ব্যয় সরকারি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বিপরীতে প্রায় ৫ লাখ ৪৪ হাজার টাকা পর্যন্ত উঠেছিল। অভিযোগ ছিল, অতিরিক্ত অর্থের বড় অংশ গেছে চাকরির চাহিদাপত্র, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিভিন্ন স্তরে। নানা অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়া শুধু কর্মসংস্থানের সুযোগ নষ্ট করে নি; বহু পরিবারকে আর্থিক বিপর্যয়ের মধ্যেও ফেলেছে।
এখন সরকার অবশ্য স্বচ্ছ নিয়োগব্যবস্থার কথা বলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রস্তুতি চলছে এবং চূড়ান্ত নিয়োগপ্রক্রিয়া সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু শুধু সতর্কবার্তা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না।
অন্যদিকে শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে না দিয়ে সুষ্ঠু পরিবেশ চাওয়া হয়েছে বিভিন্ন দল ও সংস্থা থেকে। সেটা বাস্তবায়ন হওয়া প্রয়োজন। আমরা মনে করি বাজার খোলার আগে নিয়োগব্যবস্থার প্রতিটি ধাপ জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। কোন এজেন্সি কী দায়িত্ব পালন করবে, চাকরির চাহিদাপত্র কোথা থেকে আসবে, কর্মীর কাছ থেকে সর্বোচ্চ কত টাকা নেয়া যাবে, টাকা পরিশোধের পদ্ধতি কী হবে এবং অভিযোগ করলে কোথায় প্রতিকার পাওয়া যাবে—সবকিছু স্পষ্ট করতে হবে।
আমরা চাই মালয়েশিয়ায় শ্রমবাজারে আবার লোক পাঠানো হোক। তবে অসৎ কোনো ব্যবসায়ী ও প্রতিষ্ঠান যেন তাতে সুবিধা না পায়। ২৫টি এজেন্সিকে সিলেক্ট করে তাদের অধীনে অন্য এজেন্সিকে কাজ করার ব্যবস্থা এবং পূর্বের অভিজ্ঞতা না থাকা এজেন্সিকে সিলেক্ট করা উচিৎ হবে না। পুরনো সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থা করা এখন সময়ের দাবি। বিরোধী দলসমূহ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকেও একই দাবি উচ্চারিত হয়েছে।
মালয়েশিয়া নিজেও বিদেশী কর্মী নিয়োগে কোটা ও অনুমোদনের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। শুধু বাংলাদেশ সরকারের উদ্যোগ থাকলেই হবে না; মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিটি ধাপের সমন্বয়ও নিশ্চিত করতে হবে। বিশেষ করে চাকরির অস্তিত্ব যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এমন অভিযোগ ছিল যে, বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার পর কেউ কেউ প্রতিশ্রুত চাকরি পাননি। এর ফলে তারা অবৈধ কাজে জড়িয়ে পড়া, আটক বা দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েন।
প্রবাসী কর্মীরা কেবল শ্রমশক্তি নন; তারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে এবং লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা সচল রাখে। তাই বিদেশে কর্মসংস্থানের প্রতিটি সুযোগকে টেকসই ও নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্রের।
বাংলাদেশের শ্রমবাজারে মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ দরজা। সে দরজা খুলে যদি আবারও কর্মীদের ঋণের বোঝা, প্রতারণা ও অনিশ্চয়তার পথে ঠেলে দেয়া হয়, তবে শ্রমবাজার খোলার সুফল অধরাই থেকে যাবে। এবার প্রয়োজন শুধু মালয়েশিয়ার দরজা খোলা নয়—বাংলাদেশী কর্মীদের জন্য সে দরজা দিয়ে নিরাপদ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণভাবে প্রবেশের পথ নিশ্চিত করা।
