ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে যেইভাবে অপতথ্যের বিস্তার ঘটানো হইতেছে, উহাতে নির্বাচন কমিশনের সহিত আমরাও উদ্বিগ্ন। বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, কীভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্বের নামে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি খুলিয়া প্রতারণা করা হইতেছে; কীভাবে ভুয়া ভিডিও ছড়াইয়া মানুষকে বিভ্রান্ত করা হইতেছে। বৃহস্পতিবার হইতে ভোটের আনুষ্ঠানিক প্রচারণার পূর্বেই আমরা দেখিয়াছি, নানা অপপ্রচার নেট দুনিয়ায় কীভাবে ছড়াইয়া পড়িয়াছে। দুঃখজনক হইলেও সত্য, এই ধরনের অপপ্রচার রোধে নির্বাচন কমিশনের আগাম ব্যবস্থা দৃশ্যমান নহে।
এই সময়ে বড় চ্যালেঞ্জরূপে আবির্ভূত কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই। এআই এতখানি শক্তিশালী, উহার মাধ্যমে যেই কোনো কনটেন্ট অবলীলায় তৈয়ার করা যায়। এই প্রযুক্তি দিয়া ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে নির্দিষ্ট দলের পক্ষে ভোট প্রার্থনা করা হইতেছে। এমনকি এআই দিয়া নারী ও ধর্মীয় সংখ্যালঘু চরিত্র তৈয়ার করিয়া বিপক্ষ দলের সমালোচনার ভিডিও জনসমক্ষে আসিয়াছে। রাজনৈতিক ব্যক্তির ভুয়া ভিডিও দিয়া যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা সম্ভব হয়, তাহা হইলে এআই নির্মিত কনটেন্ট যে জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলিতে সক্ষম, উহা বুঝিতে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই।
ইতোমধ্যে আমরা দেখিয়াছি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পুরাতন ছবি ব্যবহার করিয়া এআই দিয়া ভিডিও তৈয়ার করা হইয়াছে এবং উহাকে আসল মনে করিয়া সহস্রাধিক মানুষ তথায় বিকাশ নম্বর সহযোগে সাড়া দিয়াছে।
দেশের প্রায় আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং উহাদের শতকরা ৭০ জনই সামাজিক মাধ্যমে সক্রিয়। কিন্তু তাহারা ডিজিটাল জগতে তথ্য যাচাই করিতে অনভ্যস্ত হইবার কারণে প্রচলিত সামাজিক মাধ্যমের খবর পরীক্ষা না করিয়াই বিশ্বাস করে। যেই কারণে সামাজিক মাধ্যমের একটি মিথ্যা পোস্ট কিংবা ভিডিও কোটি মানুষকে অনায়াসে প্রভাবিত করিবার শঙ্কা থাকে। নির্বাচন সম্মুখে রাখিয়া সামাজিক মাধ্যমে বিভিন্ন উপায়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াইবার তৎপরতা বৃদ্ধি পাইয়াছে। এমনকি সাম্প্রতিক সময়ে একাধিক সংবাদ পাঠকের ভিডিও বিকৃত করিয়া নির্বাচন বাতিলের অপতথ্যও প্রচার হইয়াছে। তৎসহিত সামাজিক মাধ্যমে অপপ্রচারের নূতন উপায়রূপে ভুয়া ফটোকার্ড উদ্বেগজনকভাবে ছড়াইয়া পড়িয়াছে।
দেশের বিভিন্ন মূলধারার সংবাদমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করিয়া একাধিক নকল ফটোকার্ড ভাইরাল হইয়াছে, যেইগুলিতে নির্বাচন-সংশ্লিষ্ট বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি করা হইতেছে। এই সকল ফটোকার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের ভুয়া তথ্য ছড়ানো হইয়াছে। প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলিয়াছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নানামুখী অপপ্রচার মোকাবিলা করাই বৃহৎ চ্যালেঞ্জ। কিন্তু উদ্বিগ্ন হইলেও এই পর্যন্ত এহেন অপপ্রচার রোধে সংস্থাটির কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করিতে দেখা যায়নি। তবে নির্বাচনী আচরণবিধিতে এআই-সংক্রান্ত ধারা তাহারা যুক্ত এবং একটি মনিটরিং সেলও গঠন করিয়াছে। কিন্তু এখন পর্যন্ত অনলাইনে অপপ্রচার লইয়া কাহাকেও শাস্তি বা সতর্ক করিবার বিষয়টি দৃষ্টিগোচর হয় নাই। বলিবার অপেক্ষা রাখে না, ডিপফেক ভিডিও, অপতথ্য চিহ্নিতকরণের সক্ষমতা কিংবা জনবল নির্বাচন কমিশনে বিদ্যমান কিনা– সেই প্রশ্নও সংগত। তজ্জন্য নির্বাচন কমিশন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যমের সহিত যৌথভাবে কাজ করিতে পারে।
আমরা মনে করি, এখনই কার্যকর পদক্ষেপ না লইলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হইবার সমূহ আশঙ্কা রহিয়াছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করিয়া মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল, কুরুচিপূর্ণ এবং মানহানিকর কনটেন্ট তৈয়ার, প্রকাশ, প্রচার ও শেয়ার নিষিদ্ধকরণ নিঃসন্দেহে ইতিবাচক। তদনুযায়ী নজরদারি এবং উহার ব্যত্যয় ঘটিলে ত্বরিত সিদ্ধান্ত লইতে হইবে। নির্বাচনের পূর্বে সময় থাকিতে এখনই উহার সূচনা করা দরকার। সময়ে একফোঁড় দিতে না পারিলে অসময়ে দশ ফোঁড় দিয়াও কার্যসিদ্ধি হইবে না।
