চাউলের দাম বিশ্বে যথা হ্রাসমান, তথা দেশে উহার উর্ধমুখী প্রবণতা দৃশ্যমান। বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, এক বৎসরের ব্যবধানে বিশ্ববাজারে চাউলের দাম মানভেদে উল্লেখযোগ্য হারে হ্রাস পাইলেও দেশের বাজারে উল্টো বর্ধমান। শুধু চাউলই নহে, একইভাবে পাম অয়েল, মসুর ডাল, রসুনসহ বেশ কয়েকটি পণ্যের দামও আন্তর্জাতিক বাজারে হ্রাস পাইয়াছে। স্বস্তির বিষয়, সরকারের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনেই এই সকল তথ্য উঠিয়া আসিয়াছে।
আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে আমরা দেখিয়াছি, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাইলে দেশের বাজারে উহার প্রভাব পড়িতে সামান্য কালক্ষেপণ হয় না। অনেক সময় আমদানিকারক কোনো দেশ পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার অব্যবহিত পরই দেশের ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করিয়া বসেন। অথচ আন্তর্জাতিকভাবে দাম হ্রাস পাইলে দেশের বাজারে উহার সুফলপ্রাপ্তি বিরল। আমরা মনে করি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারে সিন্ডিকেট সক্রিয় থাকিবার কারণে বিশ্ববাজারে হ্রাস পাইলেও ভোক্তাগণ উহার সুফল সহজে পাইতেছে না। সরকারি তদারকির ঘাটতিও অস্পষ্ট নহে। বাজার মনিটরিং কঠোর না হইলে কিংবা সময়মতো অভিযান পরিচালনা করা না হইলে দামের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হইয়া পড়ে। যদিও উৎপাদন ব্যয়ের বিষয় উপেক্ষণীয় নহে। সার, বীজ, জ্বালানি ও সেচ ব্যয় বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাইয়াছে। বিশ্ববাজারে দাম হ্রাস পাইলেও যদি স্থানীয় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কৃষকের স্বার্থ দেখা জরুরি। যদিও এই যুক্তি দিয়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না।
তজ্জন্য আমদানি নীতিতে হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, আমদানি নীতির সীমাবদ্ধতার কারণেও দেশীয় বাজারে বৈশ্বিক পরিস্থিতির যথাযথ প্রতিফলন দেখা যায় না। আমদানিকারকদের একটি অংশ আন্তর্জাতিক বাজারের কম দামের সুবিধা ভোক্তাদের না দিয়া স্থানীয় বাজারদরের সহিত সামঞ্জস্য রাখিয়া অধিক মুনাফা করিয়া থাকে। দুঃখজনক হইলেও সত্য, আমদানিতে মুষ্টিমেয় প্রতিষ্ঠানের আধিপত্য থাকিবার কারণে এক ধরনের অঘোষিত সিন্ডিকেট তৈয়ার হইয়াছে বলিয়া বাজারে প্রতিযোগিতা কম। তজ্জন্য আমদানি প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছ করা; সময়মতো আমদানি নিশ্চিত করা; মধ্যস্বত্বভোগীদের উপর নজরদারি বৃদ্ধি করা দরকার। তৎসহিত উৎপাদন হইতে ভোক্তা পর্যন্ত সমন্বিত সরবরাহ ব্যবস্থা গড়িয়া তুলিবার বিকল্প নাই। ইহাতে কৃষক যদ্রূপ ন্যায্যমূল্য পাইবে, তদ্রূপ ভোক্তা উপকৃত হইবে। আমরা দেখিয়াছি, অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখিতে টাস্কফোর্স যথাযথ সুপারিশ করিয়াছে। জ্বালানি তৈলের মূল্য বৃদ্ধিকে অজুহাতরূপে স্থাপন করিয়া অসাধু ব্যবসায়ীরা যাহাতে অতিরিক্ত মুনাফা করিতে না পারে, তদ্বিয়ে কার্যকর ব্যবস্থা লইতে হইবে। মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা প্রয়োজন। ইতোমধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ঈদুল আজহা উপলক্ষে ভোজ্যতৈল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন ইত্যাদি মসলার দাম বৃদ্ধি পাইয়া থাকে। তজ্জন্য এই সকল পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করিতে হইবে। মনে রাখিতে হইবে, ইতোমধ্যে জ্বালানির দাম বৃদ্ধির কারণেও বাজার অস্থিতিশীল।
চাউল দেশের প্রধান খাদ্য বলিয়া উহার দাম গুরুত্বপূর্ণ। চাউলের দাম কেবল অর্থনৈতিক বিষয় নহে; খাদ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার সহিত ওতপ্রোতভাবে যুক্ত। তজ্জন্য সাধারণ মানুষের স্বস্তির জন্য সরকারকে বাজার স্বাভাবিক রাখিতে হইবে। আন্তর্জাতিক বাজারের সহিত সামঞ্জস্য রাখিতে সরকারকে নীতিগতভাবে বিষয়টা দেখিতে হইবে। কৃষকের স্বার্থ অক্ষুণ্ন রাখিয়া ভোক্তাও যাহাতে সুফল পাইতে পারে সেই কর্মকৌশল নির্ধারণ জরুরি। বাজার সিন্ডিকেট যদি দ্রুতগতিতে দাম বৃদ্ধি করিতে পারে, তবে হ্রাস করিতে পারিবে না কেন?
