এবার মানুষের ঈদযাত্রা সুখকর হয়নি। বরাবরের মতো অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যেমন যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল, তেমনি একের পর এক দুর্ঘটনা মানুষকে দুঃখ ভারাক্রান্ত করেছে। ধারণা করা হয়েছিল, নতুন সরকারের প্রথম ঈদে ঘরমুখো মানুষের যাত্রা উপভোগ্য হবে। তা হয়নি। ঈদের আগে ও পরে দশ দিনের দীর্ঘ ছুটিতে প্রায় ৩৪২টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু এবং কয়েক শ আহত হওয়া ঈদযাত্রাকে ম্লান করে দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা এতটাই ভয়াবহ ও মর্মান্তিক ছিল যে, তা দুর্ঘটনার শিকার পরিবারকে তো বটেই সারাদেশের মানুষের মনকে বেদনাবিধুর করে তুলেছে। এসব দুর্ঘটনার কোনো কোনোটিতে প্রায় পুরো পরিবারের সদস্য এবং নবদম্পতিও নিহত হয়েছে। গত ২১ মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে, ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মানদীতে গিয়ে পড়ে। এতে প্রায় ২৬ জন নিহত হয়েছে। গত শুক্রবার রাত পৌনে আটটার দিকে টাঙ্গাইলের কালিহাতিতে রেল ক্রসিংয়ের উপর বাস থেমে যাওয়ায় ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে।

সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা বৃদ্ধি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারাবছরই দেশে দুর্ঘটনা ঘটে। প্রায় প্রতি মাসে সেসব দুর্ঘটনার পরিসংখ্যান যাত্রী কল্যাণ সংস্থাসহ সরকারি সংস্থাগুলো দিয়ে থাকে। এসব দুর্ঘটনার সংবাদে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। তবে নতুন সরকারের যাত্রা শুরুর কালে বিশেষ করে ঈদযাত্রার দুর্ঘটনাকে মানুষ বিশেষ দৃষ্টিতে দেখে। ব্যর্থতা হিসেবেও দেখে। অথচ দেশে দুর্ঘটনা নিয়মিত ঘটছে। দুর্ঘটনায় শুধু মানুষের প্রাণ যায় না, মানুষের পরিবারেরও দুর্গতির সীমাপরিসীমা থাকে না। একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি যখন দুর্ঘটনায় নিহত বা চিরতরে পঙ্গু হয়ে যায়, তখন সেই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায়, দিশাহারা হয়ে পড়ে। দুর্ঘটনায় সবশ্রেণীর মানুষের মৃত্যু হয়।

খেটে খাওয়া মানুষ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষার্থী, কৃষিজীবী, ব্যবসায়ী, চাকুরিজীবী, সাংবাদিক, আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ অন্যান্য পেশার মানুষ দুর্ঘটনার শিকার হয়। এতে যে শুধু পরিবারের ক্ষতি হচ্ছে তা নয়, দেশেরও প্রভূত ক্ষতি হচ্ছে। এসব পেশার মানুষ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিয়োজিত থাকে। একজনের মৃত্যু মানে তার কর্ম ও উপার্জন বন্ধ হয়ে যায়। আহত হলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। আহত মানুষ পরিবারের বোঝায় পরিণত হয়। পরিসংখ্যান অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ৩৫ হাজার মানুষ মৃত্যুবরণ করে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় জিডিপির প্রায় ১.৫ শতাংশ ক্ষতি হয়। টাকার অংকে এ ক্ষতির পরিমান প্রায় ১০ হাজার কোটি টাকা। এ ক্ষতি বিপুল।

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ বা হ্রাসে বিশেষজ্ঞরা বহু পরিকল্পনা ও পরামর্শ দিয়েছেন। তাতে খুব বেশি কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। কাজ হলে দুর্ঘটনার হার হ্রাস পেত। বলা বাহুল্য, সড়ক, রেল ও পানিপথে শৃঙ্খলা ও নিয়ম মানার বালাই থাকে না। সড়ক দুর্ঘটনার কারণ বহু আগেই চিহ্নিত হয়ে আছে। চালকের বেপরোয়া মনোভাব, যথাযথ ড্রাইভিং লাইসেন্স না থাকা, ওভারটেকিং, চালকদের গ্রুমিংয়ের অভাব, একাধিক ট্রিপ দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়া, বিশ্রামের সুযোগ কম থাকা, ঘুম চোখে ড্রাইভিং, ড্রাইভারদের মাদকাসক্তি, হেলপারদের দিয়ে গাড়ি চালানো, সড়কের দুই পাশে অবৈধ বাজার থাকা, মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলার জাতীয় ধীরগতির যান চলা, ছুটির দিনগুলোতে গন্তব্যে দ্রুত পৌঁছতে প্রতিযোগিতা করা, ত্রুটিপূর্ণ যানবাহন ইত্যাদি। এসব কারণ রয়েছে, তবে প্রতিকার হচ্ছে খুব কম। ফলে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ন্ত্রণ ও হ্রাস করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা বেশি ঘটছে। রেল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দেশে ১৪৬৮টি বৈধ এবং ১৩২১টি অনুমোদনহীন রেল ক্রসিং রয়েছে। বৈধ রেল ক্রসিংয়ের ৬৬৪টিতে গার্ড রয়েছে, বাকিগুলোতে নেই। আর অনুমোদনহীন রেল ক্রসিংয়ের ৯০৪টিতে গার্ড রয়েছে, বাকিগুলোতে নেই। ফলে গার্ডবিহীন এবং যেসব রেলক্রসিংয়ে গার্ড রয়েছে, সেগুলোর কোনো কোনোটিতে গার্ডদের অবহেলার জন্য দুর্ঘটনা ঘটে থাকে। কুমিল্লায় যে বাস-ট্রেনের সংঘর্ষ হয়, সেখানে গার্ড থাকলেও দুর্ঘটনা ঘটার আগে গার্ড ছিল না।

সড়কসহ সব ধরনের যানবাহনের দুর্ঘটনা কমাতে সচেতনতার বিকল্প নেই। এই সচেতনতা শুরু করতে হবে যানবাহন মালিক ও চালকদের মধ্য থেকে। ত্রুটিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়কে না নামানো, চালকদের যথাযথ ড্রাইভিং লাইসেন্স এবং মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা, তা নিশ্চিত করতে হবে। তাদের মনে রাখা উচিত, তাদের সুস্থ মানসিকতা ও শৃঙ্খলার মাধ্যমে অসংখ্য যাত্রীর প্রাণ রক্ষা পেতে পারে। দুর্ঘটনা থেকে বেঁচে থাকা একজন কর্মজীবীর পরিবার রক্ষা পেতে পারে। সরকারের উচিৎ, সড়ক থেকে শুরু করে যানবাহন সঠিকভাবে চলাচল নিশ্চিত করা। ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। সড়ককে সবসময় মসৃণ রাখা এবং সড়কের বিপজ্জনক বাঁক, দুর্ঘটনা প্রবণ এলাকার সমস্যার নিরসন করা। সড়কের নিয়ম মেনে চলতে সকলকে বাধ্য করা। অনুমোদনহীন ও অপ্রয়োজনীয় রেল ক্রসিং বন্ধ করতে হবে। রেল ক্রসিংয়ে গার্ডদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যাত্রীদেরও সচেতন হতে হবে। বুঝেশুনে যাতায়াত করতে হবে। গাড়ির চালক বেপরোয়া হয়ে উঠলে, তাকে নিবৃত্ত করতে হবে। চালক ও যাত্রীদের মনে রাখতে হবে, দ্রুত যাত্রা করে দুর্ঘটনার শিকার হওয়ার চেয়ে, ধীরেসুস্থে নিরাপদে গন্তব্যে পৌঁছা ভালো।