গত ২০ মে সরকার সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। এমন এক সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই ঘটনা ঘটলো যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমতির দিকে রয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের উপর আক্রমণ পরিচালনা করার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়। এক পর্যায়ে জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ১২৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছিল। বর্তমানে তা একশত মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত মোট তিনবার জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলো। গত এপ্রিল মাসে প্রথম দফায় প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছিল। সেই সময় প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা, কেরোসিনের মূল্য ১৮ টাকা এবং পেট্রোলের মূল্য ১৯ টাকা এবং অকটেনের মূল্য বাড়ানো হয়েছিল ২০ টাকা। দ্বিতীয় দফা গত জুন মাসে ডিজেলের মূল্য অপরিবর্তিত রেখে প্রতি লিটার কেরোসিন, পেট্রোল ও অকটেনের মূল্য লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। তৃতীয় দফায় সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাজারে সব ধরনের পণ্যের মূল্য আর এক দফা বৃদ্ধি পেয়েছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অভিঘাতে অভ্যন্তরীণ বাজারে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি নিশ্চিতভাবেই আরো বেড়ে যাবে। ইতিমধ্যেই বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা, লঞ্চ ভাড়া বেড়েছে ১৭ থেকে ২০ শতাংশ, ট্রাক ভাড়া বেড়েছে ৩০ শতাংশের মতো। আর মোটর সাইকেল ভাড়া বেড়েছে ২০ টাকা থেকে ৪০ টাকা। এটা শুধু পরিবহন খাতের হিসাব। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে সব ধরনের নিত্য পণ্যের মূল্য আর এক দফা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে প্রথাগত যুদ্ধ শুরু হবার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ইরান এককভাবে হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বে প্রতিদিন গড়ে ১০ কোটি ২০ লাখ ব্যারেল থেকে ১০ কোটি ৩০ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয়। জ্বালানি তেলে পরিবহনের জন্য হরমুজ প্রণালীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি দিন গড়ে ২ কোটি ব্যারেল জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়ে থাকে। আর শুধু সমুদ্র পথে যে জ্বালানি তেল প্রতিদিন পরিবাহিত হয় তার অন্তত ২৭ থেকে ৩০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এশিয়ার দেশগুলোর মোট জ্বালানি তেলের ৮০ থেকে ৮৪ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

এই অবস্থায় ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে জ্বালানি তেলের মূল্য বাড়তেই পারে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যহ্রাসের প্রবণতা প্রত্যক্ষ করা যাচ্ছে। এই অবস্থায় অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কি এতটাই জরুরি ছিল? আমদানি পর্যায়ে একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রাজস্ব আসে ডিজেল থেকে। গত অর্থবছরে ডিজেল আমদানি বাবদ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন(বিপিসি) সরকারকে ১১ হাজার ২২৮ কোটি টাকা শুল্ক-কর প্রদান করেছে। ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ১০ বছর সময়ে শুল্ক বাবদ বিপিসি বাংলাদেশ সরকারকে মোট ১ লাখ ১৯ হাজার ৫০০ কোটি ্টাকা রাজস্ব দিয়েছে। ২০১৪-২০১৫ থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত সময়ে বিপিসি মাত্র এক বছর লোকসান দিয়েছে। প্রশ্ন হলো, সরকার কি মুনাফা অর্জনকারি কোন সংস্থা বা প্রতিষ্ঠান? জনগণের সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিৎ সর্বোত্তম জনকল্যাণ সাধন করা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব মোতাবেক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ৪২২টি পণ্যকে বিবেচনায় নিয়ে মূল্যস্ফীতি নিধারণ করা হয়। এর মধ্যে এমন কিছু পণ্য আছে যা সাধারণ মানুষ খুব একটা ব্যবহার করে না। বিশেষ করে খাদ্য পণ্যের মূল্যস্ফীতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

সরকারের বিভিন্ন মন্ত্রী এবং কর্তাব্যক্তিগণ বলছেন, এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোন গতি ছিল না। তারা মূল্য বৃদ্ধি কথাটাই স্বীকার করতে চান না। তারা বলেন মূল্য সমন্বয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করেও বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল। বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা যেতো। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানের মূল্য উদ্দেশ্য হচ্ছে জনগণকে স্বস্তি দেয়া। শুধু মুনাফা অর্জন করা এর কাজ হতে পারে না। সরকার এই খাতের কর সাময়িকভাবে প্রত্যাহার করতে পারতো। সরকার নতুন করে এই খাতে ভর্তুকি দিতে পারতো। যেকোন মূল্যেই হোক অভ্যন্তরীণ বাজার জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা উচিৎ ছিল। কারণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সব ধরনের উৎপাদন ব্যবস্থার উপর বাড়তি চাপ পড়বে। এতে উৎপাদন ব্যয় আগের তুলনায় বেড়ে যাবে।