শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতির উপর জোর দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার সাড়ে ৫ দশকেও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি ও পরিকাঠামো সঠিক ভিত্তির উপর দাঁড়াতে পারেনি। এ উপলব্ধি থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষক ও কৃষিভিত্তিক অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে তিনি বিদেশে অবস্থানকালেই দেশ পুর্নগঠনে বিএনপির আগামী পরিকল্পনায় কৃষিভিত্তিক অর্থনীতির উপর জোর দিয়েছিলেন। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সামনে রেখে তিনি আগামীর বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পরিকল্পনা সাজিয়েছেন। -গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের উত্তরাঞ্চলের কৃষিখাতকে উজ্জীবিত করার পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এক সময়ের মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ এখন দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত মেলে দিয়েছে। তিনি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগাকারিদের প্রতি উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিনিয়োগ ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিশেষ নীতিসহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন। দেশের বিশিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে সরাসরি আলোচনা ও মতামতের আলোকে কৃষিখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় নীতি ও কর্মপরিকল্পনা নির্ধারণে প্রধানমন্ত্রী সচিবালয়ে এ বৈঠকের আয়োজন করেছিলেন।
বিএনপির নির্বাচনী ইশতেহার বা প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলা নববর্ষের প্রথম দিনে প্রধানমন্ত্রী টাঙ্গাইলে কৃষকদের হাতে কৃষক কার্ড বিতরণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড পৌছে দেয়া হবে। এর মাধ্যমে কৃষকের জন্য, সার, বীজ ও সেচের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা অনেকটাই অবসান ঘটবে বলে বলে আশা করা হচ্ছে। দেশের অর্থনীতি ক্রমেই কৃষি থেকে শিল্পের উপর নির্ভরশীল হলেও এখনো দেশের প্রায় অর্ধেক কর্মশক্তি কৃষি ভিত্তিক অর্থনীতির সঙ্গে জড়িত। প্রায় পৌনে তিনকোটি কৃষক দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক শিল্পের কাঁচামালের যোগান এবং আভ্যন্তরীন কর্মসংস্থানের অন্যতম খাত হিসেবে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে।
ক্রমবর্ধমান জনসংখ্যা, নতুন নতুন শিল্পায়ন, আবাসন ও নগরায়নের বাস্তবতার পাশাপাশি নদী ভাঙ্গনের কবলে দেশের কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে। এর ফলে ক্রমহ্রাসমান কৃষিজমির উপর ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ ক্রমেই দূরুহ হয়ে উঠছে। এহেন বাস্তবতায় কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার উপর জোর দিতেই হবে। প্রধানমন্ত্রী সে লক্ষ্যেই তাঁর দৃষ্টি ও পরিকল্পনা নিবদ্ধ করেছেন। শুধু কৃষক কার্ড দিয়ে কৃষির বিদ্যমান সমস্যা ও সংকট দূর করা সম্ভব নয়। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের কৃষক সমাজ, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমাদের কৃষক, কৃষিবিদ ও গবেষকদের উদ্ভাবনী শক্তি ও প্রতিভা দেশের কৃষি উৎপাদনে গত চার দশকে একেকটি গৌরবময় মাইলফলক স্থাপনে সক্ষম হয়েছে। এবার উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের প্রসার ও আধুনিকায়নের মধ্য দিয়ে দেশের অর্থনীতি নতুন সম্ভাবনার সোপানে পৌছে যেতে পারে।
ইরানের সাথে আমেরিকা-ইসরাইলের যুদ্ধের বাস্তবতায় বিশ্বঅর্থনীতিতে এক টালমাটাল অবস্থা বিরাজ করছে। তেলক্ষেত্র ও শোধনাগারগুলোতে আক্রমণ, হরমুজ প্রণালি বন্ধসহ যুদ্ধকালীন অনিশ্চয়তার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চিয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। জ্বালানির মূল্যস্ফীতি পণ্যমূল্য ও উৎপাদন ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বিদ্যুৎ ও সার উৎপাদন ও সরবরাহে যুদ্ধকালীন বাস্তবতার সংকট কৃষিখাতের প্রদ্ধৃদ্ধি ও সম্ভাবনাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। এহেন বাস্তবতায় প্রধানমন্ত্রীর তরফে উত্তরবঙ্গের কৃষিখাত ও কৃষিভিত্তিক শিল্প নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। মাত্র ২ কোটি ১৮ লাখ একর কৃষিজমির উপর দেশের ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা ও মুক্তবাজার অর্থনীতির বাস্তবতায় কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ও ভাগ্যোন্নয়নের লক্ষ্য অর্জন করা অনেক কঠিন বিষয়। কৃষিখাতের বিনিয়োগ যেন কর্পোরেট অর্থনৈতিক চিন্তার বাইরে একটি জনবান্ধব ও কল্যাণমুখী নীতি-কৌশল নিয়ে এগুতে পারে সরকারের সংশ্লিষ্টদের সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বাস্তবতায় সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, প্রয়োজনীয় বীজ,সার ও ডিজেলের সরবরাহ নিশ্চিত করা জরুরি। পচনশীল কৃষিপন্য সংরক্ষণ ও পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে না পারলে কৃষক আগ্রহ হারিয়ে ফেলে। উৎপাদন, সংরক্ষণ, বিপণন, আমদানি-রফতানির মধ্যে সঠিক পরিসংখ্যান, মূল্যায়ন ও বাজার মূল্য নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থাপনা গড়ে তোলার কার্যকর উদ্যোগ নিতে হবে।
