বিরান্নব্বই ভাগ মুসলমানের দেশে প্রকৃত ইসলামী শিক্ষা, মূল্যবোধ, নীতি-নৈতিকতা, সামাজিক-পারিবারিক মূল্যবোধ, নিয়ম-শৃঙ্খলা গঠনের অন্যতম কারিগর মাদরাসা শিক্ষকরা। ইসলামী চিন্তা ও দর্শনের মূল কা-ারি হয়ে আছেন তারা। অথচ তারা সবসময়ই অবহেলা ও উপেক্ষার শিকার হচ্ছেন। ঠিকমতো বেতন-ভাতা পান না। মানবেতর জীবনযাপন করেন। শত দুঃখ-কষ্ট সয়েও তারা মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। সরকার আসে, সরকার যায়, তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় না। গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, গত মে মাসের বেতন এখনও ছাড় না হওয়ায় চরম সংকটে পড়েছেন দেশের এমপিওভুক্ত মাদরাসার ১ লাখ ৯১ হাজার শিক্ষক ও কর্মচারী। বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া বেতন আদায়ের দাবিতে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দপ্তরে দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছেন না। এ নিয়ে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী উদ্বেগ প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মাদরাসা শিক্ষক কর্মচারীদের দুঃখ দুর্দশা ও ভোগান্তি লাঘবে যে মাদরাসা শিক্ষা অধিদপ্তর গঠিত হয়েছিল, সেই মাদরাসা শিক্ষা অধিদপ্তরই আজ শিক্ষকদের ভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার কাছে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন বন্ধের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েও কোনো সদুত্তর পাইনি। তারা মনে করেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের চরম গাফিলতির কারণেই এই নজিরবিহীন জটিলতার সৃষ্টি হয়েছে।
স্বৈরাচার হাসিনার শাসনামলে মাদরাসা শিক্ষা পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য তার বশংবদ একদল নাস্তিক ও তথাকথিত বুদ্ধিজীবীরা নিরন্তর দাবি জানিয়ে গেছে। ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে ধর্মনিরপেক্ষতার নামে তারা হিন্দুত্ববাদী ধারায় দেশকে ঠেলে দিতে চেয়েছিল। মাদরাসা শিক্ষা বন্ধ করে দেশ থেকে ইসলাম উচ্ছেদের মিশন নিয়ে নেমেছিল। দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মুসলমানরা অত্যন্ত ধৈর্য্য ও সহনশীলতার মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। তবে দেশের মাদরাসা শিক্ষাকে স্তব্ধ করে দেয়ার তাদের মিশন এখনো শেষ হয়নি। তাদের দোসররা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে। মাদরাসা শিক্ষাকে পিছিয়ে দেয়ার এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে।
মাদরাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার কারিগর মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা সময়মতো না দেয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র করে চলেছে। বেতন-ভাতার অভাবে বা সময়মতো না পাওয়ার কারণে শিক্ষকদের যদি মানবেতর জীবনযাপন করতে হয়, তাহলে তারা কীভাবে শিক্ষা প্রদান করবেন? পেটে ক্ষুধা নিয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দেয়া যায় না। তারপরও তারা মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। হাসিনার পতনের পর আশা করা হয়েছিল, মাদরাসা শিক্ষা নিয়ন্ত্রণ ও বন্ধের যে ষড়যন্ত্র হয়েছিল, তার অবসান হয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে, সেই পরিস্থিতি এখনো পুরোপুরি কাটেনি। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ধর্মভীরু মানুষ।
সঙ্গতকারণেই আশা করা হয়, এই সরকার মাদরাসা শিক্ষা এগিয়ে নিতে মাদরাসা শিক্ষক ও কর্মচারিরা নিয়মিত বেতন-ভাতা পাবেন। তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, এই সরকারের সময়ে এসে তাদের বেতন-ভাতা বকেয়া পড়েছে। তাদের মে মাসের বেতন এখনও প্রদান করা হয়নি। একই সঙ্গে জুন মাসের বেতনও যথাসময়ে পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে মাদরাসা শিক্ষক ও কর্মচারিরা নিদারুণ দুর্ভোগের মধ্যে পড়েছেন। ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা মে মাসের বেতন বন্ধের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। এমনকি, অধিদপ্তরে যেসব তথ্য সঠিকভাবে সংরক্ষণ করার কথা, তাও তারা যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি। উল্টো নিজেদের দোষ ঢাকতে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কার্যালয় থেকেও এই সংকট নিয়ে কোনো সু¯পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ এই সংকটকে কেবল গাফিলতি কিংবা উদাসীনতা হিসেবে দেখছেন না, বরং এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে বলে আশঙ্কা করছেন। তাদের মতে, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অচলাবস্থা তৈরি করে রেখেছে। এর মূল লক্ষ্য, দেশের মাদরাসা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠী ও সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করা এবং রাষ্ট্রব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন সংক্রান্ত জটিলতা দূর করতে সার্বক্ষণিকভাবে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আশা করছি, অতি দ্রুত এ সমস্যার সমাধান হবে এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে। এটা আশার কথা। তবে এ ধরনের সমস্যায় যাতে মাদরাসা শিক্ষক ও কর্মচারিদের ভবিষ্যতে পড়তে না হয়, এ বিষয়টি নিশ্চিত করা জরুরি। সরকার যেভাবে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড ইত্যাদিকে অগ্রাধিকার দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, তদ্রুপ দেশের ইসলামী শিক্ষা ও মূল্যবোধ অটুট রাখা এবং এগিয়ে নেয়ার কারিগর মাদরাসা শিক্ষক-কর্মচারিদের বেতন-ভাতা যাতে নিয়মিত হয়, সেটাকেও অগ্রাধিকার দিতে হবে। একইভাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যেসব দায়িত্বশীল ব্যক্তি গাফিলতি ও উদাসীনতার পরিচয় দিচ্ছে এবং সরকারের ভাবমর্যাদা বিনষ্ট করে ইসলামপ্রিয় মানুষের কাছে ভুলবার্তা দেয়ার অপচেষ্টা করছে, তাদেরকে জাবাবদিহির আওতায় আনতে হবে। যারা এই কৃত্রিম জটিলতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে তারা এমন দুঃসাহস দেখানোর পুনরাবৃত্তি না করতে পারে। আমরা মনে করি, মাদরাসা শিক্ষা এবং শিক্ষক-কর্মচারিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে থাকা উচিৎ। এ ব্যাপারে তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা করি।
