জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দেশ যেন ততই অস্থিতিশীল হয়ে উঠছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গণও এখন উত্তপ্ত। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের আন্দোলনের হুংকার, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। এর সাথে যুক্ত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকা-। অন্যদিকে, জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ প্রায় এক বছর ধরে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি করলেও দেশের সবচেয়ে বড় দল বিএনপির নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সনদ চূড়ান্ত করে বিতর্কের সূচনা করেছে। এ পরিবর্তন নিয়ে বিএনপি প্রবল আপত্তি জানানোয় অন্তর্বর্তী সরকার নিজ থেকে তা বাস্তবায়নের পদক্ষেপ নিতে যাচ্ছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। একই সঙ্গে সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে না। ফলে প্রশ্ন উঠেছে, সরকার কেন তা পরিবর্তন করে রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করেছে? কেন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিরতার মধ্যে ঠেলে দিতে চাইছে? এর কি কোনো প্রয়োজন ছিল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টির জন্য এককভাবে দায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শুধু এর জন্যই দায়ী নন, দেশ পরিচালনায় সম্পূর্ণ রূপে ব্যর্থতার জন্যও দায়ী। দেশ যে অস্থিতিশীলতার দিকে ধাাবিত এবং নির্বাচন বানচালের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তার দায়ও একমাত্র তার। তিনি যেমন সরকার প্রধান হয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে পারেননি, তেমনি রাজনীতিতে তার একচোখা নীতি দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তার নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় ঠেকানোর জন্য সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, এটাই স্বাভাবিক। তার এই সন্ত্রাসী চরিত্র কখনো বদলাবে না। গত দুই দিনে দলটির নেতাকর্মীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন এবং দশ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আরও বড় ধরনের অঘটন ঘটালেও অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা তৎপর হয়ে উঠেছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি বৃদ্ধি পেয়েছে। পারস্পরিক দ্বন্দ্বের জেরে গত সোমবার রাজধানীতে এক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্যে খুনের শিকার হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ এখন ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে।
অন্তর্বর্তী সরকার গত এক বছর চার মাসেও দেশের রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ কোনো কিছুরই উন্নয়ন ঘটাতে পারেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল মুখে মুখে লিপ সার্ভিস দিচ্ছেন। বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নয়ন ঘটেনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পুরো সরকার রয়েছে ক্ষমতা উপভোগের মধ্যে। দেশ গোল্লায় গেলেও যেন তার কিছু যায় আসে না। ইতোমধ্যে সরকারের নানা অপরিপক্ক ও বিতর্কিত সিদ্ধান্ত মানুষকে ক্ষুব্ধ করেছে। মানুষ চরম দুর্দশার মধ্যে থাকলেও সরকার নির্বিকার হয়ে আছে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি লাটে উঠেছে। ব্যবসায়ীদের মধ্যে হাহাকার চলছে। দেশি-বিদেশি বিনিয়োগকারিরা বারবার জানিয়ে দিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া তারা এক পয়সাও বিনিয়োগ করবে না।
গত সোমবার সফররত জাতিসংঘের উচ্চ প্রতিনিধিদের সাথে এক বৈঠকে দেশের সকল ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার গ্র্যাজুয়েশন যেন কমপক্ষে পাঁচ বছর পিছিয়ে দেয়া হয়। দেশের অর্থনৈতিক পরিস্থিতি কতটা নাজুক হলে, ব্যবসায়ী নেতৃবৃন্দ এ আহ্বান জানিয়েছেন, তা বুঝতে বাকি থাকে না। অথচ দেশের এই শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই সরকার নির্বিকার চিত্তে ক্ষমতা উপভোগ করছে এবং কীভাবে আরও বেশি সময় ক্ষমতায় থাকা যায়, এ প্রবণতা দেখাচ্ছে। পাশাপাশি জামায়াতে ইসলামী ও তার মিত্র দলগুলোকে বগলদাবা করে তাদের দিয়ে আন্দোলনের নামে এক ধরনের পাতানো খেলা খেলাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকার ও জামায়াত মুদ্রার ওপিঠ-ওপিঠ।
উভয়ে ক্ষমতা ভাগাভাগি করে চলছে। জামায়াত প্রশাসন থেকে শুরু করে সর্বত্র তার লোকজন বসিয়ে সরকারের ছায়া সরকার হয়ে আছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এই ক্ষমতা ভোগ করছেন এবং এই ন্যারেটিভ ক্রিয়েট করতে সহায়তা করছেন, জামায়াত অত্যন্ত শক্তিশালী দল। তার মধ্যে এই প্রবণতা বিরাজমান, জামায়াতের কথার বাইরে যাওয়া যাবে না। জামায়াতও হাসিনার তথাকথিত উন্নয়নের ফানুস উড়ানোর মতো নিজের জনপ্রিয়তার ফানুস উড়াচ্ছে। অথচ হাসিনার পতনের পর দেশের অর্থনীতির প্রকৃত চিত্র বের হয়ে এসেছে। অর্থনৈতিক এই শোচনীয় পরিস্থিতি উত্তরণে অন্তর্বর্তী সরকার কিছুই করতে পারেনি। ড. ইউনূস ও জামায়াতের এই যৌথ প্রযোজনার ক্ষমতা উপভোগ এবং দাবি আদায়ের নামে আন্দোলন দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে।
এটা স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে, তাদের মধ্যে এ প্রবণতা বিদ্যমান, দেশ রসাতলে গেলেও তাদের কিছু যাবে আসবে না। যতদিন পারা যায়, ততদিন ক্ষমতা উপভোগ করাই তাদের লক্ষ্য। কারণ, নির্বাচন হলে তাদের ক্ষমতা উপভোগের এই সুযোগ থাকবে না। অন্যদিকে, ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে বিএনপি দ্রুত একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। দলটি অত্যন্ত ধৈর্য্য ধরে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যেতে কাজ করছে। গণমুখী বৃহৎ দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশকে স্থিতিশীল করার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দেশের মানুষও দেশের সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরাও একবাক্যে বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের সংকট সমাধানে এটাই একমাত্র সামাধান। তা নাহলে, পতিত স্বৈরাচার ও দেশ-বিদেশের ষড়যন্ত্রকারিরা দেশকে অস্থিতিশীল করে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আওয়ামী লীগ তার অবস্থান থেকে এ সুযোগ নেবে, তার নেতারা দেশের বাইরে নিরাপদে থেকে নানা অঘটন-ঘটাবে, এটা অস্বাভাবিক নয়। এ আলামত এখন দেখা যাচ্ছে। পর্যবেক্ষকরা নির্বাচন বানচাল ও পিছিয়ে দেয়ার জন্য জামায়াত ও তার সঙ্গী দলগুলোর কর্মসূচির সাথে আওয়ামী লীগের কর্মসূচির যোগসূত্র ও গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন।
অন্তর্বর্তী সরকার কোনো নির্দিষ্ট মেয়াদ বা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়ার সরকার নয়। তার কাজ শুধু দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেয়া। অথচ অনির্বাচিত এই সরকার দীর্ঘ মেয়াদের লক্ষ্য নিয়ে এমনভাবে কাজ করছে যেন, সেই দেশের হর্তাকর্তা। নিজের মতো সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে। তার মিত্র ও ক্ষমতার অংশীদার জামায়াতে ইসলামীকে দাবি আদায়ের নামে মাঠে নামিয়ে জনগণের সাথে এক ধরনের চালাকি ও প্রতারণা করছে। জামায়াত ও তার মিত্র দলগুলোকে দিয়ে ‘ডামি আন্দোলন’ করাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, প্রধান উপদেষ্টা সরাসরি এ ধরনের চালাকির মদদ দিচ্ছেন। বিএনপির ধৈর্য্য ও সহনশীল আচরণকে তার দুর্বলতা হিসেবে গণ্য করছেন। এমন অপকৌশল প্রতীয়মান হচ্ছে, তার কথা না মানলে নির্বাচন হবে না। এটা যে বিএনপিকে চাপে রাখার জন্য ড. ইউনূস ও জামায়াতের একধরনের অপকৌশল, তা বুঝতে বাকি থাকে না। এটা প্রতীয়মান হচ্ছে, তিনি এবং জামায়াত চাচ্ছে, বিএনপি নির্বাচনের জন্য আন্দোলনে নামুক। তারা যেন অনেকটা গায়ে পড়ে বিএনপির সাথে সংঘাতে জড়াতে চাচ্ছে। নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠুক, এটাই তারা চাচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ নেই বলে নির্বাচন পিছিয়ে দেয়ার তাদের কাক্সিক্ষত অজুহাত পাওয়া যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, নির্বাচন যদি বিলম্বিত বা বানচাল হয়, তাহলে এর একক দায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই নিতে হবে। একই সঙ্গে এর দায়, জামায়াত ও তার সঙ্গী দলগুলোর ওপর বর্তাবে। এই দায় থেকে প্রধান উপদেষ্টার মুক্তির একটাই পথ, ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করা প্রয়োজন, তাকে তাই করতে হবে। এর অন্য কোনো পথ নেই।
