সড়ক-মহাসড়ক সংস্কার ও ব্যবস্থাপনায় সরকার একাধিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার এবং রাজধানীতে শৃংখলা ফেরানো অন্যতম। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার মধ্যে রয়েছে, রাজধানী থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ, যানজট নিরসনে ঢাকায় আরো অন্তত ৫০টি স্থানে অটোমেটিক ট্রাফিক লাইন সিস্টেম চালু, বায়ু ও শব্দদূষণ কমাতে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ, যানবাহনে অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার। গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশদূষণবিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন। বলা বাহুল্য, এসব নির্দেশনার প্রতিটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এ মুহূর্তে সড়ক-মহাসড়ক সংস্কার বিশেষভাবে গুরুত্ববহ এ কারণে যে, চলমান বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী, বন্দরনগরী এবং দেশের অন্যান্য স্থানের সড়ক ও মহাসড়ক। সড়ক-মহাসড়ক থেকে এখন পানি সরে যাচ্ছে। আর যত সরে যাচ্ছে, ততই সড়ক-মহাসড়কের ভাঙাচোরা অবস্থা বেরিয়ে আসছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ইত্যাদি মহাসড়কের যেসব ছবি ইতোমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেছে, মহাসড়কের ওইসব অংশ যানচলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে। রাজধানী, বন্দরনগরী এবং অন্যান্য স্থানের সড়ক-মহাসড়কের অবস্থাও তথৈবচ। সড়ক-মহাসড়কের বুক জুড়ে তৈরি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে দিয়েই যানবাহন চলাচল করছে। এতে যানবাহনের ক্ষতি হচ্ছে, যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং যানবাহনের আয়ুষ্কালের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অথচ, প্রতিটি যানবাহনের মালিককে রাস্তায় চলাচলের জন্য মাসুল গুনতে হয়। লাইসেন্স খরচসহ বিভিন্ন খরচ বহন করতে হয়। মালিককে যানবাহন বিদেশ থেকে আমদানি করতে হয়। যন্ত্রাংশও আমদানি করতে হয়। এত কিছুর একটাই লক্ষ্য, মসৃণ ও নিরাপদ যাতায়াতের সুবিধা লাভ করা। প্রতিবছর সারাদেশের রাস্তাঘাটের দুর্দশা ও যানজটজনিত কারণে যানবাহন মালিকদের সাকল্য ক্ষতি কত হয়, দেশেরই বা কত ক্ষতি হয়, তার ইয়ত্তা নেই।
এই ক্ষতি যতটা সম্ভব কমাতে সড়ক-মহাসড়কের দ্রুত সংস্কারের কোনো বিকল্প নেই। ডুবে থাকার কারণে এবং সেই ডুবন্ত সড়ক-মহাসড়কের ক্ষতি হয়। আবার পানি সরে যাওয়ার পরে সেই ভাঙাচোরা সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করলে ক্ষতি হয় তার চেয়েও বেশি। সড়ক-মহাসড়ক ও যানবাহন-উভয়েরই ক্ষতি হয়। তুলনামূলকভাবে কম ক্ষতির জন্য তাই দ্রুত সড়ক-মহাসড়ক সংস্কার করতে হবে। সংস্কার কাজে যত দ্রুত নামা যাবে, ততই ক্ষতি কম হবে। সড়ক-মহাসড়ক সংস্কার ও মেরামতের দায়িত্ব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। যে কোনো দুর্যোগ ও দুুর্যোগ পরবর্তী সড়ক-মহাসড়কের ক্ষয়ক্ষতি মোকাবিলায় এই মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তুতি থাকার কথা, যাতে সঙ্গে সঙ্গে সংস্কারের কাজ শুরু করা যায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ ব্যাপারে প্রস্তুতি কতটা আছে তা আমাদের জানা নেই।
লক্ষ করা যায়, প্রায় সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে দেখা যায়। স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে মন্ত্রণালয়গুলো এবং তাদের বিভাগসমূহ কেন আছে? প্রধানমন্ত্রীর মুখের দিকে, তার নির্দেশের দিকে চেয়ে থাকা আমাদের দেশে একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। পতিত ফ্যাসিস্ট শাসনে প্রধানমন্ত্রী ছিলেন সর্বেসর্বা। সব কিছু তার নির্দেশে চলতো। মন্ত্রণালয়গুলো ছিল নামকাওয়াস্তে। সবকিছু পরিচালিত হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিন্তু এখন ফ্যাসিস্ট শাসন নেই। গণতান্ত্রিক সরকার ক্ষমতায়। এখন মন্ত্রণালয়গুলোকে আর আগের মতো অথর্ব ও প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় থাকলে চলবে না। তাদের সক্রিয় হতে হবে। যখন যে কাজ করা দরকার হবে, করতে হবে। প্রধানমন্ত্রীর ওপর চাপ কমাতে হবে। প্রধানমন্ত্রী তো মাথার ওপরে আছেনই।
যখনই কোনো ব্যাপারে প্রয়োজন মনে করবেন, তখনই তিনি নির্দেশ-নির্দেশনা দেবেন। রাজধানীর ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন সরানোর নির্দেশ কেন প্রধানমন্ত্রীকে দিতে হবে? কেন তাকে লাইট সিস্টেমের কথা বলতে হবে এবং বিভিন্ন দূষণ নিরোধে পদক্ষেপ নিতে বলতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাহলে আছে কী জন্যে? অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অতীতে বিভিন্ন সময়ে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এমন কি সময় বেঁধে দেয়া হয়েছে এবং সময় অতিক্রান্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। কিন্তু এসবে কাজের কাজ কিছু হয়নি। কয়েকদিন বিরতি দিয়ে লক্কড়মার্কা যানবাহন ফের সড়ক-মহাসড়কে চলাচল করার সুযোগ পেয়েছে। এজন্য নির্দেশদাতা কর্তৃপক্ষের কোনো জবাবদিহি করতে হয়নি। পরিবেশবিষয়ক মন্ত্রণালয় ও বিভাগকে দায়িত্ব নিয়ে এ ব্যাপারে কাজ করতে হবে। দূষণ থেকে শুরু করে পরিবেশনাশক যত কর্মকাণ্ড আছে, তা রোধ করতে হবে।
যেহেতু বন্যায় সড়ক-মহাসড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, সুতরাং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বিলম্ব না করে সংস্কার কাজ শুরু করতে হবে। এতে সড়ক-মহাসড়ক যেমন যান চলাচলের উপযোগী হয়ে উঠবে, তেমনি যানবাহনের ক্ষতিও কম হবে। কাজে বিলম্ব হলে কিংবা তাতে গড়িমসি দেখা গেলে মন্ত্রণালয় ও বিভাগকে দায়ী হতে হবে। কেউ ক্ষতিপূরণ চাইলে, তাকে তা দিতে বাধ্য হতে হবে। দেশের অর্থনীতি ক্রমনিম্নমুখী। বেকারত্ব বাড়ছে। প্রকৃত মূল্যস্ফীতি দুই সংখ্যা ছাড়িয়ে গেছে। এখন রাস্তাঘাট সংস্কারের কাজ হলে অনেক মানুষের কর্মসুযোগ তৈরি হবে। তাদের আয়-রোজগারের একটা ব্যবস্থা হবে। পর্যবেক্ষকরা মনে করেন, রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত রাস্তাঘাট সংস্কারে কাজের সংস্থান হওয়া সম্ভব। কৃষিসহ অন্যান্য ক্ষেত্রেও নতুন কর্মসৃজন হতে পারে। এটাও এই দুর্দিনে মোটেই কম সহায়তা নয়।
