বৃহস্পতিবার জারিকৃত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়নের প্রজ্ঞাপনকে আমরা সতর্কতার সহিত স্বাগত জানাই। নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নবতর যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং সাব-ডিলার প্রথা বাতিলের ন্যায় বৃহৎ পরিবর্তন আনা হইয়াছে। দেশে সার লইয়া অনিয়ম-দুর্নীতি দীর্ঘদিন যাবৎ লাগিয়াই রহিয়াছে।
পর্যাপ্ত বরাদ্দের পরও কৃষকের নিকট অধিক মূল্যে সার বিক্রয় কার্যত ডিলারদের মজ্জাগত। ইহার প্রভাবে একদিকে কৃষকদের সার ক্রয়ে অধিক অর্থ গুনিতে হয়, যাহা ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি করিয়া দেয়। অন্যদিকে উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য না পাইয়া কৃষককে পুনরায় ক্ষতির শিকার হইতে হয়। অধিক মূল্যেও প্রয়োজনের সময় সার না পাইবার ঘটনা এই দেশে বিরল নহে।
এমনকি সার চাহিতে গিয়া অতীতে কোনো কোনো অঞ্চলে কৃষককে পুলিশের গুলিতে জীবন পর্যন্ত দিতে হইয়াছে। আমরা জানি, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। জাতীয় খাদ্য নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান প্রশ্নেও কৃষির গুরুত্ব অপরিসীম। এই জন্য প্রায় সকল সরকারই কৃষি খাতে বিদেশি ঋণদাতা সংস্থাসমূহের নিষেধ সত্ত্বেও বিপুল ভর্তুকি দিয়া আসিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনক, উক্ত অনিয়ম-দুর্নীতির কারণে বিশেষত সারে প্রদত্ত ভর্তুকির বৃহৎ অংশ একটা নির্দিষ্ট গোষ্ঠীর পকেটস্থ।
এই প্রেক্ষাপটে আলোচ্য সার বণ্টন নীতিমালা আশার আলো জোগাইতে পারে। নূতন নীতিমালায় ডিলারশিপের দীর্ঘদিনের দ্বৈত কাঠামো বিসিআইসি ও বিএডিসিকে একীভূত করিয়া অভিন্ন ছত্রের আওতায় আনা হইয়াছে। অর্থাৎ সরকারি, আধাসরকারি বা বেসরকারি যেই উৎস হইতেই সার আসুক, তাহা একক নীতিমালার আওতায় বিতরণ হইবে। ইউরিয়া ও অ-ইউরিয়া উভয় প্রকার সারই একক ব্যবস্থাপনায় বরাদ্দ হইবে।
কৃষি মন্ত্রণালয়ের দাবি, ইহার মাধ্যমে সার বিতরণে বহু বৎসরের ‘মনোপলি সিন্ডিকেট’ ভাঙার পথ তৈয়ার হইয়াছে। নীতিমালায় প্রত্যেক ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র থাকিবার কথা বলা হইয়াছে, যেইখানে সরকারি ভর্তুকি, বিক্রয়মূল্যসহ তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। উপরন্তু বিক্রয়, উত্তোলন ও হিসাবরক্ষণ ডিজিটালি সংরক্ষণ করিতে হইবে। ডিলার স্বীয় এলাকায় নির্ধারিত কেন্দ্র ব্যতীত অন্য কোথাও সার বিক্রয় বা হস্তান্তর করিতে পারিবেন না।
প্রসংগত, অসাধু কৃষি কর্মকর্তাদের সহায়তায় বৎসরের পর বৎসর পরিবহন ঠিকাদার ও ডিলারের প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে সার মজুত করিয়া কৃত্রিম সংকট তৈরি করিতেছিল। ফলে কৃষক বেশি দামে সার কিনিতে বাধ্য হইতেন। নীতিমালায় ডিলারদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত নবায়ন বা বাতিলের যেই ব্যবস্থা রাখা হইয়াছে, ইহাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবে উক্ত দুর্নীতি হ্রাসে।
কৃষি মন্ত্রণালয় জানাইয়াছে, বিদ্যমান সাব-ডিলার বা খুচরা বিক্রেতারা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত পুরাতন নিয়মে সার ক্রয়-বিক্রয় করিতে পারিবেন। অতঃপর এ ব্যবস্থা বিলুপ্ত হইবে। অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিলের এই বিধান নিঃসন্দেহে সার বিতরণ ব্যবস্থাপনায় উন্নতি ঘটাইবে।
বিশেষত নূতন ব্যবস্থায় কৃষকদের জন্য সরাসরি সার ক্রয়ের ব্যবস্থা করা হইলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হইতে পারে। তবে শহরে বা গ্রামের শৌখিন কৃষকরাও যাহাতে প্রয়োজনের সময় সার ক্রয় করিতে পারেন তাহার ব্যবস্থা করিতে হইবে।
এই প্রসঙ্গে কৃষি সচিব বলিয়াছেন, সম্পূর্ণ ডিলার ব্যবস্থাকে কৃষকবান্ধব করিবার চেষ্টার অংশ হিসাবেই তাহারা নূতন নীতিমালা প্রণয়ন করিয়াছেন। নিশ্চয় ডিলার বাড়িলে প্রতিযোগিতা বাড়িবে, মনোপলি কমিবে। তবে ইহার সুফল কৃষকের দ্বারে পৌঁছাইয়া দিতে সংশ্লিষ্ট সংস্থাসমূহের অসাধু কর্মকর্তাদের উপর কঠোর নজরদারি জরুরি। ডিলার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনা করিতে হইলেও এই বিষয়টি স্মরণে রাখিতে হইবে।
