আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসন হইতে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়নের প্রাথমিক ঘোষণার মাত্র দুই দিবসের মাথায় বুধবার যেইভাবে একজন নিহত, প্রার্থীসহ পাঁচজন গুলিবিদ্ধ হইয়াছেন, উহার উদ্বেগ বহুমাত্রিক হইতে বাধ্য। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিহত সরওয়ার হোসেন বাবলা ‘চিহ্নিত সন্ত্রাসী’রূপে আলোচিত হইলেও এই অঘটন আইনশৃঙ্খলা পরিস্থিতি, তৎসহিত নির্বাচনী পরিবেশের জন্যও অশনিসংকেত হইয়া উঠিতে পারে। স্মরণে রাখিতে হইবে, ঐ হামলার ঘটনা ঘটিয়াছে চট্টগ্রাম-৮ আসনে, যাহা দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও উহার উপকণ্ঠ লইয়া গঠিত। হতাহতের ঘটনাও ঘটিয়াছে খোদ নগরাঞ্চলে।
প্রশ্ন জাগে, প্রকাশ্য দিবালোকে নগরাঞ্চলে যদি এইরূপ হামলার ঘটনা ঘটিতে পারে, তাহা হইলে প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি কী হইবে? এই প্রশ্নও সংগত, একজন চিহ্নিত সন্ত্রাসী সংসদ সদস্য প্রার্থীর জনসংযোগে যোগ দিয়াছিল কী বিবেচনায়? বিএনপি নেতৃবৃন্দ যদিও নিহত সরওয়ার হোসেন তাহাদের ‘কেহ নন’ বলিতেছেন; বিএনপি প্রার্থীর সহিত তাহার সংযোগ সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে স্পষ্ট। নিহত ব্যক্তির পরিচয় ও পরম্পরা যাহাই হউক, সকল নাগরিকের প্রাণই অমূল্য। আমরা দেখিতে চাহিব, অবিলম্বে সরওয়ার হত্যাকাণ্ডের বিচার হইয়াছে। চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় যেইখানে হামলা হইয়াছে, সেইখানকার পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর অজানা থাকিবার কথা নহে, তদুপরি কেন সেইখানে নির্বাচনী জনসংযোগের ক্ষেত্রে যথাযথ প্রস্তুতি ছিল না? পুলিশের বক্তব্য অনুযায়ী, এরশাদ উল্লাহ ঐ এলাকায় গণসংযোগ করিবেন, তদ্বিষয়ে তাহাদের অবহিত করা হয় নাই। তবে পুলিশ জানাইয়াছে, যাহারা হামলা করিয়াছে, তাহারা বাবলার প্রতিপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী বাবলা ও প্রতিপক্ষের বিষয়ে অবগত, সেহেতু পুলিশের তরফ হইতেই আগাম ব্যবস্থা থাকিবার প্রয়োজন ছিল। এতদ্ব্যতীত যাহাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মামলা রহিয়াছে তাহারাই বা কীরূপে প্রকাশ্যে কর্মকাণ্ড পরিচালনা করিতেছে? এইখানে রাজনীতিকদেরও দায়িত্বশীল হওয়া জরুরি। বিশেষ করিয়া যাহাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রহিয়াছে, তাহাদের কোনোভাবেই দলীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো কিংবা দলীয় আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাইবে না।
আমরা জানি, নানা কারণেই এইবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখজনক হইলেও সত্য, বাংলাদেশের শেষ তিনটি বিতর্কিত নির্বাচনের কারণে মানুষ তাহার ভোটাধিকার প্রয়োগ করিতে পারে নাই। গত বৎসরের যেই জুলাই অভ্যুত্থান সংঘটিত হইয়া আওয়ামী লীগ সরকারের পতন হইয়াছে, তাহাদের বিরুদ্ধে জনগণের এই ক্ষোভও ছিল। তজ্জন্য দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা তো বটেই, একই সঙ্গে বিগত নির্বাচনগুলির পরিস্থিতি হইতে শিক্ষা লওয়ার জন্যও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান জরুরি। তন্নিমিত্তে সর্বাগ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা দরকার।
আমরা দেখিয়াছি, চট্টগ্রামে এই সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার নিন্দা জ্ঞাপন করিয়াছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনিতে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়াছেন। এই নির্দেশ কেবল চট্টগ্রামের জন্যই নহে; সমগ্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখিতে নিরাপত্তা বাহিনীর সক্রিয়তা ও তৎপরতা প্রয়োজন। বিএনপি মহাসচিব বিবৃতিতে আশঙ্কা করিয়াছেন, সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করিতেই গণসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়াছে। আমরা বিশ্বাস করি, সরকারের পদক্ষেপে রাজনীতিকদের মধ্যে আস্থা ফিরিয়া আসিবে। চট্টগ্রামসহ যেই সকল এলাকায় অধিক ঝুঁকি রহিয়াছে সেইখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। রাজনৈতিক দলগুলি যাহাতে নির্বাচনী প্রচারণাসহ দলীয় কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালনা করিতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিতকরণের বিকল্প নাই। চট্টগ্রামের সন্ত্রাসী হামলাকে গুরুত্বের সহিত গ্রহণ করিয়া এই অঘটনে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপে জনগণের মধ্যে আস্থা ফিরিয়া আসিবে বলিয়া মনে করি। শুরুতেই সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করিলে উহার ইতিবাচক ফল আমরা নিশ্চয়ই দেখিব।
