আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ডিজেল, কেরোসিন ও অকটেনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকার স্থলে ১১৫ টাকা হয়েছে। কেরোসিন ১১২ টাকার স্থলে ১৩০ টাকা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা হয়েছে। আর পেট্রোলের মূল্য ১১৬ টাকা থেকে ১৩০ টাকা হয়েছে। নতুন মূল্য গতকালই কার্যকর হয়েছে। বলা আবশ্যক, জ্বালানি তেলের এই মূল্য ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে ২০২২ সালের আগস্টে। ইউক্রেন যুদ্ধের করণে জিজেলের দাম একলাফে ৪২ শতাংশ বাড়িয়ে ১১৪ টাকা করা হয়। অকটেনের দাম ধরা হয় ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা। একই মাসে সব জ্বালানিতেলের দাম অবশ্য প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নীতি গ্রহণ করা হয়। সে হিসাবে আগের মাসে আমদানি করা তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতিমাসে নতুন দাম সমন্বয় করা হয়। তবে বিশ্ববাজারে ইরানযুদ্ধের কারণে এবার ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটলেও এপ্রিলের শুরুতে তেলের দাম বাড়ায়নি সরকার। এখন চলমান পরিস্থিতির চাপে সরকার মধ্য এপ্রিলে তেলের দাম বাড়াতে বাধ্য হলো। এছাড়া বিকল্প কোনো পথ সরকারের সামনে খোলা ছিল না। ইরানযুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট, সরবরাহে বিঘœ এবং উচ্চমূল্য অব্যাহত রয়েছে। জ্বালনি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী যুদ্ধের কারণে অনিরাপদ প্রতিপন্ন হওয়ার ফলে জ্বালানি তেলের সরবরাহ বিঘিœত হয়। এতে দামও বাড়ে।
প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের ওপরে চলে যায়। ক’দিন আগে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়ার ফলে দাম ৯০ ডলারে নেমে আসে। গত পরশু ইরান আবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কবে হরমুজ প্রণালী জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য উন্মুক্ত হবে, তা সুনির্দিষ্ট করে বলার উপায় নেই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়া হিসাবে হরমুজ প্রণালীর উপর ইরান নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ওই অবরোধ প্রত্যাহার না করলে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করবে না। ফলে বর্তমান অচলাবস্থা ততদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, যতদিন পর্যন্ত না অবরোধ প্রত্যাহার করা হয় কিংবা যুদ্ধের অবসান ঘোষিত হয়। যুদ্ধ বন্ধের একটি উদ্যোগ চলমান আছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। দু’পক্ষের মধ্যে সরাসরি আলোচনা আজ হওয়ার কথা। বিশ্বের তাবৎ দেশ ও মানুষ অবিলম্বে ইরানযুদ্ধের অবসান কামনা করছে।
বলার অপেক্ষা রাখে না, ইরানযুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাণিজ্য ও সরবরাহ মারাত্মক সংকটে পতিত হয়েছে। জ্বালানি তেলের দামও ধারা-ছোঁয়ার বাইরে চলে যেতে বসেছে। এমতাবস্থায়, বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে উপনীত হয়েছে। আমাদের মোট জ্বালানিচাহিদার প্রায় ৭০ শতাংশ আমদানি করতে হয়। ফলে তেলের জন্য সর্বক্ষেত্রে চলছে হাহাকার। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তেলের কোনো সংকট নেই; পর্যাপ্ত মজুত আছে। কিন্তু তেলের পাম্পগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। পাঁচ-সাত ঘণ্টা লাইনে থেকেও কারো ভাগ্যে তেল মিলছে, কারো মিলছে না। জাহাজকে জাহাজ তেল দেশে আসছে, বলা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, তাহলে এসব তেল যাচ্ছে কোথায়?
তেল নিয়ে সিন্ডিকেটবাজি হচ্ছে। সিন্ডিকেটের সদস্যরা তেল সরিয়ে ফেলছে, মজুত করছে অথবা ভারতে পাচার করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তেলের সরবরাহ নিশ্চিত করতে যেমন ব্যর্থ হচ্ছে, তেমনি সিন্ডিকেট ভাঙতেও ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। অনেকের মতে, অবিলম্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকে তাদের ব্যর্থতার জন্য সরিয়ে দেয়া উচিত। তেল নিয়ে তেলেসমাতি, হয়রানি, বিড়ম্বনা বরদাশতযোগ্য নয়। জ্বালানিসংকটে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সেচ বিঘিœত হওয়ায় কৃষিতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্চে। সার ও বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনে অচলাবস্থা দেখা দিচ্ছে। এর সামগ্রিক প্রতিক্রিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ আকারে প্রতিফলিত হচ্ছে। ইতোমধ্যে মূল্যস্ফীতি ও জীবনযাপনের ব্যয় যেখানে উপনীত হয়েছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস দেখা দিয়েছে। বলতে দ্বিধা নেই, বিদ্যমান পরিস্থিতিতে সরকার বিভিন্নমুখী সংকটে পতিত হয়েছে। সরকারের হাতে টাকা নেই। সরকারকে ধার-কর্জ করে চলতে হচ্ছে। ব্যাংকের কাছে হাত পাততে হচ্ছে। আন্তর্জাতিক অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের কাছে ধরনা দিতে হচ্ছে। ব্যাংকে তারল্য সংকট প্রকট। আইএমএফ, বিশ্বব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নিচ্ছে। এমতাবস্থায়, সরকার কতটা বেকায়দায় তা বিশদ ব্যাখ্যার অপেক্ষা রাখে না। সঙ্গতকারণেই জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে নির্ধারণ করা ছাড়া সরকারের উপায় নেই। প্রয়োজনে বিদ্যুৎ ও সারের দামও বাড়াতে হবে। এসবের প্রতিক্রিয়া কী হবে বা হতে পারে, তা সবারই জানা। দেশের অর্থনীতি, মানুষের জীবনযাপন, উন্নয়ন কর্মসূচি ভয়ংকর চাপে পড়বে। সে ক্ষেত্রে সুনিপুণ পরিকল্পনা, কার্যকর সাশ্রয়কর্মসূচি, ধৈর্য ও সহিষ্ণুতার কোনো বিকল্প নেই।
বিশ্বের ছোট-বড়, ধনী-দরিদ্র সব দেশই চলমান ও আশংকিত পরিস্থিতি মোকাবেলায় নানামুখী পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ গার্মেন্ট ও অন্যান্য পণ্যের আমদানি কমিয়ে দিয়েছে। জ্বলানিসাশ্রয়সহ নানাবিধ সাশ্রয়মূলক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদেরও তাদের মতো কর্মসূচি নিতে হবে এবং অপচয় ও পাচার নিরোধ করতে হবে। জ্বালানির দাম ভারতের চেয়ে লিটারে অন্তত তিন-চার টাকা বেশি হতে হবে, যাতে পাচার আপনা-আপনিই রহিত হয়। জ্বালানি তেলের অবৈধ মজুতদারি ও সিন্ডিকেটবাজি কঠোরভারে দমন করতে হবে। সরকারকে চোখ-কান খোলা রাখতে হবে। বিরোধীদল গঠনমূলক বিরোধীদলের ভূমিকা থেকে সরে আসছে। নানা অসিলায় আন্দেলনমুখী হয়ে উঠছে। পতিত স্বৈরাচারের অনুগামী-অনুসারীরাও সরকারকে বিপাকে ফেলতে তৎপর রয়েছে। এসব দিকে খেয়াল রেখেই সরকারকে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে ও জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে। এর ব্যত্যয় হতে দেয়া যাবে না। মনে রাখতে হবে, জনবিচ্ছিন্নতা যে কোনো সরকারের জন্যই হুমকিস্বরূপ।
