ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত শুক্রবার রাতে নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের তালিকা চূড়ান্তভাবে নথিবদ্ধ হয়েছে। অত্যন্ত দ্রুত ও স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশন এই গ্যাজেট প্রকাশ করায় সব ধরনের আলোচনা-সমালোচনার অবসান হয়েছে। নির্বাচন কমিশন দক্ষতা ও বিচক্ষণতার সাথে কাজটি করায় তাকে আমরা ধন্যবাদ জানাই। ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হওয়া সত্ত্বেও ফলাফল নিয়ে নানা ধরনের বিতর্ক ও অপপ্রচারের একটা প্রবণতা পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে জামায়াত ও এনসিপি এবং তাদের সমর্থক কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এমন সব বক্তব্য দিচ্ছিল, যা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছিল। তাদের মধ্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা প্রতীয়মান হয়। এই অপপ্রচার ডালপালা গঁজানোর আগেই নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে গ্যাজেট প্রকাশ করে তার অবসান ঘটিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে।

গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর জামায়াত-এনসিপিকে সমর্থন করে কিছু প্রবাসী অনলাইন ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট যেমন খুশি তেমন বয়ান তৈরি করে ক্রমাগত বিভ্রান্তি তৈরির কাজে নিয়োজিত ছিল। যাদের তাদের পছন্দ হয়নি, তাদের চরিত্র হননের মতো ঘৃণ্য কথা বলেছে। ছাত্র-জনতার নামে একটি শ্রেণিকে বিভ্রান্ত করে মব তৈরি করেছে। উসকানি দিয়ে যেখানে সেখানে মব তৈরি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ভিন্ন মতাবলম্বী সংবাদ মাধ্যমে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারা দেশে ‘মবক্রেসি’র মাধ্যমে জনগণকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য এসব ইনফ্লুয়েন্সিয়াল ও তাদের অনুসারিরা হুমকি হয়ে উঠে। আতঙ্কজনক পরিবেশ তৈরি করে দেশের অর্থনীতিকে স্থবির করে দেয়।

এর সাথে যুক্ত হয় জামায়াতের কথিত বটবাহিনী। তাদের অপপ্রচারের কোনো তুলনা নেই। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই প্রযুক্তি ও মিথ্যা তথ্য সম্বলিত ফটোকার্ড ছড়িয়ে দিয়ে অবিরত ঘৃণা ছড়িয়েছে। মানুষের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ সৃষ্টি করেছে। তবে দেশের মানুষ ধীরে ধীরে তথাকথিত প্রবাসী ইনফ্লুয়েন্সিয়াল ও জামায়াতি বটবাহিনীর আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির মিথ্যা বয়ান প্রত্যাখ্যান করতে শুরু করে। তাদের কোনো বয়ানই গ্রহণ করেনি। এসব অপপ্রচার, ঘৃণা সৃষ্টিকারি বয়ান, গুজব এবং মিথ্যা তথ্য উপক্ষো করে দেশের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের স্বাধীন মতো ভোটাধিকার প্রয়োগ করে। এখন আর তাদের কোনো বয়ান কাজে আসছে না। তাদের বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই। তবে তাদের এই মিথ্যা তথ্যের অপসংস্কৃতি ও বয়ান বন্ধ হয়ে যাবে, এমনটি ভাবা ঠিক নয়। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টে তাদের মিশন অব্যাহত থাকবে। এ ব্যাপারে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহলকে সতর্ক থাকতে হবে। তারা যা বলবে কিংবা যা কিছু ছড়াবে, যাচাই না করে বিশ্বাস করার কোনো কারণ নেই। এ নিয়ে কনফিউজড হওয়ারও কিছু নেই। সত্য তথ্য পাওয়ার জন্য মেইন স্ট্রিমের গণমাধ্যম রয়েছে। সেখান থেকে সত্য তথ্য নিশ্চিত হওয়া যাবে। জামায়াতে ইসলামীর উচিৎ হবে, তার সমর্থক বটবাহিনীর কার্যক্রম বন্ধ করে দেয়া।

দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরির পরও দলটি কোনো বিজয় মিছিল বা উৎসব করেনি। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের এ ব্যাপারে কড়া নির্দেশনা দেয়া হয়। এর পরিবর্তে দলটি নির্বাচনের পরদিন শুক্রবার মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য বাদজুমা দেশের মসজিদগুলোতে দোয়া ও মোনাজাতের নির্দেশনা দেয়। এটি বিএনপির একটি যথোচিৎ পদক্ষেপ এবং ভালো দৃষ্টান্ত। এজন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ। আগামী দুয়েকদিনের মধ্যে দলটি সরকার গঠন করবে। আমরা আশা করব, দেশের মানুষ ভোট দিয়ে দলটির ওপর যে বিপুল আস্থা রেখেছে, তার প্রতিদানে নিরলস কাজ করে যাবে। ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলা, গণতন্ত্র ও সুশাসনকে দৃঢ় ভিত্তি দেবে। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকেও ধন্যবাদ যে, তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। আমাদের প্রত্যাশা, জামায়াতে ইসলামী জাতীয় সংসদে শক্তিশালী বিরোধীদল হয়ে দেশের গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে যথাযথ ভূমিকা পালন করবে। আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তার পারিষদবর্গ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে। তারা দেশের গণতন্ত্রের উত্তরণে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। দেশের ক্রান্তিকালে তাদের এই আন্তরিক ভূমিকা জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে।